২৯ নভেম্বর ২০২৬, ১৫:৫৫

দেশে এক বছরে এইচআইভিতে ২৮৫ জনের মৃত্যু, আক্রান্ত বেশি তিন শ্রেণির মানুষ

আক্রান্তদের মধ্যে তিনটি শ্রেণি বেশি দেখা গেছে, এর মধ্যে অর্ধেকই সমকামী পুরুষ জনগোষ্ঠী  © এআই

গত এক বছরে দেশে নতুন করে ২ হাজার ৩০৫ জনের শরীরে এইচআইভি শনাক্ত হয়েছে, যা আগের বছরের তুলনায় ২২% বেশি। একই সময়ে মারা গেছে ২৮৫ জন। এক বছরে মৃত্যুর সংখ্যা দেশের ইতিহাসে এটি সর্বোচ্চ। এ ছাড়া নতুন শনাক্তদের মধ্যে পুরুষ সমকামী ৫০ শতাংশ এবং পুরুষ যৌনকর্মী রয়েছেন ১০ শতাংশ। সব মিলিয়ে এই দুই শ্রেণির মধ্যে শনাক্তের হার গত বছর ৪৯% থেকে বেড়ে এ বছর ৬০% হয়েছে, যার বড় অংশ যুবক ও ছাত্র।

এ ছাড়া আক্রান্তদের মধ্যে ১১ শতাংশ রয়েছেন বিদেশফেরত পরিবারের সদস্য ও তাদের পরিবার। ফলে এই তিন শ্রেণিতেই সর্বোচ্চ ৭১ শতাংশ এইচআইভি আক্রান্ত রয়েছেন।

আজ রবিবার (২৯ নভেম্বর) স্বাস্থ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে এক প্রেস ব্রিফিংয়ে নভেম্বর ২০২৫ থেকে অক্টোবর ২০২৬ পর্যন্ত সময়ের এসব তথ্য জানানো হয়েছে। এ সময় স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বকুল, স্বাস্থ্য সেবা বিভাগের সচিব ড. আ ন ম বজলুর রশীদ, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. প্রভাত চন্দ্র বিশ্বাস ও অতিরিক্ত মহাপরিচালক (পরিকল্পনা ও উন্নয়ন) অধ্যাপক ডা. ফোয়ারা তাসমীম পামী প্রমুখ উপস্থিত ছিলেন।

স্বাস্থ্য অধিদপ্তরের জাতীয় এইডস ও এসটিডি কন্ট্রোল প্রোগ্রামের তথ্য অনুযায়ী, দেশে বর্তমানে ১৬ হাজার ৬১৮ জন শনাক্তকৃত এইচ‌আইভি আক্রান্ত ব্যক্তি রয়েছেন। তবে আনুমানিক ১৯ হাজার ৮৪৩ জন এইচআইভি আক্রান্ত থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। ফলে এখনো প্রায় ৩ হাজার ২০০ জন রয়েছেন, যারা জানেনই না যে তারা এই ভাইরাসে আক্রান্ত হয়েছেন।

তথ্য অনুযায়ী, এক বছরে সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের মাধ্যমে মোট ২৬ লক্ষ ৪৯ হাজার ৬৫৩ জনের এইচআইভি পরীক্ষা ও স্ক্রিনিং করা হয়েছে। এর মধ্যে ২ হাজার ৩০৫ জনের শরীরে এইচ‌আইভির উপস্থিতি পাওয়া গেছে।

নতুন শনাক্তদের মধ্যে পুরুষ ৮৫%, নারী ১৫% এবং হিজড়া জনগোষ্ঠী ১%। বৈবাহিক অবস্থা অনুযায়ী আক্রান্তদের মধ্যে ৪৮% বিবাহিত, ৪৮% অবিবাহিত, ১% বিধবা ও বিপত্নীক এবং ১% বিবাহবিচ্ছিন্ন বা এককভাবে বসবাস করেন। এছাড়া বয়সভিত্তিক বিশ্লেষণে ২৫-৪৯ বছর বয়সীদের হার ৬১% এবং ২০-২৪ বছর বয়সীদের হার ২৪%; অন্যান্য বয়সগোষ্ঠীর হার ১৫%।

পেশা ও আচরণ বিশ্লেষণে দেখা গেছে, পুরুষ সমকামী ৫০%, পুরুষ যৌনকর্মী ১০%, হিজড়া ১%, নারী যৌনকর্মী ১%, ইনজেকশনের মাধ্যমে মাদক গ্রহণকারী ৪%, রোহিঙ্গা জনগোষ্ঠী ৫%, বিদেশফেরত পরিবারের সদস্য ও তাদের পরিবার ১১% এবং অন্যান্য সাধারণ জনগোষ্ঠী ১৮%।

