বিএমইউতে জরায়ুমুখ, জরায়ু ও ডিম্বাশয়ের ক্যান্সার প্রতিরোধে আন্তর্জাতিক কর্মশালা
বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএমইউ) নারীদের বিভিন্ন ধরনের ক্যান্সার প্রতিরোধ, প্রাথমিক পর্যায়ে শনাক্তকরণ এবং আধুনিক চিকিৎসাপদ্ধতি সম্পর্কে চিকিৎসকদের দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে ‘প্রিভেন্টিভ অনকোলজি ওয়ার্কশপ’ শীর্ষক আন্তর্জাতিক বৈজ্ঞানিক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার (১৮ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের মিলন হলে এই কর্মশালা আয়োজিত হয়।
সাউথ এশিয়ান ফেডারেশন অব অবস্টেট্রিক্স অ্যান্ড গাইনোকোলজির (সাফোগ) উদ্যোগে আয়োজিত কর্মশালায় সহযোগী ছিল অনকোলজি ক্লাব, ঢাকা এবং অবস্টেট্রিক্যাল অ্যান্ড গাইনোকোলজিক্যাল সোসাইটি অব বাংলাদেশ (ওজিএসবি) ও গাইনোকোলজিক্যাল অনকোলজি সোসাইটি অব বাংলাদেশ (জিওএসবি)।
ভারতের কটকের আচার্য হরিহর পোস্টগ্র্যাজুয়েট ইনস্টিটিউট অব ক্যান্সারের গাইনোকোলজিক্যাল অনকোলজি বিভাগের অধ্যাপক ও বিভাগীয় প্রধান অধ্যাপক ভাগ্যলক্ষ্মী নায়কের সভাপতিত্বে কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অনকোলজি ক্লাব বাংলাদেশের সভাপতি অধ্যাপক এম এ হাই এবং সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ওজিএসবির সভাপতি অধ্যাপক ফিরোজা বেগম।
আমন্ত্রিত অতিথিদের মধ্যে ছিলেন ওজিএসবি ও সাফোগের সাবেক সভাপতি অধ্যাপক ফেরদৌসী বেগম, সাফোগের কো-চেয়ার অধ্যাপক সাবেরা খাতুন, সাফোগের মহাসচিব অধ্যাপক ফারহানা দেওয়ান, ল্যাবএইড ক্যান্সার হাসপাতালের রেডিয়েশন অনকোলজিস্ট ডা. এ এফ এম কামালউদ্দিন, যুক্তরাষ্ট্রের ম্যাসাচুসেটস জেনারেল হাসপাতালের গাইনোকোলজিক্যাল অনকোলজিস্ট ডা. এ কে গুডম্যান এবং বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ক্লিনিক্যাল অনকোলজি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা. সৈয়দ মো. আকরাম হোসেন। কর্মশালায় বাংলাদেশ, ভারত, পাকিস্তান ও যুক্তরাষ্ট্রের বিশেষজ্ঞ চিকিৎসকেরা অংশগ্রহণ করেন।
জরায়ুমুখের ক্যান্সার প্রতিরোধে গুরুত্ব
কর্মশালার প্রথম বৈজ্ঞানিক অধিবেশনে জরায়ুমুখের ক্যান্সার প্রতিরোধে বিশ্ব স্বাস্থ্য সংস্থার নতুন স্ক্রিনিং নির্দেশনা, হিউম্যান প্যাপিলোমাভাইরাস (এইচপিভি) টিকাদান এবং ক্যান্সার-পূর্ববর্তী ক্ষতের ব্যবস্থাপনা নিয়ে আলোচনা করা হয়।
এ অধিবেশনে অধ্যাপক আশরাফুন্নেসা, ডা. আলিয়া আজিজ এবং অধ্যাপক সাবেরা খাতুন বৈজ্ঞানিক প্রবন্ধ উপস্থাপন করেন। আলোচনায় জরায়ুমুখের ক্যান্সার প্রতিরোধে এইচপিভি টিকাদান, বয়স ও ঝুঁকিভিত্তিক স্ক্রিনিং এবং প্রাথমিক পর্যায়ে যথাযথ চিকিৎসার গুরুত্ব তুলে ধরা হয়।
জরায়ু ও ডিম্বাশয়ের ক্যান্সার নিয়ে আলোচনা
