২৬ নভেম্বর ২০২৬, ২০:৫৮

স্বাস্থ্য খাতে ১৬ হাজারের বেশি নতুন নিয়োগের উদ্যোগ

স্বাস্থ্য খাতে ১৬ হাজারের বেশি নতুন নিয়োগের উদ্যোগ  © টিডিসি সম্পাদিত

দেশের প্রাথমিক স্বাস্থ্যসেবা ব্যবস্থাকে ঢেলে সাজাতে মাঠপর্যায়ে ১৬ হাজারেরও বেশি শূন্যপদে নতুন জনবল নিয়োগ এবং ‘সুস্বাস্থ্য কর্মী’ বা হেলথ অ্যান্ড ওয়েলবিয়িং অ্যাসিস্ট্যান্ট (এইচডব্লিউএ) নামে নতুন পদ সৃজনের উদ্যোগ নিয়েছে সরকার। সরকারের নির্বাচনী ইশতেহার ও প্রধানমন্ত্রীর নির্দেশনার আলোকে স্বাস্থ্য খাতের উচ্চপর্যায়ের এক নীতি নির্ধারণী সভায় এ বিষয়ে বিস্তারিত আলোচনা হয়েছে।

আজ বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সচিবালয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বকুলের সভাপতিত্বে এই নীতি নির্ধারণী সভা অনুষ্ঠিত হয়। এ সময় স্বাস্থ্য প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত ও প্রধানমন্ত্রীর স্বাস্থ্য বিষয়ক বিশেষ সহকারী ড. এস এম জিয়াউদ্দিন হায়দার উপস্থিত ছিলেন।

তৃণমূল পর্যায়ে স্বাস্থ্যসেবা আরও জোরদার করতে মাঠপর্যায়ের জনবলকে নতুন কাঠামোয় আনার বিষয়টি সভায় গুরুত্ব পায়। উদ্যোগ অনুযায়ী, মাঠপর্যায়ে কর্মরত তিনটি ভিন্ন ধারার কর্মীবাহিনী—স্বাস্থ্য অধিদপ্তর, পরিবার পরিকল্পনা অধিদপ্তর এবং কমিউনিটি ক্লিনিক স্বাস্থ্য সহায়তা ট্রাস্টের জনবলকে একটি একক কাঠামোর আওতায় এনে ‘সুস্বাস্থ্য কর্মী’ নামে নতুন ও মর্যাদাপূর্ণ পদ চালুর বিষয়টি পর্যালোচনা করা হয়েছে।

তবে মাঠপর্যায়ের এই তিন ধারার জনবলকে একীভূত করার ক্ষেত্রে বেতন গ্রেড বৈষম্য, পদোন্নতির সোপান, শিক্ষাগত যোগ্যতা এবং প্রশাসনিক নিয়ন্ত্রণের মতো বিষয়গুলো নিয়েও সভায় গুরুত্বপূর্ণ আলোচনা হয়।

সভায় স্বাস্থ্য সেবা বিভাগের সচিব ড. আ ন ম বজলুর রশিদ, স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের সচিব এ কে এম বেনজামিন রিয়াজীসহ স্বাস্থ্য অধিদপ্তর, পরিবার পরিকল্পনা অধিদপ্তর ও কমিউনিটি ক্লিনিক স্বাস্থ্য সহায়তা ট্রাস্টের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।