২১ নভেম্বর ২০২৬, ২১:২০

প্রায় ৫০০ কোটি টাকার ভবন নির্মাণকাজ পাচ্ছে কালো তালিকাভুক্ত প্রতিষ্ঠান

রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়  © সংগৃহীত ও সম্পাদিত

রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয় (রামেবি) স্থাপন প্রকল্পের আওতায় প্রায় ৫০০ কোটি টাকা ব্যয়ে হাসপাতাল ভবন নির্মাণের কাজ পেতে যাচ্ছে একটি কালো তালিকাভূক্ত ঠিকাদারি প্রতিষ্ঠান। বেসমেন্টসহ ১১ তলাবিশিষ্ট এক হাজার ২০০ শয্যার এই হাসপাতাল ও ক্লিনিক্যাল ফ্যাসিলিটিজ ভবন নির্মাণের দরপত্র যাচাই-বাছাইকালেই কালো তালিকাভূক্ত ঘোষণা করা হয়েছে ওয়াহিদ কনস্ট্রাকশন নামের এই প্রতিষ্ঠানটিকে। এ ছাড়া বিগত আওয়ামী লীগ সরকারের সময় ওয়াহিদ কনস্ট্রাকশন সুবিধাভোগী হওয়ায় এ নিয়ে ব্যাপক সমালোচনা ও অন্য ঠিকাদার প্রতিষ্ঠানের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে।

বাংলাদেশ পাবলিক প্রকিউরমেন্ট অথরিটির (বিপিপিএ) গত ১৫ নভেম্বর এক পরিপত্রে জানিয়েছে, দরপত্র মূল্যায়ন চলাকালে কোনো দরদাতা ডিবারড হলে সে চলমান সব দরপত্রেও অযোগ্য বিবেচিত হবে। মূল্যায়ন কমিটি কর্তৃক ডিবারড দরদাতাকে চুক্তির জন্য সুপারিশ ও অনুমোদনের পর তার সঙ্গে চুক্তি সম্পাদন ‘সরকারি ক্রয় আইন ও বিধিমালার সুস্পষ্ট লঙ্ঘন’ বলেও পরিপত্রে উল্লেখ করা হয়েছে।

বিপিপিএর স্পষ্ট নির্দেশনা অনুযায়ী, দরপত্র মূল্যায়ন চলাকালে কোনো প্রতিষ্ঠান কালো তালিকাভুক্ত হলে সেটি চুক্তির জন্য অযোগ্য বিবেচিত হবে। ঠিকাদারদের অভিযোগ, সেই নির্দেশনা উপেক্ষা করেই একটি বিশেষ গোষ্ঠির স্বার্থে ওই ভবন নির্মাণে কালোতালিকাভুক্ত ঠিকাদারি প্রতিষ্ঠান ওয়াহিদ কনস্ট্রাকশনকে কাজ দেওয়ার প্রক্রিয়া সম্পন্ন করতে যাচ্ছে কর্তৃপক্ষ।

এদিকে কালোতালিকাভুক্তি স্থগিত করে উচ্চ আদালতের দেওয়া আদেশের মেয়াদ শেষ হওয়ার আগের দিন ওয়াহিদ কনস্ট্রাকশনের অনুকূলে চুক্তি সম্পাদনের নোটিশ (নোয়া) জারি করেছে প্রকল্প পরিচালকের কার্যালয়। চুক্তির অযোগ্যতা সত্ত্বেও আগামী ২৯ নভেম্বরের মধ্যে এই প্রতিষ্ঠানটির সঙ্গে চুক্তি করতে যাচ্ছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

সূত্র জানিয়েছে, স্বাস্থ্য মন্ত্রণালয়ের স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের অধীন এই ভবন নির্মাণের দরপত্রের (ই-জিপি আইডি ১১৬৫৩৭৪, প্যাকেজ নং RMU/GOB/WD-01) আওতায় এক বেসমেন্টসহ ১১ তলা হাসপাতাল ভবন নির্মাণ করা হবে। এর দরপত্র আহ্বান করা হয় ২০২৫ সালের ৩ ডিসেম্বর। এটি দাখিল ও উন্মুক্ত করা হয় চলতি বছরের ১৩ জানুয়ারি। ১১টি দরপত্র বিক্রি হলেও জমা পড়ে মাত্র ৪টি। এর মধ্যে কেবল ওয়াহিদ কনস্ট্রাকশনের দরপত্রকেই ‘রেসপন্সিভ’ বিবেচনা করা হয়, যার দর ৪৯৭ কোটি ৩৩ লাখ টাকা।

দরপত্র মূল্যায়ন চলাকালে কোনো দরদাতা ডিবারড হলে সে চলমান সব দরপত্রেও অযোগ্য বিবেচিত হবে। মূল্যায়ন কমিটি কর্তৃক ডিবারড দরদাতাকে চুক্তির জন্য সুপারিশ ও অনুমোদনের পর তার সঙ্গে চুক্তি সম্পাদন ‘সরকারি ক্রয় আইন ও বিধিমালার সুস্পষ্ট লঙ্ঘন’— ১৫ নভেম্বর প্রকাশিত এক পরিপত্রে বাংলাদেশ পাবলিক প্রকিউরমেন্ট অথরিটি (বিপিপিএ)