দ্বিতীয় অধিবেশনে জরায়ুর এন্ডোমেট্রিয়াল ক্যান্সার প্রতিরোধ, মেনোপজ-পরবর্তী রক্তক্ষরণের মূল্যায়ন, স্ক্রিনিংয়ের সীমাবদ্ধতা এবং ক্যান্সার-পূর্ববর্তী এন্ডোমেট্রিয়াল পরিবর্তনের ব্যবস্থাপনা নিয়ে আলোচনা করা হয়। এতে ডা. উজমা চিশতি, অধ্যাপক নাসরিন হোসেন এবং অধ্যাপক শাহানা পারভীন বক্তব্য দেন।
ডিম্বাশয়ের ক্যান্সারবিষয়ক অধিবেশনে সন্দেহজনক অ্যাডনেক্সাল মাসের ব্যবস্থাপনা, জেনেটিক পরীক্ষার ভূমিকা এবং বংশগত ক্যান্সারের ঝুঁকি কমানোর কৌশল নিয়ে আলোচনা করেন অধ্যাপক অমিতা মহেশ্বরী, অধ্যাপক ভাগ্যলক্ষ্মী নায়ক ও অধ্যাপক জান্নাতুল ফেরদৌস।
বিশেষজ্ঞরা উল্লেখ করেন, ডিম্বাশয়ের ক্যান্সারের ক্ষেত্রে সাধারণ জনগোষ্ঠীর জন্য কার্যকর নিয়মিত স্ক্রিনিং পদ্ধতি প্রতিষ্ঠিত না হলেও উচ্চঝুঁকিপূর্ণ নারীদের জেনেটিক কাউন্সেলিং, উপযুক্ত পরীক্ষা এবং ঝুঁকি হ্রাসের ব্যবস্থা গুরুত্বপূর্ণ।
ভালভার ক্যান্সার ও গর্ভকালীন ট্রফোব্লাস্টিক রোগ
অপর অধিবেশনে ভালভার ক্যান্সারের পূর্ববর্তী পরিবর্তন শনাক্তকরণ, ভালভার বায়োপসির আধুনিক পদ্ধতি এবং মোলার প্রেগন্যান্সির পর নিয়মিত ফলোআপের গুরুত্ব নিয়ে আলোচনা করা হয়।
এ অধিবেশনে অধ্যাপক রেহানা পারভীন, অধ্যাপক সালমা আক্তার ওয়ালিদা এবং অধ্যাপক সাবেরা খাতুন বৈজ্ঞানিক আলোচনা উপস্থাপন করেন।
হাতে-কলমে প্রশিক্ষণ
কর্মশালার অন্যতম আকর্ষণ ছিল থার্মাল অ্যাবলেশন, LEEP, VIA এবং কলপোস্কোপির ওপর হাতে-কলমে প্রশিক্ষণ। এসব পদ্ধতি জরায়ুমুখের ক্যান্সার-পূর্ববর্তী পরিবর্তন শনাক্তকরণ ও উপযুক্ত ক্ষেত্রে চিকিৎসায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
জাতীয় পর্যায়ে প্রতিরোধমূলক অনকোলজি কার্যক্রম জোরদারের প্রয়োজন
কর্মশালার আলোচনায় প্রতিরোধযোগ্য ক্যান্সারের বোঝা কমাতে জনসচেতনতা বৃদ্ধি, এইচপিভি টিকাদান কর্মসূচি সম্প্রসারণ, মানসম্মত স্ক্রিনিং, প্রশিক্ষিত জনবল তৈরি এবং প্রয়োজনীয় ক্ষেত্রে দ্রুত রেফারেল ব্যবস্থার ওপর গুরুত্ব দেওয়া হয়।
পাশাপাশি গাইনোকোলজিস্ট, ক্লিনিক্যাল অনকোলজিস্ট, প্যাথলজিস্ট, রেডিওলজিস্ট ও অন্যান্য সংশ্লিষ্ট বিশেষজ্ঞদের সমন্বয়ে বহুবিষয়ক চিকিৎসাব্যবস্থা শক্তিশালী করার প্রয়োজনীয়তা তুলে ধরা হয়।
বিশ্ববিদ্যালয়ভিত্তিক চিকিৎসাসেবা, শিক্ষা ও গবেষণার সঙ্গে প্রতিরোধমূলক অনকোলজি কার্যক্রমের সমন্বয় বাংলাদেশের নারীদের ক্যান্সারজনিত অসুস্থতা ও মৃত্যুঝুঁকি হ্রাসে গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারে বলে আলোচনায় গুরুত্ব পায়।
কর্মশালায় বৈজ্ঞানিক অধিবেশনগুলো পরিচালনা ও সমন্বয়ে দায়িত্ব পালন করেন ডা. ফারহানা খাতুন, ডা. সাবিহা ইয়াসমিন ও ডা. আসমা খাতুন।
আয়োজকেরা আশা প্রকাশ করেন, এ ধরনের আন্তর্জাতিক বৈজ্ঞানিক কর্মশালা চিকিৎসকদের দক্ষতা বৃদ্ধি, আঞ্চলিক সহযোগিতা সম্প্রসারণ এবং বাংলাদেশে নারীদের ক্যান্সার প্রতিরোধ ও প্রাথমিক শনাক্তকরণ কার্যক্রমকে আরও শক্তিশালী করতে সহায়ক হবে।