পাঁচ বিশেষায়িত শিশু হাসপাতাল চালু হচ্ছে ডিসেম্বরে
চলতি বছরের ডিসেম্বর মাসের দ্বিতীয় সপ্তাহে জেলা ও বিভাগীয় শহরে নবনির্মিত পাঁচটি বিশেষায়িত শিশু হাসপাতাল চালু হতে যাচ্ছে। প্রধানমন্ত্রী তারেক রহমান আনুষ্ঠানিকভাবে এসব হাসপাতাল উদ্বোধন করবেন। ইতোমধ্যে এসব হাসপাতালে উপ-পরিচালক পদে কর্মকর্তা পদায়ন করেছে সরকার।
দেশের শিশুদের জন্য বিশেষায়িত চিকিৎসাসেবা ঢাকার বাইরে ছড়িয়ে দিতে ২০১৬ থেকে ২০১৭ সালের মধ্যে রাজশাহী, বরিশাল, রংপুর, কুমিল্লা ও খুলনায় ২০০ শয্যাবিশিষ্ট এই পাঁচটি বিশেষায়িত শিশু হাসপাতালের নির্মাণকাজ শুরু হয়। প্রতিটি হাসপাতালে শিশুদের নিবিড় পরিচর্যা কেন্দ্র (আইসিইউ), কেন্দ্রীয় শীতাতপ নিয়ন্ত্রণ ব্যবস্থাসহ আধুনিক চিকিৎসা সরঞ্জামের অবকাঠামো তৈরি করা হয়।
তবে নির্মাণকাজ শেষ হওয়ার পরও প্রয়োজনীয় জনবল নিয়োগ এবং আসবাবপত্র ও চিকিৎসা সরঞ্জামের অভাবে হাসপাতালগুলো দীর্ঘ কয়েক বছর অব্যবহৃত অবস্থায় পড়ে ছিল। অবকাঠামো প্রস্তুত থাকার পরও সেবা চালু না হওয়ায় সেবাবঞ্চিত ছিলেন রোগীরা। এর ফলে শিশুর বিশেষায়িত চিকিৎসার ভার পুরোটা বহন করতে হচ্ছিল ঢাকার শিশু হাসপাতালকে।
ফলে এসব হাসপাতাল চালু হলে ঢাকার বাইরে শিশুদের উন্নত ও বিশেষায়িত চিকিৎসাসেবা পাওয়ার সুযোগ বাড়বে। একই সঙ্গে গুরুতর অসুস্থ শিশুদের চিকিৎসার জন্য রাজধানীমুখী নির্ভরতা কমবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।
স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় জানিয়েছে, বরিশাল, রাজশাহী, রংপুর, খুলনা ও কুমিল্লার পাঁচটি শিশু হাসপাতালের জন্য ১ হাজার ৪৪০টি পদ সৃষ্টি করা হয়েছে। পদগুলোর মধ্যে রয়েছে— উপপরিচালক পদ ৫টি, সহকারী পরিচালক পদ ৫টি, সিনিয়র কনসালটেন্ট পদ ১০০টি, জুনিয়র কনসালটেন্ট পদ ২০০টি ও আবাসিক চিকিৎসক পদ ১০টি। এছাড়া আবাসিক সার্জন পদ ১৫টি, আবাসিক মেডিকেল অফিসার পদ ৫টি, মেডিকেল অফিসার পদ ৩২৫টি রয়েছে। সেই সঙ্গে সহকারী ডেন্টাল সার্জন পদ ১০টি, ইর্মাজেন্সি মেডিকেল অফিসার পদ ২০টি ও এনাসথেস্টি’র ২০টি পদ রাখা হয়েছে।
