বিএমইউতে অটিজমে আক্রান্ত শিশুদের পরিবারকেন্দ্রিক ব্যবস্থাপনা বিষয়ক কর্মশালা
অটিজমে আক্রান্ত শিশুদের সঠিক বিকাশ ও ব্যবস্থাপনায় পরিবারকে সক্রিয়ভাবে সম্পৃক্ত করার লক্ষ্যে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) ইনস্টিটিউট অব পেডিয়াট্রিক নিউরোডিসঅর্ডার অ্যান্ড অটিজমের (ইপনা) উদ্যোগে এক বিশেষ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৮ নভেম্বর) ‘ওয়ার্কশপ অন ফ্যামিলি সেন্টার্ড ম্যানেজমেন্ট অব চিলড্রেন উইথ অটিজম স্পেকট্রাম ডিসঅর্ডার’ শীর্ষক এ কর্মশালার আয়োজন করা হয়।
অনুষ্ঠানে ইপনার পরিচালক অধ্যাপক ডা. কাজী আশরাফুল ইসলামের সভাপতিত্বে উপস্থিত ছিলেন অধ্যাপক ডা. সৈয়দা তাবাসসুম আলম, অধ্যাপক ডা. কানিজ ফাতেমা, ডা. সানজিদা আহমেদ, ডা. বিকাশ চন্দ্র পাল, ডা. রেবেকা সুলতানা এবং প্রতিষ্ঠানের সিনিয়র চাইল্ড থেরাপিস্টবৃন্দ।
কর্মশালায় অটিজমে আক্রান্ত শিশুদের অভিভাবকদের ব্যবহারিক জ্ঞান ও দক্ষতা বৃদ্ধিতে হাতে-কলমে প্রশিক্ষণ প্রদান করা হয়। ব্যবহারিক সেশনগুলো যৌথভাবে পরিচালনা করেন অভিজ্ঞ থেরাপিস্ট মুনিরা আক্তার, তানমি আক্তার ও সোমা রানী নন্দী। সেশনগুলোতে শিশুদের চ্যালেঞ্জিং আচরণ ব্যবস্থাপনা, টয়লেট ট্রেনিং, সঠিক খাদ্যাভ্যাস গড়ে তোলা এবং বিভিন্ন আধুনিক থেরাপিউটিক কৌশল শেখানো হয়। এ ছাড়া দলীয় কার্যক্রম, পারস্পরিক অভিজ্ঞতা বিনিময় ও অংশগ্রহণকারীদের উপস্থাপনার সুযোগ ছিল।
সমাপনী বক্তব্যে চিকিৎসকেরা জানান, অভিভাবক, চিকিৎসক ও থেরাপিস্টদের সমন্বিত প্রচেষ্টাই পারে অটিজমে আক্রান্ত শিশুর যোগাযোগ, আচরণ, সামাজিক দক্ষতা ও সামগ্রিক বিকাশে ইতিবাচক পরিবর্তন এনে তাদের স্বনির্ভর করে গড়ে তুলতে। পরিবারকে সঙ্গে নিয়ে এই শিশুদের সম্ভাবনা বিকশিত করাই এ কর্মশালার মূল লক্ষ্য।