ডায়াবেটিস প্রতিরোধে ‘এন্ডোক্রাইন ইনস্টিটিউট’ প্রতিষ্ঠাসহ ৮ দফা দাবি বিশেষজ্ঞ চিকিৎসকদের
আন্তর্জাতিক ডায়াবেটিস ফেডারেশনের (আইডিএফ) বৈশ্বিক পরিসংখ্যান উল্লেখ করে বাংলাদেশে ডায়াবেটিসের লাগামহীন বিস্তার ও অনিয়ন্ত্রিত পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন বিশেষজ্ঞ চিকিৎসকরা। বাংলাদেশ বর্তমানে বিশ্বে ডায়াবেটিস রোগীর সংখ্যার দিক থেকে অষ্টম অবস্থানে রয়েছে এবং বিদ্যমান ধারা অব্যাহত থাকলে আগামী ২০৪৫ সালের মধ্যে দেশটি সপ্তম স্থানে পৌঁছে যাবে বলে আশঙ্কা করা হচ্ছে। এ পরিস্থিতি মোকাবিলায় প্রাথমিক স্ক্রিনিং ও সমন্বিত চিকিৎসাসেবা নিশ্চিত করতে জাতীয় পর্যায়ে সুদূরপ্রসারী পরিকল্পনাসহ ৮ দফা দাবি জানিয়েছে বাংলাদেশ এন্ডোক্রাইন সোসাইটি (বিইএস)।
আজ বৃহস্পতিবার (১২ নভেম্বর) বিশ্ব ডায়াবেটিস দিবস উপলক্ষে জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে বিইএসের পক্ষ থেকে এ দাবি তুলে ধরা হয়।
সংবাদ সম্মেলনে উত্থাপিত বিভিন্ন তথ্য-উপাত্তে দেখা যায়, বাংলাদেশে কেবল আক্রান্তের সংখ্যাই বাড়ছে না, বরং বিপুলসংখ্যক মানুষ তাদের আক্রান্ত হওয়ার বিষয়ে সম্পূর্ণ অসচেতন। ২০২২ সালের গবেষণার তথ্য তুলে ধরে জানানো হয়, দেশের প্রাপ্তবয়স্ক জনসংখ্যার প্রায় ১৬ থেকে ১৭ শতাংশই ডায়াবেটিসে আক্রান্ত। তবে উদ্বেগের বিষয় হলো, এই আক্রান্তদের প্রায় এক-তৃতীয়াংশই জানেন না যে তাদের শরীরে এ রোগটি বাসা বেঁধেছে। এছাড়া ২০১৭-১৮ সালের তথ্য অনুযায়ী, দেশের গর্ভবতী নারীদের ৯.২ শতাংশ ডায়াবেটিসে এবং ১৩ শতাংশ প্রি-ডায়াবেটিসে ভুগছেন, যার মধ্যে প্রায় ৩ শতাংশের রোগটি আগে শনাক্তই হয়নি।
সংবাদ সম্মেলনে চিকিৎসকরা জানান, শুধু ওষুধের সহজলভ্যতা নিশ্চিত করে এ মহামারি ঠেকানো সম্ভব নয়। এর জন্য প্রয়োজন পারিবারিক ও প্রাতিষ্ঠানিক পর্যায়ে আগাম ঝুঁকি শনাক্তকরণ এবং নিয়মিত পর্যবেক্ষণ ব্যবস্থা। বিশেষ করে ৩৫ বছরের বেশি বয়সী ব্যক্তি, পরিবারে ডায়াবেটিসের ইতিহাস থাকা রোগী, অতিরিক্ত ওজন, উচ্চ রক্তচাপ ও গর্ভকালীন ডায়াবেটিসের ইতিহাস থাকা নারীদের অগ্রাধিকার ভিত্তিতে নিয়মিত স্ক্রিনিংয়ের আওতায় আনার ওপর জোর দেন তারা।
ডায়াবেটিস নিয়ন্ত্রণ ও প্রতিরোধ ব্যবস্থা জোরদারে বিইএসের পক্ষ থেকে ৮ দফা দাবি হলো— জাতীয় ডায়াবেটিস ও এন্ডোক্রাইন ইনস্টিটিউট প্রতিষ্ঠা এবং আগামী ৫ থেকে ১০ বছরের জাতীয় সুদূরপ্রসারী পরিকল্পনা গ্রহণ; ঝুঁকিভিত্তিক স্ক্রিনিংয়ের মাধ্যমে রোগী আগাম শনাক্তের ব্যবস্থা করা; উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের চিকিৎসাকেন্দ্রে নিয়মিত ওষুধ, গ্লুকোমিটার, এইচবিএ১সি (HbA1c) পরীক্ষা এবং জটিলতা শনাক্তকরণের সুযোগ নিশ্চিত করা; সব গর্ভবতী নারীর ডায়াবেটিস পরীক্ষা, ইনসুলিনের সহজলভ্যতা এবং প্রসবোত্তর ফলোআপ নিশ্চিতকরণ; প্রাতিষ্ঠানিক স্বাস্থ্যশিক্ষা, স্কুলের ক্যানটিন নীতি এবং বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) খাদ্যনীতি বাস্তবায়ন; এন্ডোক্রাইনোলজিস্টদের সরকারি পদ সৃষ্টি এবং জেলা পর্যায়ে মনিটরিং ব্যবস্থা জোরদার করা; জাতীয় ডায়াবেটিস রেজিস্ট্রি গঠন ও গুণমান-সূচকভিত্তিক জবাবদিহি নিশ্চিত করা; এবং লক্ষভিত্তিক চিকিৎসা, রোগী-শিক্ষা ও টিমভিত্তিক ফলোআপ কার্যক্রম চালু করা।
বিইএসের সাধারণ সম্পাদক ও ঢাকা মেডিকেল কলেজের এন্ডোক্রাইনোলজি বিভাগের অধ্যাপক ডা. এম সাইফুদ্দিনের সঞ্চালনায় সংবাদ সম্মেলনে বারডেমের এন্ডোক্রাইনোলজি বিভাগের বিভাগীয় প্রধান ও বাংলাদেশ এন্ডোক্রাইন সোসাইটির সভাপতি ডা. ফারিয়া আফসানা, বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) এন্ডোক্রাইনোলজি বিভাগের সহযোগী অধ্যাপক ও বাংলাদেশ এন্ডোক্রাইন সোসাইটির সভাপতি (নির্বাচিত) শাহজাদা সেলিম, ঢামেকের এন্ডোক্রাইনোলজি বিভাগের সহযোগী অধ্যাপক ও বাংলাদেশ এন্ডোক্রাইন সোসাইটির কোষাধ্যক্ষ ডা. মির্জা শরিফুজ্জামান, গ্রিন লাইফ মেডিকেল কলেজের এন্ডোক্রাইনোলজি বিভাগের অধ্যাপক ও বাংলাদেশ এন্ডোক্রাইন সোসাইটির প্রেস ও মিডিয়া সেক্রেটারি অধ্যাপক ডা. তানজিনা হোসেন এবং সাংগঠনিক সম্পাদক ডা. আফসার আহমেদসহ বিশিষ্ট এন্ডোক্রাইনোলজি বিশেষজ্ঞরা উপস্থিত ছিলেন।