বাসে ‘জয় বাংলা’ স্লোগানে বাধ্য করার অভিযোগ, যে ব্যাখ্যা দিলেন ঢাকা কলেজ ছাত্রদলের সাবিদ
বড় ভাই ঢাকা বিশ্ববিদ্যালয় বিজয় একাত্তর হল ছাত্রলীগের সঙ্গে সম্পৃক্ত থাকায় ৫ আগস্ট পরবর্তী সময়ে বিভিন্নভাবে হয়রানি ও শিক্ষাজীবন ব্যাহত করার চেষ্টা করা হয়েছে বলে দাবি করেছেন ঢাকা কলেজের শিক্ষার্থী সাবিদ হাসান। এ পরিস্থিতিতে ঢাকা কলেজ ছাত্রদলের সদস্য সচিব মিল্লাদ হোসেনের সঙ্গে বিষয়টি নিয়ে আলোচনা করলে, অতীতে কোনো রাজনৈতিক সম্পৃক্ততা না থাকলে তাঁর শিক্ষাজীবন ব্যাহত না হওয়ার আশ্বাস পান বলে জানিয়েছেন তিনি। সম্প্রতি তার বিরুদ্ধে বাসযাত্রীদের জোর করে জয় বাংলা বলার অভিযোগ ওঠে।
রোববার (২২ নভেম্বর) রাত ৮ টায় নিজের ফেসবুক পোস্টে এসব কথা তুলে ধরেন সাবিদ হাসান। একই পোস্টে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া কয়েকটি ছবি এবং তাঁর রাজনৈতিক সম্পৃক্ততা নিয়েও নিজের অবস্থান ব্যাখ্যা করেন তিনি।
তিনি লিখেন, আমি সাবিদ হাসান মিয়া, আমার বাড়ি গোপালগঞ্জ। আমি ২৩-২৪ সেশনে ঢাকা কলেজে ভর্তি হই। আমার ভাই ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেছেন এবং বিজয় একাত্তর হল ছাত্রলীগের সঙ্গে সম্পৃক্ত ছিলেন। সে সুবাদে আমার ঢাকা বিশ্ববিদ্যালয়ে যাতায়াত রয়েছে। ৫ তারিখ-পরবর্তী সময়ে আমার ভাইয়ের রাজনৈতিক পরিচয়ের কারণে আমার ওপর শিবির ও এনসিপির আক্রোশ তৈরি হয় এবং তারা নানাভাবে আমার শিক্ষাজীবন ব্যাহত করার চেষ্টা করে।
পরবর্তীতে আমি খুব সাবধানতার সঙ্গে ক্যাম্পাসে শিক্ষাজীবন অতিবাহিত করতে থাকি, কিন্তু সমস্যাটা দিন দিন প্রকট হয়। তখন আমার এক বন্ধুর মাধ্যমে এ বিষয়টি ঢাকা কলেজ ছাত্রদলের সদস্য সচিব মিল্লাদ ভাইয়ের সঙ্গে দেখা করে আলোচনা করি। তিনি আমাকে আশ্বাস দেন যে, আমি যদি পূর্বে কোনো রাজনীতির সঙ্গে জড়িত না থাকি, তাহলে আমার শিক্ষাজীবন ব্যাহত হবে না। তার সঙ্গে আমার কোনো রাজনৈতিক সম্পর্ক নেই।
আমার জন্মদিনে আমার বন্ধুবান্ধব ক্যাম্পাসে কেক কাটার অবস্থায় সেখানে মিল্লাদ ভাই অতিক্রম করছিলেন। হঠাৎ জটলা দেখে তিনি সেখানে জিজ্ঞাসা করেন, এখানে কী হচ্ছে? তখন আমার বন্ধুবান্ধব বলে, সাবিদের জন্মদিন। তখন পরিস্থিতি বিবেচনায় তিনি আমার মুখে কেক তুলে দেন।
আমার আরও একটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়েছে, যেখানে আমার সঙ্গে আমার অনেক বন্ধুবান্ধব রয়েছে। এটা কোনো রাজনৈতিক প্রোগ্রামের ছবি নয়। আমাদের এক সহপাঠীকে এনসিপি ও শিবিরের ছেলেরা মব করে পুলিশের হাতে তুলে দেয়। আমরা সবাই মিলে থানা থেকে তাকে ছাড়িয়ে আনতে যাওয়ার সময়ের ছবি এটি।
আমি গোপালগঞ্জের সন্তান। আমার বড় ভাই রাজনীতিতে অনেক নির্যাতন সহ্য করেছেন। আমার পরিবার, বিশেষ করে আমার মায়ের কষ্ট বিবেচনা করে আমি রাজনীতিতে না জড়ানোর সিদ্ধান্ত নিয়েছিলাম। কিন্তু গত দুই বছর আমাদের গোপালগঞ্জবাসীর ওপর যে অত্যাচার করা হয়েছে, আমি সেটা দেখে বিবেকের তাড়নায় নিজেকে স্থির রাখতে পারিনি এবং আমি আওয়ামী লীগের কর্মসূচিতে অংশ নিই।
আমার মাটি, আমার জন্মভূমির প্রশ্নে আমি আপোষহীন। ১৭ নভেম্বর যখন শরিয়তপুরে বাস থামিয়ে আমাদের গোপালগঞ্জের মানুষের ঠিকানা যাচাই করা হচ্ছিল, তারই প্রতিবাদস্বরূপ আমরা ১৮ নভেম্বর বিক্ষোভ মিছিলের সময়ে আমি এবং আমাদের কিছু এলাকার ছেলেপেলে মিলে বাসে তল্লাশি করি। এটা ছিল শুধুমাত্র প্রতিবাদের ভাষা।
আমি ঢাকা কলেজ ছাত্রদলের কোনো সাংগঠনিক কমিটিতে নেই। কিংবা মিডিয়া আমার সঙ্গে যোগাযোগ না করে, আমাকে নিয়ে মিডিয়া ট্রায়াল যেভাবে হচ্ছে, তাতে আমার জীবন হুমকির মুখে। নিজেকে প্রকাশ করা এবং আমার বিরুদ্ধে অপপ্রচারের বিরুদ্ধে তীব্র নিন্দা জানাই।
পরিশেষে বলতে চাই, আমি বাঙালি, আমি মুসলমান। মৃত্যু যদি আসে, তবে আলিঙ্গন করতে আমার দ্বিধা নেই। তবে আমার জন্মভূমি, আমার বঙ্গবন্ধুর প্রতি আমি আজীবন আপোষহীনভাবে রয়ে যাব।