১৫ নভেম্বর ২০২৬, ২২:২৪

‘দলীয় কর্মী’ উল্লেখ করে সরকারি চিকিৎসককে বহিষ্কার করল জামায়াত

জামায়াতে ইসলামীর লোগো ও ডা. ইসমাইল হোসেন  © টিডিসি সম্পাদিত

‘সাংগঠনিক শৃঙ্খলাভঙ্গের দায়ে’ ডা. ইসমাইল হোসেন নামে চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালের জুনিয়র কনসালটেন্টকে (অর্থোপেডিক) দলীয় কর্মী উল্লেখ করে দল থেকে বহিষ্কারের ঘোষণা দিয়েছে জামায়াতে ইসলামী। জামায়াত সমর্থিত চিকিৎসকদের সংগঠন ন্যাশনাল ডক্টরস ফোরাম (এনডিএফ) থেকে বহিষ্কারের তিন দিনের মাথায় মূল দল থেকে তাকে বহিষ্কারের ঘোষণা দেওয়া হলো। যদিও কখনও জামায়াতের কর্মী ছিলেন না বলে দাবি করেছেন ওই চিকিৎসক।

শনিবার (১৫ নভেম্বর) ডা. ইসমাইলকে বহিষ্কার করে একটি প্রেস বিজ্ঞপ্তি প্রেরণ করে জামায়াত। এতে ‘মিডিয়া বিভাগ’-এর স্বাক্ষর রয়েছে।

প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, সম্প্রতি সংগঠনের কর্মী ডা. ইসমাইল জামায়াতের দুই পক্ষের মধ্যে সংঘাত ও বিরোধ সৃষ্টির মত গুরুতর অভিযোগ উত্থাপিত হয়। এর প্রেক্ষিতে তদন্ত সাপেক্ষে তাকে বহিস্কার করেছে দল।

বিজ্ঞপ্তির সত্যতা নিশ্চিত করে জেলা জামায়াতের সেক্রেটারি অধ্যাপক মো. আবু বকর গণমাধ্যমকে বলেন, ডা. ইসমাইল আমাদের সাথেই ছিলেন। সম্প্রতি তার বিরুদ্ধে জামায়াতের দুই পক্ষের মধ্যে সংঘাত ও বিরোধ সৃষ্টির মত গুরুতর অভিযোগ উত্থাপিত হয়। এ অভিযোগে সংগঠন তাকে বহিষ্কার করেছে। এছাড়াও জামায়াতের সকল পর্যায়ের নেতা কর্মীদের ডা. ইসমাইলের সাথে কোন প্রকার চলাচল না করতে এবং এই সিদ্ধান্ত অনুসরনের আহ্বান জানানো হয়েছে।

এ বিষয়ে জেলা হাসপাতালের অর্থোপেডিক সার্জন ডা. ইসমাইল হোসেনের সাথে একাধিকবার যোগাযোগের চেষ্টা করলেও তিনি ফোন রিসিভ করেননি। তবে তার নিজস্ব ফেসবুক পোস্টে তিনি লিখেছেন, তিনি কখনো জামায়াতের কর্মী ছিলেন না। যদিও দলটির শুভাকাঙ্খী এবং অতীতে ইসলামী ছাত্রশিবির করার কথা জানিয়েছেন তিনি।

এর আগে গত বৃহস্পতিবার (১২ নভেম্বর) সাংগাঠনিক শৃঙ্খলা ভঙ্গ এবং সংগঠনবিরোধী কর্মকাণ্ডের অভিযোগে সহ-সভাপতির পদ থেকে ডা. ইসমাইল হোসেনকে বহিস্কার করে ন্যাশনাল ডক্টরস ফোরাম (এনডিএফ)। সংগঠনটির জেলা শাখার সভাপতি ও সাধারণ সম্পাদক স্বাক্ষরিত নোটিশে ডা. ইসমাইলকে কেন স্থায়ীভাবে বহিষ্কার করা হবে না— সাত দিনের মধ্যে তার লিখিত ব্যাখা দিতে দিতে বলা হয়।

একই দিন হাসপাতাল মোড় এলাকার ম্যাক্স হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার দখলের শঙ্কায় তার চেম্বার বন্ধ করে দিয়েছে কর্তৃপক্ষ। আগের দিন (১১ নভেম্বর) সদর উপজেলা বিএনপির আহ্বায়ক ওবায়েদ পাঠান মালিকানা দাবি করে লোকজন নিয়ে হাসপাতালে যাওয়ার পরদিন হাসপাতালটি দখলের শঙ্কায় চেম্বার বন্ধের নোটিশ দেওয়া হয়। এছাড়াও ডা. ইসমাইল হোসেনের বিরুদ্ধে হাসপাতালের গঠনতন্ত্র ও শৃঙ্খলা ভঙ্গ করে শেয়ার বিক্রির অভিযোগ তোলে হাসপাতাল কর্তৃপক্ষ।