২৮ নভেম্বর ২০২৬, ১৮:০৩

অনুমোদনের অপেক্ষায় স্তন ক্যান্সার স্ক্রিনিং কর্মসূচির জাতীয় নির্দেশিকা

কনসেনসাস সভায় কমিটির সদস্যরা  © সংগৃহীত

স্তন ক্যান্সারে মৃত্যুহার কমাতে ও প্রাথমিক পর্যায়ে রোগ শনাক্তকরণের লক্ষ্যে ‘বাংলাদেশে স্তন ক্যান্সার স্ক্রিনিং কর্মসূচির জাতীয় নির্দেশিকা (২০২৭)’ প্রণয়ন করেছে বাংলাদেশ সোসাইটি অব রেডিওলজি অ্যান্ড ইমেজিং (বিএসআরআই)। আজ (শনিবার) ঢাকার বাংলাদেশ মেডিকেল ইউনিভার্সিটির (বিএমইউ) মিল্টন হলে বিশেষজ্ঞ চিকিৎসকদের সমন্বয়ে গঠিত কমিটির প্রথম কনসেনসাস সভায় এর খসড়া নির্দেশিকাটি পেশ করা হয়, যা অনুমোদনের জন্য স্বাস্থ্য অধিদপ্তরে পাঠাবে সংগঠনটি।

অনুষ্ঠানে বিএসআরআইয়ের বৈজ্ঞানিক সম্পাদক অধ্যাপক ডা. শারমিন আক্তার রুপা প্রস্তাবিত খসড়া নির্দেশিকার মূল বিষয়গুলো তুলে ধরেন।

তিনি জানান, নির্দেশিকাটি তৈরি করেছে বিভিন্ন বিষয়ের বিশেষজ্ঞদের নিয়ে গঠিত নির্দেশিকা প্রণয়ন কমিটি। এই কমিটিতে আছেন বিএমইউ, জাতীয় ক্যান্সার গবেষণা ইনস্টিটিউট ও হাসপাতাল, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল, চট্টগ্রাম, রাজশাহী, ময়মনসিংহ, সিলেট, রংপুরসহ অন্যান্য মেডিকেল কলেজ হাসপাতাল, সম্মিলিত সামরিক হাসপাতাল (সিএমএইচ) এবং প্রধান বেসরকারি হাসপাতালগুলোর বিশেষজ্ঞরা।

বিএসআরআইয়ের প্রস্তাবিত খসড়ায় তিনটি বিষয়ে গুরুত্ব দেওয়া হয়েছে। এগুলো হচ্ছে— স্ক্রিনিং প্রটোকল, ইমেজিং মানদণ্ড এবং কাঠামোবদ্ধ রেডিওলজি রিপোর্টিং।

খসড়া নির্দেশিকা অনুযায়ী, এটি বাংলাদেশের নারীদের উপযোগী করে নির্ধারণ করা হয়েছে। কারা স্ক্রিনিং করাবেন, কোন বয়স থেকে এবং কত দিন পরপর করতে হবে, তার স্পষ্ট দিকনির্দেশনা রয়েছে। এ ছাড়া স্ক্রিনিং কেন্দ্রগুলোতে ব্রেস্ট ইমেজিংয়ের গুণগত ও কারিগরি মানদণ্ড কী হবে, তাও নির্ধারণ করা হয়েছে। একই সাথে রিপোর্টের একটি অভিন্ন ফরম্যাট প্রস্তুত করা হয়েছে, যাতে ফলাফল চিকিৎসকদের কাছে স্পষ্টভাবে ও একইভাবে পৌঁছায়।

বিএসআরআইয়ের সভাপতি ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ডা. সৈয়দ আওসাফ আলীর সভাপতিত্বে কনসেনসাস সভায় প্রধান অতিথি ছিলেন বিএমইউ উপাচার্য অধ্যাপক ডা. এফ এম সিদ্দিকী। এ সময় স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. নাজমুল হোসেনও উপস্থিত ছিলেন।

প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক ডা. এফ এম সিদ্দিকী তাঁর বক্তব্যে এই উদ্যোগের জন্য বিএসআরআইয়ের প্রশংসা করেন। তিনি বলেন, স্তন ক্যান্সার বাংলাদেশের নারীদের মধ্যে সবচেয়ে বেশি দেখা যায় এমন ক্যান্সার। সংগঠিত স্ক্রিনিংয়ের মাধ্যমে প্রাথমিক পর্যায়ে রোগ শনাক্ত করা গেলে এতে মৃত্যু অনেক কমানো সম্ভব। নির্দেশিকা বাস্তবায়নে তিনি বিএমইউর একাডেমিক সহায়তার আশ্বাস দেন।

স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. নাজমুল হোসেন বলেন, এই নির্দেশিকা একটি মানসম্মত জাতীয় স্ক্রিনিং কর্মসূচি গড়ে তুলতে সহায়তা করবে। সারা দেশে কর্মসূচিটি চালু করতে চিকিৎসক ও টেকনোলজিস্টদের প্রশিক্ষণ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলেও উল্লেখ করেন তিনি।

বিএসআরআইয়ের সভাপতি ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ডা. সৈয়দ আওসাফ আলী কমিটির সদস্যদের অবদানের জন্য ধন্যবাদ জানান। তিনি সদস্যদের খসড়া নির্দেশিকাটি পর্যালোচনা করতে এবং ২০২৭ সালে দেশব্যাপী স্ক্রিনিং কর্মসূচির স্বপ্ন বাস্তবায়নে সহযোগিতা করতে আহ্বান জানান।

বক্তারা একমত হন যে বাংলাদেশে বেশির ভাগ স্তন ক্যান্সার রোগী এখনো রোগের অগ্রসর পর্যায়ে শনাক্ত হন। এই অবস্থা বদলাতে জনসচেতনতা, স্ক্রিনিংয়ের সুযোগ এবং মানসম্মত ইমেজিং অপরিহার্য।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে আরও বক্তব্য দেন বিএমইউ উপ-উপাচার্য (একাডেমিক) ও বিএসআরআইয়ের সাধারণ সম্পাদক অধ্যাপক ডা. মো. নজরুল ইসলাম। এ সময় জাতীয় ক্যান্সার গবেষণা ইনস্টিটিউট ও হাসপাতালের পরিচালক ও রেডিয়েশন অনকোলজিস্ট অধ্যাপক ডা. মোস্তফা আজিজ সুমন, খ্যাতিমান সার্জন অধ্যাপক ডা. সানোয়ার হোসেন, বিএমইউর গাইনোকোলজিক্যাল অনকোলজি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা. জান্নাতুল ফেরদৌস, প্যাথলজি বিভাগের অধ্যাপক ডা. শবনম আখতার, রেডিওলজি অ্যান্ড ইমেজিং বিভাগের অধ্যাপক ডা. মাহমুদ হাসান মোস্তফা কামালসহ দেশের শীর্ষস্থানীয় চিকিৎসা প্রতিষ্ঠানগুলোর বিশিষ্ট অনকোলজিস্ট, সার্জন, সার্জিক্যাল অনকোলজিস্ট, গাইনোকোলজিস্ট, গাইনি-অনকোলজিস্ট, প্যাথলজিস্ট ও রেডিওলজিস্ট উপস্থিত ছিলেন।