কিউএস র্যাঙ্কিংয়ে এবারও দেশসেরা ঢাবি, তালিকায় আরও এক ডজন বিশ্ববিদ্যালয়
যুক্তরাজ্যভিত্তিক শিক্ষা ও গবেষণা সংস্থা কোয়াককোয়ারেলি সায়মন্ডসের (কিউএস) বিশ্বসেরা বিশ্ববিদ্যালয়ের র্যাঙ্কিং প্রকাশিত করেছে। এতে দেশের আটটি পাবলিক বিশ্ববিদ্যালয়সহ মোট ১৩টি উচ্চশিক্ষা প্রতিষ্ঠান স্থান করে নিয়েছে। আজ বৃহস্পতিবার (১৮ জুন) কিউএস ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র্যাঙ্কিং-২০২৭ প্রকাশিত হয়েছে।
বিশ্বসেরা ৬০০ বিশ্ববিদ্যালয়ের তালিকায় স্থান পেয়ে এবারও দেশসেরা তালিকায় অবস্থান করছে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি)। আর দ্বিতীয় স্থানে রয়েছে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়- বুয়েট (৭১১-৭২০)। তালিকায় সেরা এক হাজার বিশ্ববিদ্যালয়ের মধ্যে নর্থ সাউথ ইউনিভার্সিটিরও (৯০১-৯৫০) স্থান হয়েছে। দেশে বিশ্ববিদ্যালয়টির অবস্থান তৃতীয়। ২০২৬ সালের র্যাঙ্কিংয়েও এই তিনটি বিশ্ববিদ্যালয় সেরা এক হাজারের তালিকায় ছিল।
এবারের র্যাঙ্কিংয়ে মোট ১৩টি বিশ্ববিদ্যালয়ে স্থান হয়েছে। এরমধ্যে আটটি সরকারি বিশ্ববিদ্যালয়, চারটি বেসরকারি বিশ্ববিদ্যালয় এবং বাকি একটি আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয়।
তালিকায় থাকা বাকি বিশ্ববিদ্যালয়গুলো হলো যথাক্রমে- ব্র্যাক ইউনিভার্সিটি (চতুর্থ), ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি (পঞ্চম), আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি (ষষ্ঠ), বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (সপ্তম), চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (অষ্টম), ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজি (নবম), জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (দশম), খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (১১তম), শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (১২তম) এবং রাজশাহী বিশ্ববিদ্যালয় (১৩তম)।
প্রতিবছর জুন মাসে ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র্যাঙ্কিং প্রকাশ করে আসছে কিউএস। এবার র্যাঙ্কিংয়ে বিশ্বের বিভিন্ন দেশের ১ হাজার ৫০৪টি বিশ্ববিদ্যালয়ের স্থান হয়েছে।