১৪ জুলাই ২০২৬, ১২:৪২

সড়ক দুর্ঘটনায় কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আহত

কাজী সাজ্জাদুর রহমান মাহি  © সংগৃহীত

বাড়ি থেকে বিশ্ববিদ্যালয়ে আসার পথে সড়ক দুর্ঘটনায় কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) এক শিক্ষার্থী আহত হয়েছেন। বর্তমানে তিনি কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।

আহত শিক্ষার্থী হলেন বিশ্ববিদ্যালয়ের ব্যবস্থাপনা শিক্ষা বিভাগের ২০২৪-২৫ শিক্ষাবর্ষের শিক্ষার্থী কাজী সাজ্জাদুর রহমান মাহি। তার বাড়ি কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলায়।

জানা গেছে, কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার সোয়াগাজী এলাকায় একটি কার্গো যানবাহনের সঙ্গে মদিনা পরিবহনের একটি বাসের সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে। আহত শিক্ষার্থী ওই বাসের যাত্রী ছিলেন। একই বাসের আরেকজন যাত্রী নিহত হয়েছে বলেও জানা গেছে।

ব্যবস্থাপনা শিক্ষা বিভাগের প্রধান অধ্যাপক জি এম আজমল আলী কাউসার বলেন, ‘আমি খোঁজ নিয়েছি। বিভাগের একজন শিক্ষার্থী দুর্ঘটনায় আহত হয়েছেন। সহপাঠীরা তাকে হাসপাতালে ভর্তি করেছেন এবং চিকিৎসা চলছে।’

আহত শিক্ষার্থীর বন্ধু আবির বলেন, ‘তার নাক ফেটে গেছে এবং দাঁতের মাড়িতেও আঘাত লেগেছে। আমরা এখন কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে আছি।’