১৩ নভেম্বর ২০২৬, ১০:৫২

দিবস উদযাপন নিয়ে বিরোধের জেরে শেবাচিম শিক্ষার্থীদের দুই পক্ষের সংঘর্ষ

বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ  © সংগৃহীত

বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজে (শেবাচিম) দিবস উদযাপনকে কেন্দ্র করে প্রাক্তন শিক্ষার্থীদের দুই পক্ষের মধ্যে সংঘর্ষ, হাতাহাতি ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (১২ নভেম্বর) দুপুরে কলেজের কনফারেন্স রুমে এ ঘটনা ঘটে। এতে দুই প্রাক্তন শিক্ষার্থী আহত হয়েছেন। এ সময় কনফারেন্স রুমও ক্ষতিগ্রস্ত হয়।

জানা গেছে, শেবাচিমের প্রাক্তন শিক্ষার্থীদের নিয়ে গঠিত প্রাক্তন ছাত্র সমিতি ২০২৪ সালের নভেম্বরে জাঁকজমকপূর্ণভাবে কলেজের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করে। তবে পরবর্তী সময়ে অধ্যাপক ডা. রফিকুল ইসলাম লাবু ও অধ্যাপক ডা. সিরাজুল ইসলামের নেতৃত্বে সমিতিটি দুই ভাগে বিভক্ত হয়ে পড়ে।

আগামী ২০ নভেম্বর শেবাচিম দিবস উদযাপনকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে বিরোধের সূত্রপাত হয়। এ নিয়ে বৃহস্পতিবার কলেজের কনফারেন্স রুমে সাবেক ও বর্তমান শিক্ষার্থীদের উপস্থিতিতে একটি সভা অনুষ্ঠিত হয়। সভায় কোনো সিদ্ধান্তে পৌঁছাতে না পেরে দুই পক্ষের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। একপর্যায়ে কলেজের অধ্যক্ষ ডা. আনোয়ার হোসেন বাবলুর সামনেই সংঘর্ষ ও ভাঙচুরের ঘটনা ঘটে।

এ বিষয়ে প্রাক্তন ছাত্রনেতা ডা. ইশতিয়াক আহমেদ রিফাত বলেন, সামনে একটি অনুষ্ঠান আয়োজন নিয়ে দুই পক্ষের মধ্যে মতবিরোধ ও উত্তপ্ত বাক্য বিনিময় হয়েছে। তবে হাতাহাতি ও মারামারির ঘটনা তিনি অস্বীকার করেন।

ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ড্যাব) বরিশাল জেলা সভাপতি ডা. কবিরুজ্জামান বলেন, প্রাক্তন শিক্ষার্থীদের একটি কমিটি রয়েছে। তবে একই দলের অন্য একটি অংশ সেই কমিটি মানতে চায় না। এ নিয়ে দুই পক্ষের মধ্যে হাতাহাতি ও মারামারির ঘটনা ঘটেছে। বিষয়টি সমাধানের চেষ্টা চলছে।