২৬ জুন ২০২৬, ০৭:৪৬

ডিগ্রি ৩য় বর্ষের ফরম পূরণের সময় আবারও বাড়াল জাতীয় বিশ্ববিদ্যালয়

জাতীয় বিশ্ববিদ্যালয়  © টিডিসি সম্পাদিত

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০২৪ সালের ডিগ্রি (পাস) ও সার্টিফিকেট কোর্স তৃতীয় বর্ষ পরীক্ষার ফরম পূরণের সময়সীমা আবারও বৃদ্ধি করা হয়েছে। নতুন সময়সূচি অনুযায়ী, পরীক্ষার্থীদের অনলাইনে আবেদন, কলেজে ফরম জমা, তথ্য নিশ্চয়ন এবং পরীক্ষার ফি জমাসহ সব কার্যক্রম নির্ধারিত সময়ের মধ্যে সম্পন্ন করতে হবে।

জাতীয় বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক মো. এনামুল করিম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তি অনুযায়ী, শিক্ষার্থীরা আগামী ২৮ জুন থেকে ৩০ জুন ২০২৬ পর্যন্ত অনলাইনে আবেদন ফরম পূরণ, কলেজে ফরম জমা এবং কলেজ কর্তৃক শিক্ষার্থীদের তথ্য (ডাটা) নিশ্চয়নের কার্যক্রম সম্পন্ন করতে পারবেন।

এ ছাড়া কলেজগুলো ১ জুলাই থেকে ২ জুলাই ২০২৬ পর্যন্ত সোনালী সেবার মাধ্যমে পরীক্ষার ফি জমা দিতে পারবে।

জাতীয় বিশ্ববিদ্যালয় জানিয়েছে, পূর্বে প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী যেসব কলেজ ফরম পূরণ, ডাটা নিশ্চয়ন, পে-স্লিপ ডাউনলোড কিংবা সোনালী সেবার মাধ্যমে ফি জমাসহ সংশ্লিষ্ট কার্যক্রম সম্পন্ন করতে পারেনি, তারাও বর্ধিত সময়ের মধ্যে এসব কাজ শেষ করার সুযোগ পাবে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, নির্ধারিত সময়সীমা শেষ হওয়ার পর ফরম পূরণের সব কার্যক্রম স্বয়ংক্রিয়ভাবে বন্ধ হয়ে যাবে। তাই পরীক্ষার্থী ও সংশ্লিষ্ট কলেজ কর্তৃপক্ষকে নির্ধারিত সময়ের মধ্যেই প্রয়োজনীয় সব কার্যক্রম সম্পন্ন করার জন্য অনুরোধ জানানো হয়েছে।

জাতীয় বিশ্ববিদ্যালয় আরও জানিয়েছে, গত ১৭ মে ২০২৬ প্রকাশিত মূল বিজ্ঞপ্তির অন্যান্য শর্তাবলি অপরিবর্তিত থাকবে।