উচ্চশিক্ষায় দক্ষতা, গবেষণা ও উদ্ভাবনে গুরুত্ব দিচ্ছে সরকার
বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) সদস্য অধ্যাপক ড. মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন বলেছেন, সরকার উচ্চশিক্ষা, দক্ষতা উন্নয়ন এবং প্রযুক্তিনির্ভর মানবসম্পদ গঠনে গুরুত্ব দিচ্ছে। শিক্ষা খাতে বরাদ্দ বৃদ্ধি, সৃজনশীল অর্থনীতিতে বিনিয়োগ এবং উদ্ভাবনী উদ্যোগকে উৎসাহিত করার লক্ষ্যও সেই প্রচেষ্টার অংশ। গবেষণার ফল যেন সমাজ ও শিল্পখাতের বাস্তব সমস্যার সমাধানে কাজে লাগে, সে বিষয়ে বিশ্ববিদ্যালয়গুলোকে আরও সক্রিয় ভূমিকা নিতে হবে।
বুধবার (১৭ জুন) পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পাবিপ্রবি) আয়োজিত ‘ইন্টারন্যাশনাল কনফারেন্স অন পাওয়ার, ইলেকট্রনিকস, কমিউনিকেশনস, কম্পিউটিং অ্যান্ড ইন্টেলিজেন্ট ইনফ্রাস্ট্রাকচার (পিইসিসিআইআই-২০২৬)’–এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ইউজিসি সদস্য প্রফেসর মামুন উচ্চশিক্ষাকে সময়োপযোগী ও প্রযুক্তিনির্ভর করতে গবেষণা, উদ্ভাবন এবং দক্ষতা উন্নয়নের ওপর গুরুত্বারোপ করেন।
তিনি বলেন, শিক্ষা খাতে বিনিয়োগ বৃদ্ধি এবং গবেষণাবান্ধব পরিবেশ তৈরির মাধ্যমে দেশের তরুণদের বৈশ্বিক প্রতিযোগিতার উপযোগী করে গড়ে তুলতে হবে।
ড. মামুন বলেন, বর্তমান বিশ্ব দ্রুত প্রযুক্তিগত রূপান্তরের মধ্য দিয়ে যাচ্ছে। কৃত্রিম বুদ্ধিমত্তা, মেশিন লার্নিং, স্মার্ট অবকাঠামো, উন্নত যোগাযোগব্যবস্থা ও স্মার্ট জ্বালানি প্রযুক্তি অর্থনীতি ও সমাজকে নতুনভাবে বিন্যস্ত করছে। এ বাস্তবতায় বিশ্ববিদ্যালয়গুলোকে শুধু জ্ঞানচর্চার কেন্দ্র হিসেবে নয়, উদ্ভাবন ও গবেষণার চালিকাশক্তি হিসেবেও গড়ে তুলতে হবে।
তিনি আরও বলেন, বহুমাত্রিক গবেষণা, আন্তর্জাতিক সহযোগিতা এবং বিশ্ববিদ্যালয়-শিল্পখাতের অংশীদারত্ব বর্তমান সময়ের অন্যতম প্রয়োজন। আন্তর্জাতিক সম্মেলনগুলো গবেষকদের মধ্যে জ্ঞানবিনিময়, নতুন সহযোগিতা এবং গবেষণার বৈশ্বিক নেটওয়ার্ক তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
শিক্ষার্থীদের উদ্দেশে ড. মামুন বলেন, দেশের ভবিষ্যৎ নির্ভর করছে তাদের সৃজনশীলতা, উদ্ভাবনী সক্ষমতা এবং বাস্তব সমস্যার সমাধান করার দক্ষতার ওপর। তাই তাঁদের গবেষণা ও প্রযুক্তিনির্ভর জ্ঞান অর্জনে আরও বেশি মনোযোগী হতে হবে।
উপাচার্য অধ্যাপক ড. আবুল হাসনাত মো. শামীমের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. একেএম মতিনুর রহমান। এ ছাড়া বক্তব্য দেন উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. নজরুল ইসলাম, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. শামীম আহসান এবং পল্লী উন্নয়ন একাডেমি (আরডিএ), বগুড়ার ভারপ্রাপ্ত মহাপরিচালক ড. মো. আব্দুল মজিদ প্রামানিক।