চিকিৎসাব্যয় কমাতে টেকসই স্বাস্থ্য অর্থায়নে একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-ইন্দোনেশিয়া
স্বাস্থ্য খাতে টেকসই অর্থায়ন ব্যবস্থা গড়ে তোলা, চিকিৎসাব্যয় কমানো এবং দরিদ্র ও প্রান্তিক জনগোষ্ঠীর আর্থিক সুরক্ষা নিশ্চিত করতে পারস্পরিক সহযোগিতা জোরদারে সম্মত হয়েছে বাংলাদেশ ও ইন্দোনেশিয়া। এ লক্ষ্যে দুই দেশের মধ্যে স্বাস্থ্য অর্থায়ন, নীতিগত সংস্কার, জাতীয় স্বাস্থ্যবিমা এবং কারিগরি দক্ষতা বিনিময়ের উদ্যোগ নেওয়া হয়েছে।
শুক্রবার (২৭ নভেম্বর) বাংলাদেশ সময় সন্ধ্যা ৬টা ১৫ মিনিটে অনলাইন প্ল্যাটফর্মে দুই দেশের স্বাস্থ্য খাতের উচ্চপর্যায়ের প্রতিনিধিদের অংশগ্রহণে এক দ্বিপক্ষীয় বৈঠক অনুষ্ঠিত হয়। এতে ইন্দোনেশিয়ার প্রতিনিধিদলের নেতৃত্ব দেন দেশটির স্বাস্থ্যমন্ত্রী ড. বুদি জি. সাদিকিন। অন্যদিকে বাংলাদেশের প্রতিনিধিদলের নেতৃত্ব দেন প্রধানমন্ত্রীর স্বাস্থ্যবিষয়ক বিশেষ সহকারী ড. এস এম জিয়াউদ্দিন হায়দার।
বৈঠকে দুই দেশের স্বাস্থ্য খাতের অগ্রাধিকার, বিদ্যমান চ্যালেঞ্জ এবং স্বাস্থ্যব্যবস্থার সংস্কার নিয়ে বিস্তারিত আলোচনা হয়। বিশেষ গুরুত্ব পায় টেকসই স্বাস্থ্য অর্থায়ন ব্যবস্থা প্রতিষ্ঠা, চিকিৎসাব্যয়ের কারণে পরিবারগুলোর আর্থিক বিপর্যয় রোধ, ব্যক্তির নিজ পকেট থেকে স্বাস্থ্যব্যয় কমানো এবং সর্বজনীন স্বাস্থ্যসেবা নিশ্চিত করার কার্যকর কৌশল নির্ধারণ।
বাংলাদেশের পক্ষ থেকে ড. এস এম জিয়াউদ্দিন হায়দার প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন সরকারের স্বাস্থ্য খাত সংস্কারের অগ্রাধিকার তুলে ধরেন। তিনি একটি টেকসই, ন্যায়সংগত ও জনবান্ধব স্বাস্থ্য অর্থায়ন ব্যবস্থা গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন। অর্থের অভাবে কোনো নাগরিক যাতে প্রয়োজনীয় চিকিৎসাসেবা থেকে বঞ্চিত না হন এবং চিকিৎসার ব্যয় মেটাতে কোনো পরিবার যাতে দারিদ্র্যের মুখে না পড়ে, সে জন্য কার্যকর আর্থিক সুরক্ষা ব্যবস্থা গড়ে তোলার প্রয়োজনীয়তার কথাও তুলে ধরেন তিনি।
বৈঠকে ইন্দোনেশিয়ার জাতীয় স্বাস্থ্যবিমা কর্মসূচি, স্বাস্থ্য অর্থায়ন কাঠামো এবং দরিদ্র ও নিম্ন আয়ের মানুষের আর্থিক সুরক্ষা নিশ্চিত করার অভিজ্ঞতা নিয়ে আলোচনা হয়। বাংলাদেশের আর্থসামাজিক বাস্তবতা ও প্রাতিষ্ঠানিক কাঠামোর সঙ্গে সামঞ্জস্য রেখে ইন্দোনেশিয়ার সফল উদ্যোগ ও কার্যকর পদ্ধতি কাজে লাগানোর সম্ভাবনাও খতিয়ে দেখা হয়।
এ ছাড়া দুই দেশের মধ্যে ধারাবাহিক ও কাঠামোবদ্ধভাবে জ্ঞান, অভিজ্ঞতা এবং কারিগরি দক্ষতা বিনিময়ের প্রক্রিয়া শুরুর বিষয়ে আলোচনা হয়। এর মাধ্যমে স্বাস্থ্য খাতের সফল উদ্যোগ, নীতিগত সংস্কার, উদ্ভাবনী অর্থায়ন কৌশল এবং প্রাতিষ্ঠানিক সক্ষমতা উন্নয়নে পারস্পরিক অভিজ্ঞতা কাজে লাগানোর সুযোগ তৈরি হবে।
ইন্দোনেশিয়ার প্রতিনিধিদলে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের বিশেষ উপদেষ্টা ড. প্রাস্তুতি সোয়েওন্দো, পরিবার স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক উইসনু ত্রিয়াঙ্গোনো, স্বাস্থ্য অর্থনীতি বিভাগের প্রধান বায়ু তেজা কেসেহাতান, ঢাকায় নিযুক্ত ইন্দোনেশিয়ার রাষ্ট্রদূতসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
বাংলাদেশের পক্ষে পরিবার পরিকল্পনা অধিদপ্তরের মহাপরিচালক ড. জিন্নাত রেহানা, নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তরের মহাপরিচালক দিল আফরোজ, স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক, ইন্দোনেশিয়ায় নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূতসহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা অংশ নেন।
বৈঠকে দুই দেশের প্রতিনিধিরা স্বাস্থ্যব্যবস্থার উন্নয়নে সহযোগিতা সম্প্রসারণ এবং পারস্পরিক জ্ঞান ও অভিজ্ঞতা বিনিময়ের বিষয়ে আগ্রহ ও অঙ্গীকার ব্যক্ত করেন।
সংশ্লিষ্টরা মনে করছেন, বাংলাদেশ ও ইন্দোনেশিয়ার এই উদ্যোগ স্বাস্থ্য খাতে দক্ষিণ-দক্ষিণ সহযোগিতা জোরদারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। পাশাপাশি দীর্ঘমেয়াদি অংশীদারত্ব গড়ে তোলা এবং অন্তর্ভুক্তিমূলক, ন্যায়সংগত ও আর্থিকভাবে টেকসই স্বাস্থ্যব্যবস্থা প্রতিষ্ঠার পথ আরও সুগম করবে।