সর্বশেষ গত ছয় বছরের তথ্য বিশ্লেষণ করে দেখা গেছে, ২০২০ সালে নতুন এইচআইভি কেস পাওয়া গেছিল ৬৫৮ জনের মধ্যে এবং মৃত্যু হয়েছিল ১৪১ জনের। একইভাবে ২০২১ সালে কেস ৭২৯ জন ও মৃত্যু ২০৫ জন, ২০২২ সালে কেস ৯৪৭ জন ও মৃত্যু ২৩২ জন, ২০২৩ সালে কেস ১ হাজার ২৭৬ জন ও মৃত্যু ২৬৬ জন, ২০২৪ সালে কেস ১ হাজার ৪৩৮ জন ও মৃত্যু ১৯৫ জন এবং ২০২৫ সালে কেস ১ হাজার ৮৯১ জন ও মৃত্যু ছিল ২১৯ জনের।

এর মধ্যে শুধুমাত্র ২০২৫ সালেই নতুনভাবে ১ হাজার ৮৯১ জন এইচআইভি-পজিটিভ ব্যক্তি শনাক্ত হন, যাদের প্রায় ৫৬% বিভিন্ন ঝুঁকিপূর্ণ গোষ্ঠীর অন্তর্ভুক্ত। অবশিষ্ট আক্রান্তরা জোরপূর্বক বাস্তুচ্যুত রোহিঙ্গা জনগোষ্ঠী, অভিবাসী এবং অন্যান্য জনগোষ্ঠী থেকে এসেছেন।

প্রেস ব্রিফিংয়ে আয়োজকরা জানান, এই তথ্য থেকে বোঝা যায়, দেশে এইচআইভি এখনো সবার মধ্যে সমানভাবে ছড়িয়ে পড়েনি। এটি এখনো মূলত ঝুঁকিতে থাকা নির্দিষ্ট কিছু গোষ্ঠী আর পিছিয়ে থাকা মানুষের মধ্যেই বেশি ছড়াচ্ছে।

ব্রিফিংয়ে আরও জানানো হয়, আক্রান্ত ব্যক্তিকে তাৎক্ষণিকভাবে এইডস চিকিৎসাসেবার অন্তর্ভুক্ত করা অত্যন্ত জরুরি। কারণ, আক্রান্ত ব্যক্তি সঙ্গে সঙ্গে চিকিৎসা গ্রহণ করলে তার শরীরে ভাইরাসের মাত্রা নিয়ন্ত্রিত থাকে এবং তার থেকে অন্য মানুষের মধ্যে এটি ছড়ানোর ঝুঁকি কমে। এ বছরের তথ্যে দেখা গেছে, ২ হাজার ৩০৫ জন রোগীর মধ্যে ৮৭.৮% শতাংশ রোগী শনাক্ত হওয়ার পরপরই চিকিৎসা শুরু করেছেন।

আয়োজকরা বলছেন, নতুন রোগী বাড়ার একটা বড় কারণ হলো, এখন আগের চেয়ে অনেক বেশি মানুষের পরীক্ষা করা হচ্ছে। আর বিশেষ করে পুরুষ সমকামী ও পুরুষ যৌনকর্মীদের মধ্যে পরীক্ষার সংখ্যা বাড়ানো হয়েছে বলেই গত কয়েক বছরে তাদের মধ্যে বেশি রোগী ধরা পড়ছে।

উল্লেখ্য, আগামী ১ ডিসেম্বর বিশ্ব এইডস দিবস। সারা বিশ্বের ন্যায় বাংলাদেশেও এ দিবসটি উদযাপনের উদ্যোগ নেওয়া হয়েছে।। এইচআইভির কারণে মৃত ব্যক্তিদের স্মরণ এবং এ বিষয়ে জনসচেতনতা বৃদ্ধির জন্য ১৯৮৮ সাল থেকে বিশ্বে এ দিবসটি উদযাপিত হয়ে আসছে। এ বছরের বিশ্ব এইডস দিবসের প্রতিপাদ্য বিষয় হলো— সেবা বাড়াই, এইডস কমাই।

বাংলাদেশে সর্বপ্রথম ১৯৮৯ সালে এইচ‌আইভি সংক্রমণ শনাক্ত হয়। এরপর থেকে এখন পর্যন্ত সাধারণ জনগোষ্ঠীর মধ্যে এর সংক্রমণের হার ০.০১%-এর নিচে, যা স্থিতিশীল রয়েছে।