১৯ নভেম্বর ২০২৬, ১৭:৪৭

চিকিৎসকদের পদায়ন-বদলি পুনর্বণ্টনে সরকারের নতুন নির্দেশনা

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়  © সংগৃহীত

বিসিএস (স্বাস্থ্য) ক্যাডারে কর্মরত চিকিৎসকদের অটোমেশন পদ্ধতিতে পদায়নের ক্ষেত্রে নতুন নির্দেশনা জারি করেছে সরকার। আজ বৃহস্পতিবার (১৯ নভেম্বর) স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগের জারি করা এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে। গত ৯ নভেম্বর অনুষ্ঠিত সভার সিদ্ধান্ত বাস্তবায়নে এসব উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানানো হয়েছে বিজ্ঞপ্তিতে।

স্বাস্থ্য সেবা বিভাগের পার-২ শাখার উপসচিব আশরাফ আহমেদ রাসেল স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়, উপজেলায় কর্মরত চিকিৎসকদের উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (ইউএইচএফপিও) এবং জেলায় কর্মরত চিকিৎসকদের ক্ষেত্রে (প্রযোজ্য ক্ষেত্রে) তত্ত্বাবধায়ক, সিভিল সার্জন, পরিচালক বা অধ্যক্ষের মাধ্যমে আবেদন পাঠাতে হবে।

এছাড়া ইউএইচএফপিওসহ সব পর্যায়ের প্রশাসনিক পদসমূহে বদলি ও পদায়নের বিষয়াদি সরাসরি স্বাস্থ্য সেবা বিভাগ থেকে সম্পন্ন করা হবে। আর জুনিয়র কনসালটেন্ট ও ৬ষ্ঠ গ্রেড পর্যায়ের কর্মকর্তাদের বদলি বা পদায়ন সম্পন্ন করবে স্বাস্থ্য অধিদপ্তর।

এর মধ্যে সহকারী সার্জন, মেডিকেল অফিসার ও ডেন্টাল সার্জনসহ ৯ম থেকে ৭ম গ্রেডভুক্ত কর্মকর্তাদের নিজ বিভাগের মধ্যে বদলি ও পদায়ন সংশ্লিষ্ট বিভাগীয় পরিচালকের কার্যালয় থেকে সম্পন্ন হবে। তবে আন্তঃবিভাগ (এক বিভাগ থেকে অন্য বিভাগ) বদলির ক্ষেত্রগুলো স্বাস্থ্য অধিদপ্তর থেকে সম্পন্ন করা হবে।

আর সব ধরণের বদলি ও পদায়ন পর্যায়ক্রমে অটোমেশন সিস্টেমের মাধ্যমে পরিচালনা করতে হবে এবং সব পর্যায়ের কর্মকর্তাদের পদোন্নতি স্বাস্থ্য সেবা বিভাগ থেকে দেওয়া হবে। তবে বদলি ও পদায়ন শুধু শূন্যপদের বিপরীতে করা যাবে। এছাড়া প্রশাসনিক জরুরি প্রয়োজন বা সুনির্দিষ্ট কারণ ব্যতীত কোনো পদে পদায়নের দুই বছরের মধ্যে পুনরায় বদলি করা যাবে না।