১২ নভেম্বর ২০২৬, ১০:২৪

দেশে প্রতিবছর নিউমোনিয়ায় ২৫ হাজার শিশুর মৃত্যু

শিশুদের নিউমোনিয়া   © সংগৃহীত

দেশে প্রতিবছর নিউমোনিয়ায় প্রায় ২৫ হাজার শিশুর মৃত্যু হচ্ছে। সে হিসাবে প্রতিদিন গড়ে ৬০ থেকে ৭০ শিশু প্রাণ হারাচ্ছে এ রোগে। দেশে হামের প্রাদুর্ভাবের মধ্যে শিশুদের জন্য নতুন করে উদ্বেগ বাড়াচ্ছে নিউমোনিয়া। চিকিৎসকদের মতে, হামে আক্রান্ত হয়ে মারা যাওয়া বেশিরভাগ শিশুই তীব্র নিউমোনিয়ায় ভুগছিল। হাম শিশুর রোগ প্রতিরোধক্ষমতা দুর্বল করে দেয়। ফলে পরবর্তী সময়ে নিউমোনিয়াসহ বিভিন্ন সংক্রমণের ঝুঁকি বেড়ে যায়।

অথচ সচেতনতা, সময়মতো টিকাদান ও যথাযথ চিকিৎসা নিশ্চিত করা গেলে এসব মৃত্যুর বড় অংশ ঠেকানো সম্ভব। এমন পরিস্থিতিতে আজ পালিত হচ্ছে বিশ্ব নিউমোনিয়া দিবস-২০২৬। এবারের প্রতিপাদ্য ‘নিউমোনিয়া নিয়ন্ত্রণের এক নতুন যুগ’।

বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের শিশু বিভাগের সহকারী অধ্যাপক ডা. আতিয়ার রহমান বলেন, পাঁচ বছরের কম বয়সী শিশু মৃত্যুর অন্যতম প্রধান কারণ নিউমোনিয়া। হাম-পরবর্তী নিউমোনিয়ায় গুরুতর জটিলতা দেখা দিতে পারে। ডায়রিয়াসহ অন্যান্য সমস্যাও শিশুর মৃত্যুঝুঁকি বাড়ায়। হাম আক্রান্ত শিশুদের বয়স অনুযায়ী ভিটামিন ‘এ’ দেওয়া জরুরি।

বাংলাদেশ হেলথ ফ্যাসিলিটির তথ্য অনুযায়ী, নিউমোনিয়ায় আক্রান্ত শিশুদের ৫২ শতাংশ চিকিৎসার বাইরে থেকে যাচ্ছে। দেশের প্রায় অর্ধেক স্বাস্থ্যকেন্দ্রে অক্সিজেন কনসেন্ট্রেটর নেই। এক-তৃতীয়াংশ স্বাস্থ্যকেন্দ্রে অক্সিজেন সরবরাহের বিকল্প ব্যবস্থাও নেই। ফলে গুরুতর অবস্থায় অনেক শিশু সময়মতো চিকিৎসা পাচ্ছে না।

শীত মৌসুমে নিউমোনিয়ার প্রকোপ বাড়ে। জাতীয় বক্ষব্যাধি ইনস্টিটিউট ও হাসপাতালের আবাসিক সার্জন ডা. ফকির ওয়ালিদ শাহ বলেন, শীতকালে হাসপাতালে নিউমোনিয়া রোগীর চাপ বেড়ে যায়। এ সময় বহির্বিভাগে প্রতিদিন শতাধিক রোগী আসেন। অন্য ঋতুতে এ সংখ্যা থাকে ৪০ থেকে ৫০। প্রতিদিন গড়ে ১০ থেকে ১৫ জন রোগী ভর্তি হন।

বিশেষজ্ঞদের মতে, অপুষ্টি, বায়ুদূষণ, ঘনবসতি ও দুর্বল রোগ প্রতিরোধক্ষমতা শিশুদের নিউমোনিয়ার ঝুঁকি বাড়ায়। রান্নার ধোঁয়া ও ঘরের ভেতরের বায়ুদূষণও এ রোগের অন্যতম কারণ।

শিশুর জ্বর, কাশি ও সর্দির সঙ্গে দ্রুত শ্বাস নেওয়া নিউমোনিয়ার লক্ষণ হতে পারে। শ্বাস নেওয়ার সময় বুকের নিচের অংশ ভেতরে দেবে যাওয়া, অস্বাভাবিক নিস্তেজ হয়ে পড়া কিংবা ঠোঁট ও আঙুল নীলচে হয়ে যাওয়া বিপজ্জনক লক্ষণ। এসব উপসর্গ দেখা দিলে দ্রুত হাসপাতালে নিতে হবে।

নিউমোনিয়া প্রতিরোধে সময়মতো টিকাদান অত্যন্ত গুরুত্বপূর্ণ। জাতীয় টিকাদান কর্মসূচির আওতায় নিউমোকোক্যাল কনজুগেট ভ্যাকসিন (পিসিভি), হিব, হাম ও পার্টুসিসের টিকা শিশুদের সুরক্ষা দেয়। পাশাপাশি জন্মের পর প্রথম ছয় মাস শিশুকে শুধু মায়ের বুকের দুধ খাওয়ালে রোগ প্রতিরোধক্ষমতা বাড়ে এবং নিউমোনিয়াসহ বিভিন্ন সংক্রমণের ঝুঁকি কমে।