মানসম্মত চিকিৎসাসেবা পৌঁছে দিতে সরকার কাজ করছে: জিয়াউদ্দীন হায়দার
সাধারণ মানুষের দোরগোড়ায় মানসম্মত চিকিৎসাসেবা পৌঁছে দিতে সরকার আন্তরিকভাবে কাজ করছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর স্বাস্থ্যবিষয়ক বিশেষ সহকারী ড. এস এম জিয়াউদ্দীন হায়দার। আজ রবিবার (৮ নভেম্বর) সকালে ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনকালে তিনি এসব কথা বলেন।
প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী বলেন, বর্তমান সরকার স্বাস্থ্য খাতের উন্নয়নে ব্যাপক কর্মপরিকল্পনা বাস্তবায়ন করছে। দেশের বিভিন্ন স্থানে স্বাস্থ্যসেবার অবকাঠামো উন্নয়ন, নতুন ভবন নির্মাণসহ নানা কার্যক্রম চলমান রয়েছে। এসব উদ্যোগ বাস্তবায়িত হলে সাধারণ মানুষের জন্য চিকিৎসাসেবা আরও সহজলভ্য ও উন্নত হবে।
পরিদর্শনকালে ড. জিয়াউদ্দীন হায়দার হাসপাতালের বিভিন্ন ওয়ার্ড ঘুরে দেখেন। এ সময় চিকিৎসাধীন রোগীদের সঙ্গে কথা বলে তাদের শারীরিক অবস্থার খোঁজখবর নেন এবং চিকিৎসাসেবার বিষয়ে তাদের অভিজ্ঞতা শোনেন। পাশাপাশি হাসপাতালের সার্বিক চিকিৎসাসেবা, পরিষ্কার-পরিচ্ছন্নতা ও পরিবেশ সরেজমিনে পর্যবেক্ষণ করেন। পরে হাসপাতালের চিকিৎসাসেবার মান আরও উন্নত করতে সংশ্লিষ্ট চিকিৎসক ও কর্মকর্তাদের প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন তিনি।
এ সময় ঝিনাইদহের সিভিল সার্জন ডা. কামরুজ্জামান, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রেজওয়ানা নাহিদ, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আমানুল্লাহ আল মামুন, উপজেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক হামিদুল ইসলাম হামিদ ও বিএনপি নেতা তবিবুর রহমান মিনি প্রমুখ উপস্থিত ছিলেন।