কারিগরি বোর্ডে মেডিকেল টেকনোলজি চালুর দাবি এমপির, প্রতিবাদ টেকনোলজিস্টদের
জাতীয় সংসদে বন্ধ কারিগরি প্রতিষ্ঠান চালু সংক্রান্ত আলোচনায় মেডিকেল টেকনোলজি ও জেনারেল টেকনোলজির তফাত গুলিয়ে ফেলা এবং বিজ্ঞান বিভাগ ছাড়া শর্ট কোর্সের পক্ষে কুমিল্লা-৬ আসনের সংসদ সদস্য মনিরুল হক চৌধুরীর বক্তব্যের প্রতিবাদ জানিয়েছে মেডিকেল টেকনোলজিস্ট ফোরাম (এমটিএফ)। এ ধরনের বিভ্রান্তিকর বক্তব্য ভুল রিপোর্ট ও ভুল চিকিৎসার ঝুঁকি বাড়িয়ে দেওয়ার পাশাপাশি প্রায় ৫০ হাজার বেকার মেডিকেল টেকনোলজিস্টের ক্যারিয়ারের ওপর নেতিবাচক প্রভাব ফেলছে বলেও জানিয়েছে সংগঠনটি।
একই সঙ্গে অবিলম্বে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলোতে ৩ শিফটে রোগ নির্ণয় ব্যবস্থা চালু করা এবং মেডিকেল টেকনোলজি কাউন্সিল গঠনসহ ১০ম গ্রেডে উন্নীতকরণের দাবি জানিয়েছেন তারা।
সংগঠনটির সভাপতি মো. সোহেল রানা, সেক্রেটারি জেনারেল মো. রিপন সিকদার ও সাংগঠনিক সম্পাদক মো. মোশারফ হোসেন স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব কথা বলা হয়েছে।
প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ১৫ নভেম্বর সংসদ অধিবেশনে বিএনপির সংসদ সদস্য মনিরুল হক চৌধুরী (কুমিল্লা-৬) বন্ধ কারিগরি প্রতিষ্ঠান চালু করার যুক্তি দিতে গিয়ে মেডিকেল টেকনোলজি ও জেনারেল টেকনোলজির মাঝে তফাৎ গুলিয়ে ফেলেছেন। তিনি ওয়ান আমব্রেলার কনসেপ্ট বাস্তবায়ন করার গুরুত্ব দিয়ে পদ সৃজন ও নিয়োগ কার্যকর করে সেবা বৃদ্ধি এবং রোগ নির্ণয়ের মান বৃদ্ধির জন্য গ্র্যাজুয়েট মেডিকেল টেকনোলজিস্টদের কোয়ালিটি কন্ট্রোল অফিসার নিয়োগের কথা না বলে সায়েন্সবিহীন শর্ট কোর্সের গুরুত্ব তুলে ধরেছেন।
এতে বলা হয়, এর মাধ্যমে মানুষকে যন্ত্রের মত দেখার সুযোগ করে দিয়েছেন, যা ভুল রিপোর্ট ও ভুল চিকিৎসার ব্যবস্থা চালু করার কথা বলায় আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। সায়েন্স ও বায়োলজি নির্ভর মেডিকেল টেকনোলজিস্ট প্রায় ৫০ হাজার বেকারদের চাকরির সুযোগ দেয়া, ক্যারিয়ার প্যাথওয়ে চালু ও রিপোর্টের কোয়ালিটি কন্ট্রোল ব্যবস্থা বাড়ানোর কথা না বলে আরও বেকার তৈরি করার প্রস্তাব দিয়েছেন।
বিজ্ঞপ্তিতে বলা হয়, যেহেতু মামলা নিষ্পত্তি হয়েছে, দেশে অর্ধ-লক্ষ মেডিকেল টেকনোলজিস্ট বেকার আছে সেহেতু উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও বিভিন্ন স্বাস্থ্য প্রতিষ্ঠানে ৩ শিফটে রোগ নির্ণয় ব্যবস্থা চালু করে বিশ্ব স্বাস্থ্য সংস্থার নিয়ম অনুযায়ী ১:৩:৫ কার্যকর করুন। অন্যথায় কর্মবিরতিসহ আন্দোলন গড়ে উঠবে। মেডিকেল টেকনোলজি কাউন্সিল গঠন, সকল ডিপ্লোমাধারীদের ন্যায় ১০ম গ্রেডে উন্নীত করার মাধ্যমে আশু সমাধান সম্ভব। এই বিষয়ে প্রধানমন্ত্রীর সুদৃষ্টি কামনা করছি।