নথিপত্র অনুযায়ী, দরপত্র দাখিলের তিন মাস পর গত ১৯ এপ্রিল গণপূর্ত অধিদপ্তরের পাবলিক প্রকিউরমেন্ট বিধিমালা (পিপিআর) ২০২৫-এর বিধি ১৪৯(৮) অনুযায়ী ওয়াহিদ কনস্ট্রাকশন লিমিটেডকে ২০২৭ সালের ১৮ এপ্রিল পর্যন্ত এক বছরের জন্য সব সরকারি ক্রয় কার্যক্রমে অংশগ্রহণে অযোগ্য ঘোষণা করা হয়। বাংলাদেশ পাবলিক প্রকিউরমেন্ট অথরিটির (বিপিপিএ) ওয়েবসাইটে প্রকাশিত কালো তালিকার (ডিবারড ) ১০৩ নম্বরে প্রতিষ্ঠানটির নাম রয়েছে।

সূত্র আরও জানায়, ওয়াহিদ কনস্ট্রাকশন লিমিটেডকে কালোতালিকাভুক্ত ঘোষণা করার পর তা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট করে প্রতিষ্ঠানটি। হাইকোর্ট শুনানি শেষে গত ৩ মে কালোতালিকাভুক্ত করার আদেশ ৬ মাসের জন্য স্থগিত করেন। ওই আদেশ অনুযায়ী গত ২ নভেম্বর হাইকোর্টের স্থগিতাদেশ শেষ হয়।

সংশ্লিষ্টরা বলছেন, ডিবারড তালিকায় নাম ওঠার পরও প্রতিষ্ঠানটির দরপত্র মূল্যায়ন থেকে বাদ দেওয়া হয়নি। ১৯ এপ্রিল থেকে ২ মে পর্যন্ত কালোতালিকাভুক্তির আদেশের ওপর কোনো স্থগিতাদেশ ছিল না, অথচ তখনও মূল্যায়ন চলছিল। মে মাসে ক্রয়কারী নিজেই দরপত্র মূল্যায়ন প্রক্রিয়া সম্পন্ন না হওয়ার কারণ দেখিয়ে দরপত্রের বৈধতার মেয়াদ ৯ ডিসেম্বর পর্যন্ত বাড়ানোর অনুরোধ করে।

অন্যদিকে হাইকোর্টের স্থগিতাদেশের মেয়াদ শেষ হয়েছে গত ২ নভেম্বর। ওই স্থগিতাদেশের মেয়াদ শেষ হওয়ার মাত্র একদিন আগে, গত ১ নভেম্বর ওয়াহিদ কনস্ট্রাকশন লিমিটেডের অনুকূলে চুক্তি সম্পাদনের নোটিশ (নোয়া) জারি করে প্রকল্প পরিচালকের কার্যালয়। অথচ হাইকোর্টের স্থগিতাদেশের মেয়াদ আর না বাড়ানোর ফলে ৩ নভেম্বর থেকে প্রতিষ্ঠানটির অযোগ্যতা আবার কার্যকর হয়েছে। অযোগ্যতা বহাল থাকা অবস্থাতেই এখন প্রতিষ্ঠানটির সঙ্গে চুক্তি স্বাক্ষরের পাঁয়তারা চলছে বলে অভিযোগ সংশ্লিষ্টদের।

দরপত্র বিধি অনুযায়ী, নোয়া পাওয়ার পর ১৪ কর্মদিবসের মধ্যে কার্যসম্পাদন জামানত জমা দিতে হয় এবং ২৮ দিনের মধ্যে চুক্তি স্বাক্ষর করতে হয়, যার শেষ সময় ২৯ নভেম্বর। অর্থাৎ জামানত জমা ও চুক্তি স্বাক্ষরের পুরো সময়টাই পড়েছে অযোগ্যতার মেয়াদের মধ্যে। দরপত্র দলিলের ৫.২, ৫.৮ এবং ৫.১১ নম্বর উপ-দফা অনুযায়ী চুক্তি স্বাক্ষরের সময় পর্যন্ত দরদাতার যোগ্যতা বহাল থাকা বাধ্যতামূলক।

সংশ্লিষ্টদের অভিযোগ, এসব জেনেশুনেই অযোগ্য প্রতিষ্ঠানটিকে কাজ দেওয়া হচ্ছে এবং পুরো প্রক্রিয়াটি একটি চক্রের যোগসাজশে সম্পন্ন হয়েছে।

বিপিপিএ গত ১৫ নভেম্বর এক পরিপত্রে জানিয়েছে, দরপত্র মূল্যায়ন চলাকালে কোনো দরদাতা ডিবারড হলে সে চলমান সব দরপত্রেও অযোগ্য বিবেচিত হবে। মূল্যায়ন কমিটি কর্তৃক ডিবারড দরদাতাকে চুক্তির জন্য সুপারিশ ও অনুমোদনের পর তার সঙ্গে চুক্তি সম্পাদন ‘সরকারি ক্রয় আইন ও বিধিমালার সুস্পষ্ট লঙ্ঘন’ বলেও পরিপত্রে উল্লেখ করা হয়েছে।

