১৪ নভেম্বর ২০২৬, ১৮:০৯

দেশে ফিজিয়াট্রিস্টের তীব্র সংকট, হাতুড়ে চিকিৎসা নিতে গিয়ে পঙ্গু হচ্ছে মানুষ

বিএমইউর সুপার স্পেশালাইজড হাসপাতালে এই সেমিনার অনুষ্ঠিত হয়  © সংগৃহীত

স্বাধীনতার দীর্ঘ ৫৬ বছর পেরিয়ে গেলেও দেশের সাধারণ মানুষের দোরগোড়ায় ফিজিক্যাল মেডিসিন বা শারীরিক চিকিৎসা সেবা কার্যকরভাবে পৌঁছায়নি। ১৮ কোটি মানুষের এই দেশে রেজিস্টার্ড ফিজিয়াট্রিস্ট বা বিশেষজ্ঞ চিকিৎসক রয়েছেন মাত্র ৩০৫ জন—অর্থাৎ গড়ে প্রতি ১০ লাখ মানুষের জন্য মাত্র দুজন, যার সিংহভাগই ঢাকাকেন্দ্রিক। কোনো কোনো বিভাগে এক-দুজন বিশেষজ্ঞও পাওয়া যায় না। বিপরীতে যত্রতত্র গড়ে ওঠা প্রতিষ্ঠানে সেবা নিতে গিয়ে হাতুড়ে চিকিৎসকদের হাতে পড়ে পঙ্গু হচ্ছেন অনেকে।

আজ শনিবার (১৪ নভেম্বর) বেলা ১২টার দিকে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) সুপার স্পেশালাইজড হাসপাতালে ফিজিক্যাল রিহ্যাবিলিটেশন দিবস উপলক্ষে আয়োজিত এক সেমিনারে বিশেষজ্ঞদের বক্তব্যে এসব তথ্য উঠে আসে। বাংলাদেশ সোসাইটি অব ফিজিক্যাল মেডিসিন অ্যান্ড রিহ্যাবিলিটেশন (বিএসপিএমআর) এই সেমিনারের আয়োজন করে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা, বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও ঢাকা-৮ আসনের সংসদ সদস্য মির্জা আব্বাস উদ্দিন আহমেদ।

বিএসপিএমআরের নির্বাহী সভাপতি অধ্যাপক ডা. মো. তসলিম উদ্দিন এবং বিএমইউর ফিজিক্যাল মেডিসিন ও রিহ্যাবিলিটেশন বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ডা. এম এ শাকুরের সভাপতিত্বে অনুষ্ঠানে কী-নোট বক্তব্য রাখেন অধ্যাপক ডা. এম এম জামান ও সহযোগী অধ্যাপক ডা. এম এ কে আজাদ।

ডা. এম এ কে আজাদ জানান, কাঠামোগত ও প্রশাসনিক জটিলতায় আটকে রয়েছে এই খাতের সম্প্রসারণ। তার তথ্যমতে, ২০১৬ সালে ঢাকায় দুটি ফিজিক্যাল মেডিসিন ইনস্টিটিউট প্রতিষ্ঠার উদ্যোগ নেওয়া হলেও তা এখনো বাস্তবায়ন হয়নি। এছাড়া দেশের ২০টি মেডিকেল কলেজ ও ৬০টি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এ সংক্রান্ত ৩৯৮টি নতুন পদ সৃষ্টির প্রস্তাব বর্তমানে জনপ্রশাসন মন্ত্রণালয়ে আটকে রয়েছে।

আরও পড়ুন: ডাক্তাররা অতীতে রাজনীতির শিকার হয়েছে, আমাদের হাতে যেন না হয়

অনুষ্ঠানের প্রধান পৃষ্ঠপোষক ও বিশ্ববিদ্যালয় উপাচার্য অধ্যাপক ডা. এফ এম সিদ্দিকী বলেন, আজ প্রায় ৫৬ বছর অতিবাহিত হয়েছে, কিন্তু আমরা পরিসংখ্যানে দেখতে পাচ্ছি যে, শুধুমাত্র অল্প কিছু ডিগ্রিপ্রাপ্ত বা রিকগনাইজড স্পেশালিস্ট ইন ফিজিক্যাল মেডিসিন আর এভেলেবল ইন দিস কান্ট্রি। আর আমাদের যে জনসংখ্যা সেই অনুপাতে যে হারে ফিজিক্যাল মেডিসিন বিশেষজ্ঞ তৈরি হচ্ছে, এটা কারেন্ট স্ট্যাটাসে এটা কখনোই ফুলফিল হওয়া সম্ভব নয় বা সম্ভব হবে না।

তিনি বলেন, এখন আমরা অনেক জায়গায় দেখি ফিজিক্যাল মেডিসিন বা ফিজিওথেরাপি সেন্টার হয়ে গেছে, সেখানে অনেক সময় অনেক রোগী যারা আনঅথরাইজড, যারা প্রোপারলি ট্রেন্ড না, তাদের হাতে ফিজিওথেরাপি নিতে গিয়ে বরং ইনজুরি হয়ে তাদের রোগ আরও বেড়ে গেছে এবং কমপ্লিকেশন তৈরি হয়েছে।

উপাচার্য আরও বলেন, আমাদের বাংলাদেশ মেডিকেল ইউনিভার্সিটি টেকেন ইনিশিয়েটিভ টু টেক দ্য লিডারশিপ ইন দিস ফিল্ড। এই ইউনিভার্সিটিতে নিউরো-রিহ্যাবিলিটেশনের যে রোবটিক সেন্টারটি আছে, সেটি সম্ভবত সাউথ ইস্ট এশিয়াতে কোনো দেশে এত ব্যাপক এবং বিশাল রোবটিক রিহ্যাবিলিটেশন সেন্টার নেই। তাহলে আমরা যদি লার্জ নাম্বারে সিগনিফিকেন্ট অ্যামাউন্টে যদি একাডেমিক্যালি সাউন্ড ফিজিওথেরাপিস্ট এবং সেই অ্যাক্টিভিটি যারা করে তাদের তৈরি করতে পারি, তাহলে আমাদের ন্যাশনাল ডিমান্ডটা অনেকটাই ফুলফিল হতে পারে।

