২৬ নভেম্বর ২০২৬, ২১:১২

২৪ ঘণ্টা খোলা ক্লিনিক্যাল প্যাথলজি, ঢামেকের রোগীদের পরীক্ষা-নিরীক্ষা হাসপাতালেই করানোর নির্দেশ

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল  © সংগৃহীত

ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসা নিতে আসা রোগীদের ক্লিনিক্যাল পরীক্ষা-নিরীক্ষা হাসপাতালের ক্লিনিক্যাল প্যাথলজি বিভাগ থেকেই করানোর ব্যবস্থা নিতে সংশ্লিষ্টদের নির্দেশনা দেওয়া হয়েছে। বুধবার (২৫ নভেম্বর) হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল ডা. এ কে এম ফরহাদ হোসেন স্বাক্ষরিত এক দাপ্তরিক পত্রে এই নির্দেশনা দেওয়া হয়।

হাসপাতালের একটি সূত্রের দাবি, প্রতিষ্ঠানটির প্যাথলজি বিভাগে সংশ্লিষ্ট পরীক্ষা-নিরীক্ষা করানো হলেও একটি চক্র রোগীদের বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানে পাঠিয়ে দেন, এমনকি দালালরা সরাসরি হাসপাতাল থেকেই স্যাম্পল সংগ্রহ করে নিয়ে যায়। এ অবস্থা থেকে উত্তরণের অংশ হিসেবে এই পত্র দেওয়া হয়েছে।

পত্রে বলা হয়েছে, ঢামেকের ক্লিনিক্যাল প্যাথলজি বিভাগ থেকে বিভিন্ন ক্লিনিক্যাল পরীক্ষা-নিরীক্ষার তালিকা পাঠানো হয়েছে। সেই আলোকে হাসপাতালে আগত রোগীদের সংশ্লিষ্ট পরীক্ষাগুলো ক্লিনিক্যাল প্যাথলজি বিভাগ থেকে সম্পন্ন করার প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট সবাইকে বিশেষভাবে অনুরোধ করা হয়েছে।

সংযুক্ত তালিকার তথ্য অনুযায়ী, ঢামেকের ক্লিনিক্যাল প্যাথলজি ল্যাবরেটরি সপ্তাহের সাত দিনই ২৪ ঘণ্টা খোলা থাকে। সিনিয়র ক্লিনিক্যাল প্যাথলজিস্ট, ক্লিনিক্যাল প্যাথলজিস্ট, বায়োকেমিস্ট ও মেডিকেল টেকনোলজিস্টদের সরাসরি তত্ত্বাবধানে সিসমেক্স (জাপান), অ্যাডেলিকা সিআই ১৯০০ (যুক্তরাষ্ট্র) ও কোবাস প্রো (জার্মানি)-এর মতো অত্যাধুনিক অটোমেটেড অ্যানালাইজারের মাধ্যমে পরীক্ষাগুলো করা হয়।

তালিকায় হেমাটোলজি, ক্লিনিক্যাল প্যাথলজি, বায়োকেমিস্ট্রি, ইমিউনোলজি ও সেরোলজি বিভাগের মোট ৫৯টি পরীক্ষার উল্লেখ রয়েছে। এগুলো হলো— হেমাটোলজির সিবিসি উইথ ইএসআর, বিটি-সিটি ও ইএসআর, ক্লিনিক্যাল প্যাথলজিল ইউরিন আরই উইথ কিটোন বডি (অটো অ্যানালাইজার), বায়োকেমিস্ট্রির রক্তের গ্লুকোজ (এফবিএস, আরবিএস, এএফবি), এইচবিএ১সি, সিরাম ক্রিয়েটিনিন, ইউরিয়া, ইউরিক অ্যাসিড, ক্যালসিয়াম, ফসফরাস, ম্যাগনেসিয়াম, ইলেক্ট্রোলাইট, বিলিরুবিন, এসজিপিটি (এস.এএলটি), এসজিওটি (এস.এএসটি), অ্যালকালাইন ফসফাটেজ, এলএফটি, লিপিড প্রোফাইল, অ্যালবুমিন, টোটাল প্রোটিন, এজি রেশিও, লাইপেজ, অ্যামাইলেজ, এলডিএইচ, সিরাম আয়রন ও টিআইবিসি।

এ ছাড়া ইমিউনোলজির থাইরয়েড সংক্রান্ত টিএসএইচ, এফটি৪, এফটি৩, টি৩, টি৪; ফেরিটিন, এফএসএইচ, এলএইচ, প্রোল্যাকটিন, বিটা এইচসিজি, টেস্টোস্টেরন, এএফপি, সিইএ, সিএ ১২৫, সিএ ১৫.৩, সিএ ১৯.৯, পিএসএ, আইজিই, ট্রপোনিন আই, কর্টিসল ও প্রো-বিএনপি এবং সেরোলজির এইচবিএসএজি আইসিটি, এইচসিভি আইসিটি, এইচআইভি আইসিটি, ডেঙ্গু (এনএস১, আইজিএম, আইজিজি) ও সিআরপি।