১৬ নভেম্বর ২০২৬, ১৮:২৩

জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য ২ হাজার কম্পিউটার ল্যাব স্থাপনের উদ্যোগ

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানে প্রায় ২ হাজার কম্পিউটার ল্যাব স্থাপন করা হবে  © সংগৃহীত ও সম্পাদিত

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানে প্রায় ২ হাজার কম্পিউটার ল্যাব স্থাপনের পরিকল্পনা নিয়েছে সরকার। এ লক্ষ্যে একটি প্রকল্পের সংশোধিত উন্নয়ন প্রকল্প প্রস্তাব (আরডিপিপি) পরিকল্পনা মন্ত্রণালয়ে প্রণয়ন করা হয়েছে। প্রকল্পটি বাস্তবায়িত হলে সারা দেশের নির্বাচিত শিক্ষা প্রতিষ্ঠানে এসব ল্যাব স্থাপন করা হবে।

সোমবার (১৬ নভেম্বর) জাতীয় সংসদে এক প্রশ্নের জবাবে ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তিমন্ত্রী ফকির মাহবুব আনাম এ তথ্য জানান।

সংসদে বাগেরহাট-২ আসনের সংসদ সদস্য শেখ মনজুরুল বলেন,  ‘ডাক টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ মন্ত্রী মহোদয় অনুগ্রহ করিয়া বলিবেন কি? বর্তমানে সরকার জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে সকল বিএ ডিগ্রি ও অনার্স বিষয়ের ছাত্রছাত্রীদের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইসিটি বিষয় আবশ্যিক করিয়াছেন। কলেজগুলোতে ল্যাব না থাকায় শিক্ষা ব্যাহত হইতেছে। বিধায় নতুন করিয়া ল্যাব স্থাপনের পরিকল্পনা আছে কি?’

এর জবাবে ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনাম বলেন, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের আওতাধীন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তর ‘শিক্ষা প্রতিষ্ঠান ডিজিটাল ল্যাব স্থাপন’ প্রকল্প বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হয়েছে। এ প্রকল্পের আওতায় সারা দেশে প্রায় ২ হাজার শিক্ষাপ্রতিষ্ঠানে কম্পিউটার ল্যাব স্থাপনের লক্ষ্যে বর্তমানে পরিকল্পনা মন্ত্রণালয়ে আরডিপিপি প্রণয়ন করা হয়েছে।

মন্ত্রী আরও বলেন, ‘ইনশাল্লাহ আমরা যখনই এই ল্যাবগুলো আমাদের হাতে পাব, তখনই যেসব স্কুল-কলেজ আমাদের কাছে ডিও (আধা সরকারি পত্র) দিয়েছে, তাদের কাছে ইনশাল্লাহ পৌঁছে দেব।’