১৪ নভেম্বর ২০২৬, ২০:৫৬

এনডিএফের নতুন কমিটি, আবারও নেতৃত্বে ডা. নজরুল-ডা. মাহমুদ

অধ্যাপক ডা. মো. নজরুল ইসলাম ও অধ্যাপক ডা. মাহমুদ হোসেন বকাউল (বাঁ থেকে)  © টিডিসি সম্পাদিত

জামায়াত সমর্থিত চিকিৎসকদের সংগঠন ন্যাশনাল ডক্টরস ফোরামের (এনডিএফ) নতুন কমিটি গঠিত হয়েছে। এতে আবারও সভাপতি নির্বাচিত হয়েছেন অধ্যাপক ডা. মো. নজরুল ইসলাম। আর জেনারেল সেক্রেটারি হিসেবে দায়িত্ব পেয়েছেন অধ্যাপক ডা. মাহমুদ হোসেন বকাউল।

আজ শনিবার (১৪ নভেম্বর) সংগঠনটির কেন্দ্রীয় প্রতিনিধি সম্মেলনে ১৩৮ সদস্যবিশিষ্ট এই কমিটি গঠন করা হয়। সম্মেলনে দেশের প্রথিতযশা চিকিৎসক এবং সারাদেশ থেকে আগত এনডিএফের প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন। এতে প্রধান অতিথি ছিলেন বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

নতুন কমিটিতে সিনিয়র ভাইস প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পেয়েছেন ডা. একেএম ওয়ালিউল্লাহ্ ও অধ্যাপক ডা. সাজেদ আবদুল খালেক। এর আগেও কমিটিতেও তারা একই দায়িত্বে ছিলেন। তবে কেন্দ্রীয় কমিটিতে দেশের বিভিন্ন অঞ্চলের অভিজ্ঞ ও বিশিষ্ট চিকিৎসকদের অন্তর্ভুক্ত করা হয়েছে বলে এক বিবৃতিতে জানিয়েছে সংগঠনটি।

অনুষ্ঠানে জামায়াত আমির-সেক্রেটারি জেনারেল উপস্থিত ছিলেন

সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান চিকিৎসকদের পেশাগত দায়িত্ব, নৈতিকতা, মানবিক মূল্যবোধ, দেশ ও জাতির কল্যাণে চিকিৎসক সমাজের ভূমিকা এবং একটি জনকল্যাণমুখী স্বাস্থ্যব্যবস্থা গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন। একই সাথে তিনি চিকিৎসকদের ঐক্যবদ্ধভাবে দেশ ও মানুষের সেবায় আত্মনিয়োগ করার আহ্বান জানান।

বিশেষ অতিথির বক্তব্যে জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার চিকিৎসকদের মানবিকতা, নৈতিকতা ও পেশাগত দায়িত্ব পালনের ওপর গুরুত্বারোপ করেন।

সারাদেশ থেকে আগত প্রতিনিধিরা

সম্মেলনে বক্তারা বলেন, দেশের স্বাস্থ্যসেবার মানোন্নয়ন, চিকিৎসকদের পেশাগত মর্যাদা ও অধিকার প্রতিষ্ঠা এবং মানবিক ও নৈতিক মূল্যবোধসম্পন্ন চিকিৎসাব্যবস্থা গড়ে তুলতে ন্যাশনাল ডক্টরস ফোরাম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। নতুন কেন্দ্রীয় কমিটির নেতৃত্বে সংগঠনের সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল ও সম্প্রসারিত হবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।

সম্মেলনে উপস্থিত চিকিৎসক ও প্রতিনিধিগণ নতুন নেতৃত্বকে অভিনন্দন জানান এবং সংগঠনের লক্ষ্য, আদর্শ ও কর্মসূচি বাস্তবায়নে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।