২৫ নভেম্বর ২০২৬, ২০:০৯

প্রকল্পের দুই বছর মেয়াদ বাড়তেই চলে গেল ৫ মাস, ব্যয় বাড়ল আরও ১১শ কোটি টাকা

খুলনা এবং ময়মনসিংহ মেডিকেলে সবচেয়ে পিছিয়ে আছে নির্মাণকাজ  © টিডিসি সম্পাদিত

চলতি বছরের জুনে মেয়াদ শেষ হওয়া ৮ বিভাগীয় শহরে পূর্ণাঙ্গ ক্যান্সার, হৃদরোগ ও কিডনি হাসপাতাল স্থাপন প্রকল্পের মেয়াদ আরও দুই বছর বাড়ানো হয়েছে। আজ বুধবার (২৫ নভেম্বর) জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় প্রকল্পের দ্বিতীয় সংশোধনী অনুমোদন হয়েছে। মেয়াদ শেষ হওয়ার পর বিল ও অর্থছাড়ে জটিলতা এবং রি-টেন্ডার থমকে যাওয়ায় কাজে ধীরগতি তৈরি হলেও এই সংশোধনী অনুমোদন করতেই প্রকল্পের বর্ধিত দুই বছর থেকে চলে গেছে ৫টি মাস।

এদিকে মেয়াদ বৃদ্ধির পাশাপাশি প্রকল্পটিতে আরও ১ হাজার ৯৯ কোটি টাকা প্রাক্কলিত ব্যয় অনুমোদন দিয়েছে একনেক। এ নিয়ে এ প্রকল্পের মোট ব্যয় দাঁড়াবে ৪ হাজার ৫৩২ কোটি টাকা।

একনেক সভা সূত্রে জানা গেছে, বুধবার মোট ২৪ হাজার ১১০ কোটি ৬৬ লাখ টাকা ব্যয়ে ১০টি উন্নয়ন প্রকল্পের অনুমোদন দিয়েছে একনেক। এর মধ্যে সরকারের নিজস্ব অর্থায়ন ১২ হাজার ৭৭৫ কোটি ৯৯ লাখ টাকা, প্রকল্প ঋণ ৮ হাজার ৯৪৪ কোটি ২১ লাখ টাকা এবং সংস্থার নিজস্ব অর্থায়ন ২ হাজার ৩৯০ কোটি ৪৭ লাখ টাকা।

এসব প্রকল্পের মধ্যে দুটি স্বাস্থ্য সেবা বিভাগের। এগুলো হলো— ৮টি বিভাগীয় শহরে পূর্ণাঙ্গ ক্যান্সার, হৃদরোগ এবং কিডনি চিকিৎসা কেন্দ্র স্থাপন (২য় সংশোধন) এবং এস্টাবলিশমেন্ট অব ৫০০ বেডেড মেডিকেল কলেজ হাসপাতাল অ্যান্ড এনসিলারী বিল্ডিং ইন যশোর, কক্সবাজার, পাবনা, নোয়াখালী এবং জাতীয় গ্যাস্ট্রোলিভার ইনস্টিটিউট ও হাসপাতালের ১১ ও ১২ তলা ঊর্ধ্বমুখী সম্প্রসারণ (২য় সংশোধন)।

এর মধ্যে দ্বিতীয় প্রকল্পটিতে ৫৫৫ কোটি ৮৮ লাখ টাকা ব্যয় বৃদ্ধি পেয়ে মোট ব্যয় দাঁড়িয়েছে ৩ হাজার ৯৭১ কোটি ৬৩ লক্ষ ৯৮ হাজার টাকা। প্রকল্পটির মূল ব্যয় ধরা হয়েছিল ২ হাজার ১০৩ কোটি ৩২ লাখ ৫১ হাজার টাকা, যা ১ম সংশোধনীতে বেড়ে দাঁড়িয়েছিল ৩ হাজার ৪১৫ কোটি ৭৬ লাখ ৩৭ হাজার কোটি টাকা।

আরও পড়ুন: ৮ ক্যান্সার-কিডনি-হৃদরোগ হাসপাতাল: ভবন নির্মাণে কচ্ছপগতি, শতকোটির ‘অপ্রয়োজনীয়’ বিলাসিতা!

এদিকে ৮টি বিভাগীয় শহরে পূর্ণাঙ্গ ক্যান্সার, হৃদরোগ এবং কিডনি চিকিৎসা কেন্দ্র স্থাপন প্রকল্পটি শুরু হয় ২০১৯ সালে। ওই বছরের জুলাই থেকে ২০২২ সালের জুন পর্যন্ত ৪ বছর মেয়াদে ৮ বিভাগীয় শহরে সরকারি হাসপাতাল ও মেডিকেল কলেজ প্রাঙ্গনে ১০০ শয্যার পূর্ণাঙ্গ ক্যান্সার হাসপাতাল নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছিল। ওই সময় প্রকল্পের প্রাক্কলিত ব্যয় ধরা হয় ২ হাজার ৩৮৮ কোটি ৩৯ লক্ষ ৮২ হাজার টাকা। পরে এতে যুক্ত হয় কিডনি ও হৃদরোগ চিকিৎসা কেন্দ্র। ২০২৪ সালে প্রথম সংশোধনীর মধ্য দিয়ে প্রকল্পের ব্যয় বেড়ে দাঁড়ায় ৩ হাজার ৪৩৩ কোটি ৫৪ হাজার টাকা। একই সাথে আরও এক দফা মিলিয়ে মেয়াদ নির্ধারণ করা হয় চলতি বছরের জুন পর্যন্ত। এ সময় ব্যয় বৃদ্ধির হার দাঁড়ায় ৪৯.৫১ শতাংশ।

