২৫ নভেম্বর ২০২৬, ২২:৫৭

৫১তম বিসিএসের পরপরই আরও ৫ হাজার চিকিৎসক নিয়োগের পরিকল্পনা: স্বাস্থ্যমন্ত্রী

প্রতিবেদন অবহিতকরণ অনুষ্ঠানে অতিথিরা  © সংগৃহীত

পাঁচ হাজার চিকিৎসক নিয়োগ প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বকুল। একই সঙ্গে আগামী সপ্তাহে আরও ৫ হাজার চিকিৎসক নিয়োগের জন্য সরকারি কর্ম কমিশনকে (পিএসসি) বলবেন বলেও জানিয়েছেন তিনি। বলেছেন, আমাদের নার্স ও মিডওয়াইফদের সংখ্যার পাশাপাশি চিকিৎসকদের সংখ্যাও বাড়াব এবং বাড়াতেই হবে।

আজ বুধবার (২৫ নভেম্বর) ঢাকার হোটেল প্যান প্যাসিফিক সোনারগাঁওয়ে স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর ও বিশ্ব স্বাস্থ্য সংস্থা আয়োজিত ‘বাংলাদেশে ২০৪০ সাল নাগাদ স্বাস্থ্যকর্মীর (এমবিবিএস চিকিৎসক ও বিশেষজ্ঞ চিকিৎসক এবং নার্স ও মিডওয়াইফ) চাহিদা ও সরবরাহের প্রক্ষেপণ’ শীর্ষক প্রতিবেদন অবহিতকরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় স্বাস্থ্যমন্ত্রী এসব কথা বলেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত।

স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. নাজমুল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে আরও বক্তব্য দেন স্বাস্থ্য সেবা বিভাগের সচিব ড. আ ন ম বজলুর রশিদ, স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের সচিব এ কে এম বেনজামিন রিয়াজী, বিশ্ব স্বাস্থ্য সংস্থার বাংলাদেশ প্রতিনিধি ড. রাজেশ নারওয়াল এবং স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. প্রভাত চন্দ্র বিশ্বাস। এতে মূল প্রবন্ধ উপস্থাপন করেন যুক্তরাজ্যের গ্লাসগো বিশ্ববিদ্যালয়ের গবেষক ও বিশ্ব স্বাস্থ্য সংস্থার পরামর্শক ড. মো. নূরনবী শেখ।

মূল প্রবন্ধে তিনি জানান, ২০২৫ সালে চিকিৎসকের চাহিদা ছিল ১ লক্ষ ৮৮ হাজার ২৫৩ জন এবং সক্রিয় চিকিৎসক ছিলেন ১ লক্ষ ৬ হাজার ১৫২ জন। ফলে ঘাটতি ছিল ৮২ হাজার ১০১ জন। ২০৪০ সালে চিকিৎসকের চাহিদা বেড়ে ২ লক্ষ ২১ হাজার ১০২ জন এবং সক্রিয় চিকিৎসক ১ লক্ষ ৮৫ হাজার ২৯৯ জনে দাঁড়াবে বলে ধরা হয়েছে। তবে তখনো ৩৫ হাজার ৮০৩ জন চিকিৎসকের ঘাটতি থাকবে।

এ ছাড়া একজন চিকিৎসকের বিপরীতে তিনজন বিবেচনায় ২০৪০ সালে নার্স ও মিডওয়াইফের চাহিদা হবে ৬ লক্ষ ৬৩ হাজার ৩০৬ জন এবং সক্রিয় থাকবেন ৩ লক্ষ ২৮ হাজার ৯৫২ জন; যার ফলে ঘাটতি দাঁড়াবে ৩ লক্ষ ৩৪ হাজার ৩৫৪ জনে। অন্যদিকে কর্মরত চিকিৎসকের মধ্যে নারীর হার ২০২৫ সালের ৩৮ শতাংশ থেকে বেড়ে ২০৪০ সালে ৫৭ শতাংশে পৌঁছাবে এবং ২০৩৩ সালের পর থেকে নারী চিকিৎসকরা সংখ্যাগরিষ্ঠ হবেন বলেও প্রবন্ধে উল্লেখ করা হয়েছে।

