১৫ নভেম্বর ২০২৬, ০৭:৪৬

শুধু ফুসফুস নয়, বায়ুদূষণে ক্ষতিগ্রস্ত হতে পারে হৃদযন্ত্র ও মস্তিষ্ক

প্রতীকী ছবি   © সংগৃহীত

বায়ুদূষণ শুধু ফুসফুসের ক্ষতি করে না, দীর্ঘ সময় দূষিত বাতাসের সংস্পর্শে থাকলে হৃদযন্ত্র ও মস্তিষ্কও ক্ষতিগ্রস্ত হতে পারে। এতে শ্বাসতন্ত্রের রোগ, হৃদরোগ, হার্ট অ্যাটাক ও স্ট্রোকের ঝুঁকি বাড়তে পারে। এমনকি অতি সূক্ষ্ম ধূলিকণা রক্তের সঙ্গে মিশে শরীরের বিভিন্ন অঙ্গের ওপর প্রভাব ফেলতে পারে।

ফুসফুস বিশেষজ্ঞ চিকিৎসক ডা. মালবিকা জানিয়েছেন, দূষিত বাতাসে থাকা পিএম ২.৫ কণা এতটাই ক্ষুদ্র যে তা নাক ও শ্বাসনালির স্বাভাবিক প্রতিরোধব্যবস্থা অতিক্রম করে ফুসফুসের অ্যালভিওলাই বা বায়ুথলিতে পৌঁছাতে পারে। এসব কণা ও বাতাসে থাকা বিভিন্ন রাসায়নিক উপাদান রক্তের সঙ্গে মিশে শরীরের অন্যান্য অঙ্গেও প্রভাব ফেলতে পারে।

ফুসফুস, হৃদযন্ত্র ও মস্তিষ্কে যেসব প্রভাব
বায়ুদূষণের সবচেয়ে সরাসরি প্রভাব পড়ে শ্বাসতন্ত্রে। চিকিৎসক ডা. মালবিকার মতে, দূষিত বাতাসের কারণে শ্বাসনালিতে প্রদাহ হতে পারে। এতে শ্বাসনালির পেশি সংকুচিত হয়ে ব্রঙ্কোস্পাজম দেখা দিতে পারে। ফলে শ্বাস নিতে কষ্ট, কাশি এবং শ্বাস নেওয়ার সময় শিসের মতো শব্দ হতে পারে।

আগে থেকে হাঁপানি বা ক্রনিক অবস্ট্রাকটিভ পালমোনারি ডিজিজের (সিওপিডি) মতো রোগে আক্রান্ত ব্যক্তিদের ক্ষেত্রে দূষণের প্রভাব আরও গুরুতর হতে পারে। তাদের রোগের উপসর্গ বেড়ে যেতে পারে এবং শ্বাসকষ্টের তীব্রতা বাড়তে পারে।

বায়ুদূষণ হৃদযন্ত্রের ওপরও প্রভাব ফেলে। চিকিৎসকের ব্যাখ্যা অনুযায়ী, দূষিত বাতাসের কারণে হৃৎস্পন্দন ও রক্তচাপের পরিবর্তন হতে পারে। পাশাপাশি রক্তনালিতে প্রদাহ, অক্সিডেটিভ স্ট্রেস এবং রক্ত জমাট বাঁধার ঝুঁকি বাড়তে পারে। দীর্ঘদিন দূষিত বাতাসের সংস্পর্শে থাকলে হার্ট অ্যাটাক ও হৃদ্‌রোগের আশঙ্কাও বাড়ে।

মস্তিষ্কের ক্ষেত্রেও বায়ুদূষণের ক্ষতিকর প্রভাব রয়েছে। মারাত্মক দূষণের কারণে রক্তনালি ক্ষতিগ্রস্ত হতে পারে, যা স্ট্রোকের ঝুঁকি বাড়ায়। এ ছাড়া মাথাব্যথাসহ বিভিন্ন শারীরিক উপসর্গ দেখা দিতে পারে।

