ক্লিনিক্যাল অনকোলজি বিভাগ পরিদর্শন করলেন আইএইএর জ্যেষ্ঠ কর্মকর্তা, শিক্ষা-গবেষণায় কারিগরি সহযোগিতার আশ্বাস
আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার (আইএইএ) কারিগরি সহযোগিতা বিভাগের এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের প্রোগ্রাম ম্যানেজমেন্ট অফিসার নাজিম সি আহমেদ বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) ক্লিনিক্যাল অনকোলজি বিভাগ পরিদর্শন করেছেন। আজ বুধবার (১৮ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের এফ ব্লক ভবনে তিনি বিভাগটি পরিদর্শন করেন।
পরিদর্শনকালে নাজিম সি আহমেদ বিভাগের ক্যান্সার চিকিৎসাসেবা, স্নাতকোত্তর শিক্ষা, প্রশিক্ষণ, গবেষণা কার্যক্রম এবং বিদ্যমান অবকাঠামো ও প্রযুক্তিগত সক্ষমতা সম্পর্কে অবহিত হন। বিভাগের সার্বিক কার্যক্রম, একাডেমিক পরিবেশ ও অগ্রগতিতে তিনি সন্তোষ প্রকাশ করেন।
এ সময় বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা. সৈয়দ মো. আকরাম হোসেন বিভাগের অর্জন, বিদ্যমান সীমাবদ্ধতা এবং ভবিষ্যৎ উন্নয়ন পরিকল্পনা তুলে ধরেন।
আলোচনায় বিশেষ গুরুত্ব পায় বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের অধীনে শিক্ষা ও গবেষণাকেন্দ্রিক একটি বিশেষায়িত ক্যান্সার ইনস্টিটিউট প্রতিষ্ঠার প্রস্তাব। প্রস্তাবিত ইনস্টিটিউটের মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ক্যান্সার সংশ্লিষ্ট বিভাগকে সমন্বিত করে উচ্চতর শিক্ষা, গবেষণা, আধুনিক চিকিৎসা, বহুবিষয়ক প্রশিক্ষণ এবং আন্তর্জাতিক সহযোগিতা সম্প্রসারণের সম্ভাবনা তুলে ধরা হয়।
নাজিম সি আহমেদ এ উদ্যোগের প্রতি আগ্রহ প্রকাশ করেন এবং প্রস্তাবিত ক্যান্সার ইনস্টিটিউট প্রতিষ্ঠায় আইএইএর বিদ্যমান সহযোগিতা কাঠামোর আওতায় সম্ভাব্য কারিগরি সহায়তার বিষয়ে ইতিবাচক মনোভাব ব্যক্ত করেন।
এ ছাড়া মেডিকেল ফিজিক্স রেসিডেন্সি কোর্স এবং রেডিয়েশন টেকনোলজিতে বিএসসি কোর্স চালুর বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। এসব কোর্সের মাধ্যমে আন্তর্জাতিক মানসম্পন্ন মেডিকেল ফিজিসিস্ট ও রেডিয়েশন টেকনোলজিস্ট তৈরির প্রয়োজনীয়তা তুলে ধরা হয়। আইএইএ প্রতিনিধি এ ক্ষেত্রে কারিগরি সহযোগিতা ও প্রশিক্ষণ সক্ষমতা উন্নয়নে আগ্রহ প্রকাশ করেন।
পরিদর্শনের সময় তিনি ক্লিনিক্যাল অনকোলজি বিভাগে অধ্যয়নরত বিদেশি শিক্ষার্থীদের সঙ্গে সরাসরি মতবিনিময় করেন। তাদের শিক্ষা ও প্রশিক্ষণের অভিজ্ঞতা সম্পর্কে খোঁজ-খবর নেন এবং বিএমইউতে আরও বিদেশি শিক্ষার্থী ভর্তির সুযোগ সম্প্রসারণের বিষয়ে আগ্রহ প্রকাশ করেন। আলোচনায় আধুনিক রেডিওথেরাপি প্রযুক্তি, লিনিয়ার অ্যাক্সিলারেটর (লিনার), রেডিয়েশন সেফটি, চিকিৎসার গুণগত মান নিশ্চিতকরণ, দক্ষ মানবসম্পদ উন্নয়ন, শিক্ষক প্রশিক্ষণ এবং যৌথ গবেষণার বিষয়গুলোও গুরুত্ব পায়।
অধ্যাপক ডা. সৈয়দ মো. আকরাম হোসেন বলেন, বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে ইতোমধ্যে ক্যান্সার চিকিৎসা, উচ্চতর শিক্ষা ও গবেষণার জন্য বিভিন্ন বিশেষায়িত বিভাগ এবং দক্ষ জনবল রয়েছে। এসব সক্ষমতাকে একটি সমন্বিত কাঠামোর আওতায় এনে শিক্ষা ও গবেষণাকেন্দ্রিক বিশেষায়িত ক্যান্সার ইনস্টিটিউট প্রতিষ্ঠা করা গেলে তা দেশের ক্যান্সার চিকিৎসা, দক্ষ মানবসম্পদ উন্নয়ন এবং গবেষণায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারবে।
তিনি আরও বলেন, আমাদের লক্ষ্য বিএমইউকে সমন্বিত ক্যান্সার চিকিৎসা, উচ্চতর শিক্ষা, প্রশিক্ষণ ও গবেষণায় একটি জাতীয় উৎকর্ষ কেন্দ্রে রূপান্তর করা। আন্তর্জাতিক সহযোগিতার মাধ্যমে এ লক্ষ্য বাস্তবায়নের সুযোগ আরও সম্প্রসারিত হতে পারে।
সম্প্রতি অনুষ্ঠিত আইএইএ, ডব্লিউএইচও এবং আইএআরসির যৌথ ইমপ্যাক্ট রিভিউ মিশন ২০২৬-এর প্রেক্ষাপটে এ পরিদর্শন ও আলোচনা বাংলাদেশের ক্যান্সার চিকিৎসা, শিক্ষা, গবেষণা এবং অবকাঠামোগত সক্ষমতা উন্নয়নে আন্তর্জাতিক সহযোগিতার একটি গুরুত্বপূর্ণ সম্ভাবনা তৈরি করেছে।
পরিদর্শন শেষে অধ্যাপক ডা. আকরাম হোসেন আইএইএ প্রতিনিধিকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান এবং ভবিষ্যতে প্রস্তাবিত ক্যান্সার ইনস্টিটিউট, মেডিকেল ফিজিক্স ও রেডিয়েশন টেকনোলজি শিক্ষা, আন্তর্জাতিক শিক্ষার্থী বিনিময় এবং যৌথ গবেষণায় সহযোগিতা আরও সুদৃঢ় হওয়ার আশাবাদ ব্যক্ত করেন।
বিএমইউর বিদ্যমান শিক্ষা, গবেষণা ও চিকিৎসাসেবার সক্ষমতাকে কাজে লাগিয়ে একটি বিশেষায়িত ক্যান্সার ইনস্টিটিউট প্রতিষ্ঠা জাতীয় ক্যান্সার নিয়ন্ত্রণ কার্যক্রমকে শক্তিশালী করার পাশাপাশি বাংলাদেশকে আঞ্চলিক পর্যায়ে ক্যান্সার শিক্ষা ও গবেষণার একটি গুরুত্বপূর্ণ কেন্দ্রে পরিণত করতে সহায়ক হতে পারে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।