১০ নভেম্বর ২০২৬, ২০:৪৪

নিকডু-চমেকের ডায়ালাইসিস সেবা: স্যান্ডোরের সঙ্গে চুক্তির মেয়াদ বাড়ল ছয় মাস

ডায়ালাইসিস সেবা  © প্রতীকী ছবি

জাতীয় কিডনি রোগ ও ইউরোলজি ইনস্টিটিউট এবং চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে কিডনি রোগীদের ডায়ালাইসিস সেবা নিরবচ্ছিন্ন ও সচল রাখতে ভারতীয় প্রতিষ্ঠান স্যান্ডোর মেডিকেইডস প্রাইভেট লিমিটেডের সঙ্গে চুক্তির মেয়াদ আরও ছয় মাস বাড়িয়েছে সরকার। নতুন ডায়ালাইসিস মেশিন ক্রয় এবং হাসপাতালে তা স্থাপনের সার্বিক প্রস্তুতি সম্পন্ন না হওয়া পর্যন্ত প্রতিষ্ঠানটির মাধ্যমেই এই সেবা অব্যাহত থাকবে। মঙ্গলবার (১০ নভেম্বর) স্বাস্থ্য মন্ত্রণালয় সূত্রে এই তথ্য জানা গেছে।

জানা গেছে, স্বাস্থ্য অধিদপ্তরের সঙ্গে স্যান্ডোরের ১০ বছর মেয়াদি চুক্তির মেয়াদ আগামী ২৯ নভেম্বর শেষ হওয়ার কথা ছিল। এর আগে, ২০১৬ সালের নভেম্বরে পাবলিক-প্রাইভেট পার্টনারশিপের (পিপিপি) আওতায় প্রতিষ্ঠানটির সঙ্গে এই চুক্তি সই হয়েছিল এবং পরবর্তী সময়ে ২০১৭ সালের ৪ মার্চ স্যান্ডোর পরিচালিত ডায়ালাইসিস কেন্দ্রের কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু হয়।

স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বকুলের ভাষ্য অনুযায়ী, দেশের বৃহত্তর স্বার্থ রক্ষা এবং বৈদেশিক মুদ্রা সাশ্রয়ের লক্ষ্যে নতুন ডায়ালাইসিস মেশিন ক্রয়ের জন্য ইতোমধ্যে দরপত্র বা টেন্ডার আহ্বান করা হয়েছে। উন্নতমানের এসব মেশিন দেশে আসার পর দ্রুতই হাসপাতালে স্থাপন করা হবে।

মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, নতুন মেশিন কেনা ও তা হাসপাতালে স্থাপন করতে আনুমানিক ছয় মাস সময় প্রয়োজন হতে পারে। এই অন্তর্বর্তী সময়ে সরকারি হাসপাতালগুলোতে কিডনি ডায়ালাইসিস সেবা যাতে কোনোভাবেই ব্যাহত না হয়, সে বিষয়টি গুরুত্বের সঙ্গেই বিবেচনা করে স্যান্ডোরের সঙ্গে চুক্তি বাড়ানোর এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।