এর আগে এই ভবন নির্মাণ প্রকল্পের দরপত্র যাচাই-বাছাইকালেই ওয়াহিদ কন্সট্রাকশনের দরপত্রে অংশগ্রহণের যোগ্যতা নিয়ে অভিযোগ ওঠে। দরপত্র প্রক্রিয়ায় নানা অসঙ্গতি ও অনিয়ম তুলে ধরে গত ২২ ফেব্রুয়ারি রাজশাহীর মেসার্স তাবাসসুম এন্টারপ্রাইজ নামের একটি ঠিকাদারি প্রতিষ্ঠান প্রধানমন্ত্রী, স্বাস্থ্যমন্ত্রী ও স্বাস্থ্য প্রতিমন্ত্রীর কাছে লিখিত অভিযোগ করে।

প্রজ্ঞাপন অনুযায়ীই আমরা পদক্ষেপ নেব। বিপিপিএর রুলস রেগুলেশনের বাইরে কোন কাজ হবে না। ওয়াহিদ কন্সট্রাকশন কালো তালিকাভুক্ত হলে তারা কাজ পাবে না। আমরা বিষয়গুলো খতিয়ে দেখে পরবর্তী সিদ্ধান্ত নেব— অধ্যাপক ডা. মো. জাওয়াদুল হক, উপাচার্য ও প্রকল্প পরিচালক, রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়

অভিযোগেপত্র থেকে জানা যায়, আইটিটি ১৩.১(বি) অনুযায়ী কমপক্ষে একটি বিল্ডিং কনস্ট্রাকশনের চুক্তির অভিজ্ঞতা চাওয়া হয়েছে। কিন্তু ওয়াহিদ কনস্ট্রাকশন যে অভিজ্ঞতা দেখিয়েছে, সেটি হলো ৭৩ এনওএস স্কুল কাম ডিজাস্টার শেল্টার উইথ এসোসিয়েটেড কানেক্টিং রোড, অর্থাৎ ৭৩টি স্কুল/দুর্যোগ আশ্রয়কেন্দ্র এবং তার সঙ্গে সংযোগ সড়ক নির্মাণের কাজের অভিজ্ঞতা। ৭৩টি ছোট বা ভিন্ন ধরনের ভবনের কাজকে একসঙ্গে দেখিয়ে একটি বিল্ডিং কনস্ট্রাকশনের ‘সিমিলার এক্সপেরিয়েন্স’ হিসেবে গ্রহণ করা উচিত নয়, বিশেষ করে যখন কাজগুলোর ধরন, উচ্চতা, বেজমেন্ট, টেকনিক্যাল কমপ্লেক্সিটি এবং স্কোপ বর্তমান হাসপাতাল প্রকল্পের তুলনায় ভিন্ন।

চিঠিতে ওয়াহিদ কনস্ট্রাকশনের স্পেসিফিক এক্সপেরিয়েন্সের কাগজপত্র আবার যাচাই, টেন্ডার ডকুমেন্টে দেওয়া কোয়ালিফিকেশন ক্রাইটেরিয়া কঠোরভাবে অনুসরণ করা এবং যাচাই করে যদি দেখা যায় যে, ওয়াহিদ কনস্ট্রাকশন সিমিলার এক্সপেরিয়েন্সের শর্ত পূরণ করেনি— তাহলে তাদের বিডকে নন রেসপনসিভ অথবা অযোগ্য ঘোষণা করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি তোলা হয়।

এ বিষয়ে জানতে চাইলে রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও প্রকল্পের পরিচালক (পিডি) অধ্যাপক ডা. জাওয়াদুল হক দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, এতদিন যে কাজ এগিয়েছে, তা নিয়ম অনুযায়ীই এগিয়েছে। এখন কেউ কালোতালিকাভুক্ত হলে কাজ পাবে না। বিপিপিএ প্রজ্ঞাপন জারি করেছে গত ১৫ নভেম্বর। ওই প্রজ্ঞাপন অনুযায়ীই আমরা পদক্ষেপ নেব। বিপিপিএর রুলস রেগুলেশনের বাইরে কোন কাজ হবে না। ওয়াহিদ কন্সট্রাকশন কালো তালিকাভুক্ত হলে তারা কাজ পাবে না। আমরা বিষয়গুলো খতিয়ে দেখে পরবর্তী সিদ্ধান্ত নেব।

তিনি বলেন, ডিবার্ডের প্রেক্ষিতে বিপিপিএর রুলস রেগুলেশন ও নির্দেশেনা মেনে কাজ করা হবে। আমরা ইতোমধ্যেই এ বিষয়ে বিপিপিএকে লিখিত চিঠি দিয়ে অবহিত করেছি।