চিকিৎসক ও নার্স অনুপাতের এই ভারসাম্যহীনতা প্রসঙ্গে স্বাস্থ্যমন্ত্রী বলেন, আপনারা কি কল্পনা করতে পারেন যে একজন ডাক্তারের সাথে আমাদের একজন নার্সও নেই? হিসাবে মেলে না। কতক্ষণ ডিউটি করবে? আমরা আগামী দুই বছরের ভেতরে সবচেয়ে প্রত্যন্ত এলাকায় ১৫১ শয্যা বিশিষ্ট হাসপাতাল করছি। জনপ্রশাসন থেকে প্রত্যেকটা হাসপাতালের জনবলের অনুমোদন পেয়েছি। আমরা নিয়োগ শুরু করেছি।

৫১তম বিসিএসের প্রসঙ্গ উল্লেখ করে তিনি বলেন, পাঁচ হাজার আটশর ওপরে চিকিৎসকের পরীক্ষা হবে ১১ ডিসেম্বর ইনশাআল্লাহ। এর মধ্যে ৪ হাজার ৭০০ জন সহকারী সার্জন এবং ৩০০ জন ডেন্টাল সার্জন। এটার পরে আমরা আগামী সপ্তাহে পিএসসিকে আবার বলব আরও ৫ হাজার ডাক্তারের নিয়োগের ব্যবস্থা করতে। আমাদের নার্স ও মিডওয়াইফদের সংখ্যার পাশাপাশি চিকিৎসকদের সংখ্যাও বাড়াব এবং বাড়াতেই হবে।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, আজকে পরিসংখ্যান উপস্থাপন করেছেন, তাতে হয়তো কিছু ভুল থাকতে পারে, কিন্তু আমরা এর ওপর ভিত্তি করতে পারি। এর অন্তর্নিহিত কথাটা হলো যে, আমরা এরই কাছাকাছি একটা দুর্বল অবস্থানে আছি। এটা থেকে আমাদের উত্তরণ ঘটা দরকার। আমরা ব্রিটিশ আমলের চ্যারিটেবল ডিসপেনসারি থেকে শুরু করে আজকে যে পর্যায়ে আছি, আমি যদি তুলনা করি—এই যে ১৭টা বছর, ফ্যাসিবাদের শাসনামলে, ১৭ বছরে তারা স্বাস্থ্য খাতে কিছুই করেননি। দেশের আর্থিক সক্ষমতা লুটপাট করেছেন। আমরা আমাদের প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে শূন্য থেকে শুরু করেছি।

সরদার সাখাওয়াত হোসেন বলেন, অত্যন্ত অপ্রতুল নিয়োগ ও অনুপাত নিয়েও আমাদের চিকিৎসকরা এই দেশের বিশাল জনগোষ্ঠীকে সর্বোচ্চ সেবা দিয়ে যাচ্ছেন। মানের দিক থেকে, আমি বলব না যে আমাদের চিকিৎসকরা পশ্চিমের চিকিৎসকদের মতো যোগ্যতাসম্পন্ন—কিন্তু আমাদের রোগীদের প্রতি আমাদের চিকিৎসকদের উদ্দেশ্য, প্রচেষ্টা ও উদ্যোগ এবং মনোযোগ অন্যান্য দেশের চিকিৎসকদের দায়িত্ব বা রোগীদের প্রতি মনোযোগের তুলনায় খুব একটা কম নয়।

কোভিড-১৯ মহামারীকালীন সময়ের উদাহরণ টেনে তিনি বলেন, করোনাকালীন সময়ে আমাদের মতো একটি দেশে, একটা গরিব দেশে, অনেক অশিক্ষিত মানুষের দেশ, তারপরও করোনা মহামারির সময় আমাদের দেশের মৃত্যুর হার ছিল ভারত এবং অন্যান্য উন্নত দেশের মৃত্যুর হারের চেয়ে অনেক কম; এমনকি যা আমরা সে সময় পড়েছিলাম, স্পেন, ফ্রান্স, আমেরিকার তুলনায়ও। আমাদের মৃতদেহগুলো বারান্দায় পড়ে থাকেনি। হতাহতের সংখ্যা এত বেশি ছিল না। সেটি ছিল আমাদের চিকিৎসকদের সাফল্য। আমরা অন্ধকার সুড়ঙ্গের শেষে একটি আলো দেখতে পাচ্ছি।