বিশেষ অতিথির বক্তব্যে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক বলেন, দীর্ঘ প্রায় ৫৬ বছর পার করে ফেলেছি আমরা স্বাধীনতার, কিন্তু ফিজিক্যাল মেডিসিনের ওপরে গুরুত্ব দিয়ে এটিকে সাধারণ মানুষের কাছে তৃণমূলে পৌঁছানোর জন্য যে কার্যক্রমটি দরকার ছিল, সেটি হয়তোবা আমরা এখন পর্যন্ত করতে পারিনি।

তিনি বলেন, আমরা যদি সাধারণ মানুষের কাছে, প্রত্যেকটি ঘরে ঘরে ফিজিক্যাল মেডিসিনের তথ্যটি পৌঁছাতে পারি, তাহলে আমার মনে হয় আমরা অনেককে সুন্দরভাবে সুস্থ করে তুলতে পারব। একইসাথে আমাদের যে সামর্থ্য রয়েছে সেই সামর্থ্যকে যাতে আরও বাড়িয়ে আমরা সুযোগ-সুবিধাগুলো বাড়িয়ে দিতে পারি সে চেষ্টাটিও করতে হবে।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে চিকিৎসকদের রাজনীতিকরণ বন্ধের আহ্বান জানান প্রধানমন্ত্রীর উপদেষ্টা মির্জা আব্বাস উদ্দিন আহমেদ। তিনি বলেন, আমাদের জায়গা কম, ডাক্তারও কম। আবার রাজনৈতিক কারণে আমাদের ডাক্তারদের অনেকের অভিজ্ঞতা কাজে লাগাতে পারেনি। আমি এটা দেখেছি প্রাকটিক্যালি। ডাক্তাররা রাজনীতির শিকার হয়ে যায়, এটা একমাত্র বাংলাদেশেই সম্ভব। আর কোন দেশে আমি দেখিনি আমি শুনিওনি। এখন থেকে আমাদের গভর্মেন্টকে শিখতে হবে যে ডাক্তারদের যেন রাজনীরি শিকার হতে না হয়, কোনো সময়েই না। এটা ‘বিএনপির ডাক্তার’! ভাই, মেডিকেলের বইয়ের কি লেখা আছে এটা বিএনপির বই? সুতরাং ডাক্তারকে ডাক্তারই ডাকতে দেই।

তিনি বলেন, এটা আমাদের বেলায় যেমন প্রযোজ্য, তেমনি অন্যান্য সরকারের বেলায়ও এটা হওয়া উচিত। আজকে এখানে আমার সামনে বসে আছে অনেকে, যারা অনেক আগেই প্রফেসর হতে পারত, যোগ্যতা রাখে। কিন্তু রাজনীতির কারণে এটা সম্ভব হয়নি। এটা যেন আমার হাতে না হয়।

মির্জা আব্বাস বলেন, আমরা এই দেশে ডাক্তার তৈরি করব এবং বৃদ্ধি করব। আমাদের যেন বিদেশ যেতে না হয়। আমার দেশে ডাক্তাররা বিদেশে সুনামের সঙ্গে কাজ করছে। কিন্তু দেশে সুযোগ পাচ্ছে না।

বর্ষীয়ান এই নেতা আরও বলেন, আমার স্ট্রোক হয়েছে, এর মধ্যে আমি দু-তিনবার বিদেশ গিয়েছি। যাইনি, আমাকে নিয়ে গেছে। আমি বিশ্বাস করি, আমাদের দেশের ডাক্তাররা যেকোনো দেশের যেকোনো ডাক্তারের চেয়ে ভালো ডাক্তার। কিন্তু সবচেয়ে বড় সমস্যা হলো আমাদের জনসংখ্যার হিসেবে চিকিৎসার জায়গা কম। আমি আমার দেশের ডাক্তারদের নিয়ে অত্যন্ত গর্বিত। এটা আমি স্পষ্টভাবে সব জায়গায় বলছি। বলতে আমার ভালো লাগে।

এ সময় সুপার স্পেশালাইজড হাসপাতালের রোবোটিক রিহ্যাবিলিটেশন সেন্টার বেসরকারিকরণ না করতে অনুরোধ করেন মির্জা আব্বাস। তিনি বলেন, সম্প্রতি রোবোটিক রিহ্যাবিলিটেশন সেন্টারের সঙ্গে আমি পরিচিত হয়েছি নিজে চিকিৎসা করতে গিয়ে। আমার মনে হয় এই সেন্টারটি এই মেডিকেলের কার্যকলাপের সঙ্গে যুক্ত রাখা উচিত। এটা কোনো বিদেশি বা করপোরেটের হাত দেওয়া ঠিক হবে না। এ নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা করবেন বলে জানান তিনি।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে আরও বক্তব্য রাখেন ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ড্যাব) ডা. হারুন আল রশিদ, সিনিয়র সহ-সভাপতি ও জাতীয় পঙ্গু হাসপাতালের (নিটোর) পরিচালক অধ্যাপক ডা. আবুল কেনান এবং বিএমইউ ড্যাবের সভাপতি ও বিশ্ববিদ্যালয়ের পরিচালক (পরিকল্পনা ও উন্নয়ন) ডা. এরফানুল হক সিদ্দিকী প্রমুখ।