পদ সৃষ্টির পর হাসপাতালগুলোর কার্যক্রম দ্রুত শুরু করার প্রক্রিয়া আরও এগিয়ে নিতে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় পাঁচটি প্রতিষ্ঠানে উপপরিচালক পদে কর্মকর্তা পদায়ন করেছে। গতকাল মঙ্গলবার (২৫ নভেম্বর) স্বাস্থ্যসেবা বিভাগ থেকে জারি করা প্রজ্ঞাপনে রাজশাহী শিশু হাসপাতালের উপ-পরিচালক হিসেবে ডা. মো. বেলাল হোসেন, বরিশাল শিশু হাসপাতালে ডা. মো. মজিবর রহমান, রংপুর শিশু হাসপাতালে ডা. মো. মোস্তফা জামান, কুমিল্লা শিশু হাসপাতালে ডা. মো. জহিরুল ইসলাম এবং খুলনা শিশু হাসপাতালে ডা. শওকত আলীকে পদায়ন করা হয়েছে। তাদেরকে ২৯ নভেম্বরের মধ্যে নতুন কর্মস্থলে যোগ দিতে বলা হয়েছে।
সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, প্রতিটি বিশেষায়িত শিশু হাসপাতালে ইনটেনসিভ কেয়ার ইউনিট (আইসিইউ) সুবিধা, কেন্দ্রীয় শীতাতপ নিয়ন্ত্রণ ব্যবস্থা এবং ভবিষ্যতে সম্প্রসারণের সুযোগ রাখা হবে। পাশাপাশি বড় পরিসরের আইসিইউ ইউনিটও থাকবে হাসপাতালগুলোতে। ভবিষ্যতে শয্যাসংখ্যা ও চিকিৎসাসেবার পরিধি বাড়ানোর সুযোগ রেখেই হাসপাতালগুলোর অবকাঠামো তৈরি করা হয়েছে। এসব হাসপাতালের আসবাবপত্র ও চিকিৎসা সরঞ্জাম ক্রয়ের দরপত্র প্রক্রিয়া ইতোমধ্যে সম্পন্ন হয়েছে।
চলতি বছরের ১০ মে প্রধানমন্ত্রী তারেক রহমান স্বাস্থ্য মন্ত্রণালয়ের সঙ্গে জরুরি বৈঠকে দেশের অব্যবহৃত হাসপাতালগুলো দ্রুত চালুর নির্দেশ দেন। একইসঙ্গে প্রধানমন্ত্রী স্বাস্থ্য মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাদের হাসপাতালগুলো সরেজমিনে পরিদর্শন করে প্রতিবেদন দাখিলেরও নির্দেশ দেন। মূলত এরপরই হাসপাতালগুলো চালুর তোড়জোড় শুরু হয়।
প্রধানমন্ত্রীর স্বাস্থ্য বিষয়ক বিশেষ সহকারী ডা. এস এম জিয়াউদ্দিন হায়দার গত ৩১ অক্টোবর রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল পরিদর্শন শেষে সাংবাদিকদের জানান, চলতি বছরের শেষ দিকে প্রধানমন্ত্রী পাঁচটি শিশু হাসপাতাল একযোগে উদ্বোধন করবেন। এ লক্ষ্যে প্রয়োজনীয় জনবল নিয়োগের জন্য নতুন পদ সৃষ্টির কাজ শেষ হয়েছে। চিকিৎসা সরঞ্জাম ও আসবাবপত্র কেনার প্রক্রিয়াও শেষ পর্যায়ে রয়েছে। প্রধানমন্ত্রী ঢাকায় একটি অনুষ্ঠানের মাধ্যমে হাসপাতালগুলোর উদ্বোধন ঘোষণা করবেন।
জানা গেছে, নিউনেটাল ভেন্টিলেটর, সিটি স্ক্যান, এক্সরে মেশিন, পোর্টেবল এক্স-রে, মাল্টি প্যারামিটার বা কার্ডিয়াক মনিটর, ফটোথেরাপি মেশিনসহ ২০০ বেডের শিশু হাসপাতাল চালু করতে যেসব যন্ত্রাংশ প্রয়োজন, সেগুলো ইতোমধ্যে পৌঁছে দেওয়া হয়েছে।