সরকারের গৃহীত উদ্যোগের বর্ণনা দিয়ে তিনি জানান, ডায়ালাইসিস গ্রাম পর্যায়ে নিয়ে যেতে নার্সদের প্রশিক্ষণ শুরু হয়েছে এবং চিকিৎসকদের হাতে-কলমে প্রশিক্ষণ বাড়ছে; বিশেষ করে চীনা ও পাকিস্তানি দল এ কাজে এগিয়ে আসছে। তিনি বলেন, আমাদের ১ লাখের বেশি চিকিৎসক ও ১ লাখের বেশি নার্স প্রায় ২০ কোটি মানুষের চাহিদা পূরণ করছেন, তবে এই খাতে আরও মনোযোগ ও চিকিৎসকদের মান বাড়ানো প্রয়োজন।

প্রত্যন্ত এলাকায় সেবা প্রসঙ্গে মন্ত্রী বলেন, আমাদের চিকিৎসকরা কোনো অতিরিক্ত প্রণোদনা ছাড়াই গ্রামীণ পোস্টিংয়ে যেতে চান। আর্থিক সীমাবদ্ধতার কারণে অতিরিক্ত প্রণোদনা দেওয়া না গেলেও তারা গ্রাম এলাকায় সেবা দিচ্ছেন। দায়িত্ব শেষ হওয়ার পর তারা গ্রামীণ বাজারে বা রাস্তার মোড়ে চেম্বারে বসে আমাদের মানুষকে সেবা দিচ্ছেন। বিশ্ব স্বাস্থ্য সংস্থার বিশেষজ্ঞরা শুনুন—মাত্র ১২০ টাকা। ১ ডলারেরও কম। আমাদের চিকিৎসকরা আমাদের মানুষের কাছ থেকে ফি নিচ্ছেন। ব্যাপারটা এমন নয় যে তাদের টাকা নেওয়ার সামর্থ্য বা ইচ্ছা নেই—তারা আমাদের মানুষকে ভালোবাসেন, কারণ আমাদের অধিকাংশ মানুষেরই আমাদের সম্মানিত চিকিৎসককে বেশি ফি দেওয়ার সামর্থ্য নেই।

বাজেট বৃদ্ধির তথ্য উল্লেখ করে তিনি বলেন, স্বাস্থ্য খাতে আরও অধিক গুরুত্ব দেওয়ার লক্ষ্যে প্রধানমন্ত্রী এবার দ্বিগুণের চেয়ে অনেক বেশি, প্রায় তিন গুণ বেশি টাকা বরাদ্দ করেছেন। কিন্তু একটি বিষয় উপলব্ধি করুন—বরাদ্দ দিয়েছে ৬৯ হাজার কোটি টাকা, এই সময়ের মধ্যে আমরা প্রায় ১০ হাজার কোটি টাকা ফেরত দিয়ে দিচ্ছি সম্পূরক বাজেটে। কারণ, এই সরকারের প্রথম বছরে আমরা ডিপিপি প্রকল্প প্রণয়নও করতে পারব না, বাস্তবায়িতও করতে পারব না। আর সে কারণেই আমরা নেওয়া প্রকল্পগুলোর ঘাটতির কারণে সরকারি কোষাগারে টাকা ফেরত দিচ্ছি।

তিনি জানান, ডিপিপি তৈরি, পরিকল্পনা কমিশন, একনেক, মন্ত্রণালয়, দরপত্র, মূল্যায়ন ও বাস্তবায়নে এক বছর চলে যায় বলেই এই ঘাটতি তৈরি হয়। তাই আগামী বছর থেকে স্বাস্থ্য খাত অন্ধকার সুড়ঙ্গের শেষে আলো খুঁজে পাবে বলে তিনি আশা প্রকাশ করেন।