এনএসইউতে তরুণদের পরিবেশবান্ধব উদ্ভাবনে এনএসইউ-ব্র্যাক গ্রিনোভেশন চ্যালেঞ্জের পুরস্কার পেল চার দল
নর্থ সাউথ ইউনিভার্সিটি (এনএসইউ) ৪ নভেম্বর বিশ্ববিদ্যালয়ের মেইন অডিটোরিয়ামে গ্রিনোভেশন চ্যালেঞ্জ ২০২৬–২০২৭-এর চূড়ান্ত উপস্থাপনা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করে। পরিবেশগত সমস্যা মোকাবিলায় উদ্ভাবনী ধারণার স্বীকৃতি দিতে স্কুল ও বিশ্ববিদ্যালয় পর্যায়ের চারটি বিজয়ী দলকে এ অনুষ্ঠানে পুরস্কৃত করা হয়। ‘তরুণদের ভাবনা থেকে কমিউনিটির উদ্যোগ’ (From Youth Ideas to Community Action) প্রতিপাদ্যে আয়োজিত এ উদ্যোগের লক্ষ্য তরুণদের উদ্ভাবনী ধারণাকে বাস্তবভিত্তিক প্রকল্পে রূপ দেওয়া।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ব্র্যাকের নির্বাহী পরিচালক আসিফ সালেহ, নেসলে বাংলাদেশ পিএলসির মানবসম্পদ ও করপোরেট অ্যাফেয়ার্স বিভাগের পরিচালক হোসনে আরা লোমা, এবং নর্থ সাউথ ইউনিভার্সিটির উপ-উপাচার্য অধ্যাপক নেছার ইউ. আহমেদ। তিনি অনুষ্ঠানে সভাপতিত্ব করেন।
অনুষ্ঠানে আসিফ সালেহ বলেন, কোনো উদ্ভাবনের সাফল্য প্রতিযোগিতায় স্বীকৃতি পাওয়ার মধ্যেই সীমাবদ্ধ নয়; বরং বাস্তবে তার প্রয়োগ এবং দীর্ঘমেয়াদি প্রভাবের ওপরই এর সাফল্য নির্ভর করে। তিনি বলেন, “বাংলাদেশে উদ্ভাবনবিষয়ক প্রতিযোগিতার অভাব নেই। তবে আমাদের মূল চ্যালেঞ্জ হলো, বিজয়ী ধারণাগুলোকে এমন সমাধানে রূপ দেওয়া, যা মানুষের জীবনমান উন্নয়নে ভূমিকা রাখতে পারে।”
অধ্যাপক নেছার ইউ. আহমেদ বলেন, “পরিবেশ সুরক্ষা কেবল পরিবেশগত বিষয় নয়; এটি মানবজাতি ও ভবিষ্যৎ প্রজন্মের প্রতি আমাদের দায়িত্ব। টেকসই উন্নয়ন এখন আর কোনো ঐচ্ছিক বিষয় নয়, বরং এটি অপরিহার্য।” উদ্ভাবন ও বাস্তবভিত্তিক উদ্যোগের মাধ্যমে পরিবেশ সুরক্ষায় তরুণদের সম্পৃক্ত করার গুরুত্বও তুলে ধরেন তিনি।
বিশ্ববিদ্যালয় পর্যায়ে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) দল ‘ReBorn’ চ্যাম্পিয়ন এবং ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের দল ‘EcoBond Bricks’ রানারআপ হয়েছে। ‘ReBorn’ দলের উদ্ভাবনটি ছিল খাদ্যপণ্যের বর্জ্য মোড়ক থেকে ব্যাগ ও অন্যান্য সামগ্রী তৈরির উদ্যোগ। অন্যদিকে, ‘EcoBond Bricks’ বর্জ্য উপকরণ ব্যবহার করে বিকল্প নির্মাণসামগ্রী তৈরির প্রস্তাব দেয়। স্কুল পর্যায়ে ইন্টারন্যাশনাল হোপ স্কুল বাংলাদেশের ‘Measure Before You Change’ দল চ্যাম্পিয়ন এবং স্কলাস্টিকার ‘Eco Club & Sustainability’ দল রানারআপ হয়। স্কুল পর্যায়ের বিজয়ী দলটি বিদ্যালয়ের বর্জ্য, পানি, জ্বালানি, কাগজের ব্যবহার ও সবুজায়ন পর্যবেক্ষণের জন্য একটি অনলাইন পরিবেশগত মূল্যায়ন ব্যবস্থা তৈরি করে। বিজয়ী দলগুলোকে ৭৫ হাজার টাকা এবং রানারআপ দলগুলোকে ৫০ হাজার টাকা করে পুরস্কার দেওয়া হয়।
গ্রিনোভেশন চ্যালেঞ্জ ২০২৬–২০২৭-এ দেশের ৭২টি শিক্ষাপ্রতিষ্ঠান থেকে মোট ১৯৯টি আবেদন জমা পড়ে। এতে প্রায় ৩৬৩ জন তরুণ অংশ নেয়। প্রাথমিক যাচাই-বাছাই শেষে চূড়ান্ত পর্বে উপস্থাপনার জন্য ১২টি দল নির্বাচিত হয়। এর মধ্যে স্কুল পর্যায়ের পাঁচটি এবং বিশ্ববিদ্যালয় পর্যায়ের সাতটি দল ছিল। এ আয়োজনে তরুণদের উদ্ভাবনী উদ্যোগ তুলে ধরতে ‘Greenovation Connect’ এবং ‘Stories from the Coastal South’ শিরোনামে একটি নাট্য পরিবেশনাও অনুষ্ঠিত হয়।
ব্র্যাকের ক্লাইমেট অ্যান্ড এনভায়রনমেন্টাল ইনোভেশন প্রোগ্রামের (CEIP) উদ্যোগে নর্থ সাউথ ইউনিভার্সিটির আর্থ ক্লাবের সহযোগিতায় এ আয়োজন করা হয়। মেন্টরশিপ, কারিগরি দিকনির্দেশনা এবং কমিউনিটিভিত্তিক বাস্তবায়নের মাধ্যমে তরুণদের পরিবেশবিষয়ক ধারণাগুলোকে কার্যকর সমাধানে রূপ দেওয়াই এ উদ্যোগের মূল লক্ষ্য।