দীর্ঘদিন দূষিত বাতাসে থাকলে বাড়ে রোগের ঝুঁকি
দীর্ঘ সময় পিএম ২.৫ কণার সংস্পর্শে থাকলে ফুসফুসের স্বাভাবিক কার্যক্ষমতা ব্যাহত হতে পারে। হাঁপানি রোগীদের শ্বাসনালির প্রদাহ বেড়ে ঘন ঘন উপসর্গ দেখা দিতে পারে। সিওপিডিতে আক্রান্ত ব্যক্তিদের অবস্থার অবনতি হয়ে হাসপাতালে ভর্তি হওয়ার প্রয়োজনও হতে পারে।

বায়ুদূষণ ফুসফুসের ক্যানসারের ঝুঁকিও বাড়ায়। ধূমপান ছাড়াও দূষিত বাতাসে থাকা সূক্ষ্ম কণার সংস্পর্শ এ রোগের অন্যতম ঝুঁকির কারণ। এ ছাড়া দীর্ঘদিন দূষিত বাতাসে থাকলে কাশি, কফ, শ্বাসকষ্ট, ক্লান্তি এবং শ্বাসতন্ত্রের সংক্রমণ বাড়তে পারে।

চিকিৎসকের মতে, বায়ুদূষণের কারণে চোখে জ্বালাপোড়া, গলাব্যথা, দীর্ঘস্থায়ী কাশি, বুকে চাপ, শ্বাস নেওয়ার সময় শিসের মতো শব্দ, শ্বাসকষ্ট ও মাথাব্যথা দেখা দিতে পারে। আগে থেকে হাঁপানি থাকলে হঠাৎ রোগের তীব্রতা বেড়ে যেতে পারে।

কখন নিতে হবে চিকিৎসা
অল্প সময় দূষিত বাতাসের সংস্পর্শে এলে অধিকাংশ মানুষের ক্ষেত্রে ফুসফুসে সৃষ্ট হালকা প্রদাহ ও ফোলাভাব সাময়িক হতে পারে। দূষণের সংস্পর্শ কমলে এসব উপসর্গ কমার সম্ভাবনা থাকে। তবে আগে থেকে ফুসফুসের রোগে আক্রান্ত ব্যক্তিদের স্থায়ী ক্ষতির ঝুঁকি তুলনামূলক বেশি।

ফুসফুসের ক্ষতি কতটা নিরাময় সম্ভব, তা নির্ভর করে দূষণের মাত্রা, কত দিন দূষিত বাতাসের সংস্পর্শে থাকতে হয়েছে এবং আগে থেকে কোনো শারীরিক জটিলতা রয়েছে কি না, তার ওপর। গুরুতর ক্ষতি বা ফুসফুসের টিস্যুতে ফাইব্রোসিস তৈরি হলে দীর্ঘমেয়াদি সমস্যা দেখা দিতে পারে।

রোগীর উপসর্গ ও শারীরিক অবস্থার ভিত্তিতে চিকিৎসা দেওয়া হয়। শ্বাসনালি সংকুচিত হলে চিকিৎসকের পরামর্শে ব্রঙ্কোডাইলেটর এবং রক্তে অক্সিজেনের মাত্রা কমে গেলে অক্সিজেন থেরাপি দেওয়া হতে পারে। তবে বায়ুদূষণের সংস্পর্শে এলেই সতর্কতামূলকভাবে অ্যান্টিবায়োটিক, স্টেরয়েড বা নেবুলাইজেশন নেওয়ার প্রয়োজন নেই।

দূষিত বাতাসের সংস্পর্শে আসার পর তীব্র শ্বাসকষ্ট, বুকে ব্যথা, মাথা ঘোরা বা অজ্ঞান হওয়ার মতো উপসর্গ দেখা দিলে দ্রুত হাসপাতালে যেতে হবে। শ্বাস নিতে এতটাই কষ্ট হলে যে পুরো বাক্য বলা যাচ্ছে না, কিংবা চিকিৎসকের দেওয়া ওষুধেও উপসর্গ কমছে না, সে ক্ষেত্রেও জরুরি চিকিৎসা নেওয়া প্রয়োজন।

সূত্র: বিবিসি নিউজ।