কিন্তু এ বছরের জুনে প্রকল্পের মেয়াদ শেষ হয়। এ সময় পর্যন্ত ৭০ থেকে প্রায় ৭২ শতাংশ পর্যন্ত ভৌত অবকাঠামো নির্মাণ সম্পন্ন হয়েছে। প্রকল্প পরিচালক কার্যালয়ের তথ্যমতে, ইতোমধ্যে প্রকল্পের প্রায় ৭০ শতাংশ ভৌত অবকাঠামো নির্মাণ শেষ হয়েছে। কিন্তু অন্যান্য আনুষঙ্গিক কাজের কিছুই হয়নি। ফলে নির্ধারিত মেয়াদের মধ্যে প্রকল্পটি শেষ করা যায়নি।

ফলে নতুন করে প্রকল্পের মেয়াদ ও প্রাক্কলিত ব্যয় বৃদ্ধির প্রয়োজন পড়ে। এ নিয়ে চলতি বছরের জুলাই মাসে প্রি-একনেক সভা সম্পন্ন হয়। ৫ মাস পর বুধবার সংশোধিত প্রকল্পটি একনেকে অনুমোদন পায়। তবে গত জুনে প্রকল্পের মেয়াদ শেষ হওয়ায় বিল ও অর্থছাড়ে জটিলতা এবং রি-টেন্ডার থমকে যাওয়ায় গত ৫ মাসে প্রকল্পের কাজে তৈরি হয়েছে ধীরগতি। এমনিক ময়মনসিংহে কাজের প্রায় পুরোটাই থমকে আছে। বুধবার প্রকল্পের মেয়াদ গত জুন থেকে দুই বছর বা ২৪ মাস বৃদ্ধি অনুমোদন করা হলেও ইতোমধ্যে ৫ মাস অতিবাহিত হয়ে গেছে।

জানতে চাইলে প্রকল্প পরিচালক অধ্যাপক ডা. তৌফিক হাসান ফিরোজ দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, ইতোমধ্যে ভবনগুলোর ৭২ ভাগ নির্মাণ সম্পন্ন হয়েছে। কিন্তু ভবনের ভেতরের কাজগুলো তেমন একটা হয়নি। বাইরে থেকে দেখলে মনে হবে সুন্দর নিখুঁত বিল্ডিং। কিন্তু ভিতরের কাজ রয়ে গেছে। এর আগে আর্থিক সংকুলানের অভাবে চার-পাঁচবারেও লিফট এবং এস্কেলেটরের টেন্ডার করতে সফল হয়নি। ফলে ওই খরচটা আপডেট করা হয়েছে।

তবে ৮ বিভাগীয় শহরের মধ্যে অন্তত তিন-চারটির অগ্রগতি অন্যগুলোর তুলনায় ভালো। এর আগে এ বছরের ডিসেম্বর নাগাদ কোনো কোনোটির কাজ শেষ হতে পারে বলে জানিয়েছিল প্রকল্প সূত্র। তবে প্রকল্প পরিচালক বলছেন, জুন ২০২৮-এর আগে কোনো ভবন চালু করা সম্ভব হবে না। তিনি বলেন, ইকুইপমেন্টস কেনা হয়নি, আর জনবল আটকে আছে জনপ্রশাসন মন্ত্রণালয়ে। এটা ফাইনালাইজ হয়ে রিক্রুট না হলে চালু করা সম্ভব না।

কোন ভবনের পরিস্থিতি কেমন, জানতে চাইলে তিনি বলেন, ঢাকা, সিলেট এবং বরিশাল বিভাগের কাজ সবচেয়ে এগিয়ে আছে। বাকি চারটা মাঝামাঝি পর্যায়ে আছে, প্রায় ৮০ শতাংশের মতো। কিন্তু ময়মনসিংহেরটা একদম পিছিয়ে। যেহেতু ৫ আগস্টের পরে ময়মনসিংহের কোনো কাজই হয়নি। ঠিকাদার যিনি ছিলেন, উনি আর কাজ করেননি, পরে আমরা ওই টেন্ডার ক্যান্সেল করছি। এখন আমরা রি-টেন্ডার করব। আর হয়তো শুরুতে ঢাকা, সিলেট, বরিশাল এবং চট্টগ্রামেরটা চালুর করব, তবুও ২০২৮ সালের জুন লাগবে।

অধ্যাপক ফিরোজ আরও বলেন, ইকুইপমেন্টস আমরা এই দুই বছরের মধ্যে ইনশাআল্লাহ করে ফেলতে পারব। আর জনবল আশা করি হয়ে যাবে।