১৪ নভেম্বর ২০২৬, ১৬:৫৫

পারমাণবিক চিকিৎসা প্রযুক্তির সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করতে হবে

বক্তব্য রাখছেন বিজ্ঞান ও প্রযুক্তি সচিব  © সংগৃহীত

দেশের স্বাস্থ্যসেবায় ক্যান্সার রোগ নির্ণয় এবং চিকিৎসায় ‘প্রিসিশন মেডিসিন’ ও জিনোম সিকোয়েন্সিংয়ের সুযোগ পুরোপুরি কাজে লাগানোর ওপর বিশেষ গুরুত্বারোপ করেছেন বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের সচিব মো. আনোয়ার হোসেন। তিনি বলেন, দেশে জিনোম সিকোয়েন্সিংয়ের পর্যাপ্ত সুবিধা থাকা সত্ত্বেও এর যথাযথ ব্যবহার হচ্ছে না। অদূর ভবিষ্যতে ডায়াগনোসিস ও কাস্টমাইজড চিকিৎসাসেবা চালুর মাধ্যমে বাংলাদেশ বিশ্বমানের আঞ্চলিক হাব হিসেবে গড়ে উঠতে পারে।

​আজ শনিবার (১৪ নভেম্বর) ঢাকায় আগারগাঁও-এ বাংলাদেশ পরমাণু শক্তি কমিশনের (বিএইসি) প্রধান কার্যালয়ের মিনি অডিটোরিয়ামে ‘ট্রেনিং কোর্স অন পেট-সিটি অ্যান্ড সাইক্লোট্রোন’ শীর্ষক প্রশিক্ষণ কোর্সের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

​বিজ্ঞানের নিত্যনতুন দিগন্ত উন্মোচন এবং যুগোপযোগী দিকনির্দেশনা দিয়ে বিজ্ঞান সচিব আরও বলেন, প্রিভেন্টিভ ও প্রিসিশন মেডিসিনের পাশাপাশি দেশের যুবশক্তি ও মেধাবী চিকিৎসকদের কাজে লাগিয়ে নতুন নতুন ড্রাগ ডিসকভারি এবং ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্টের পরিধি বাড়াতে হবে। এছাড়া যথাযথ পরিকল্পনা ও আন্তর্জাতিক প্রোটোকল মেনে চললে নামমাত্র খরচে বিশ্বমানের চিকিৎসাসেবা ও ওষুধ প্রস্তুত করে শুধু দেশেই নয়, বরং বিদেশেও তা রপ্তানি করা সম্ভব বলে তিনি দৃঢ় আশাবাদ ব্যক্ত করেন।
তিনি বলেন, এই প্রশিক্ষণ কোর্স তরুণ চিকিৎসক ও গবেষকদের দক্ষতা বৃদ্ধি করবে এবং পারমাণবিক চিকিৎসা প্রযুক্তির সঠিক প্রয়োগের মাধ্যমে দেশের স্বাস্থ্যখাতকে অনন্য উচ্চতায় নিয়ে যাবে।

​বাংলাদেশ পরমাণু শক্তি কমিশনের সদস্য (বায়োসায়েন্স) ড. মাহফুজা খানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কমিশনের চেয়ারম্যান ড.এম. মঈনুল ইসলাম। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য প্রদান করেন বায়েক-এর মানব সম্পদ বিভাগের পরিচালক এ. এস এম হাবিব উল্লাহ খান এবং মূল প্রবন্ধ উপস্থাপন করেন সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের ইনমাসের পরিচালক প্রফেসর ড. জিনাত জাবিন।

আয়োজকরা জানিয়েছেন, ৩৪ জন প্রশিক্ষণার্থীর অংশগ্রহণে এ প্রশিক্ষণ আগামী ২৫ নভেম্বর পর্যন্ত চলবে।