কুয়াকাটায় ঘুরতে গিয়ে প্রাণ হারালেন সলিমুল্লাহ মেডিকেলের চিকিৎসক
পটুয়াখালীর পর্যটনকেন্দ্র কুয়াকাটায় ভ্রমণে গিয়ে থ্রি-হুইলার উল্টে নাবিলা নুসরাত (৩২) নামে এক নারী চিকিৎসকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও একজন। শনিবার (৭ নভেম্বর) সন্ধ্যা ৬টার দিকে কুয়াকাটার মিশ্রীপাড়া বৌদ্ধবিহার দেখতে যাওয়ার পথে এ দুর্ঘটনা ঘটে।
নিহত নাবিলা নুসরাত স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালে কর্মরত ছিলেন। দুর্ঘটনায় আহত ব্যক্তির নাম ডা. মাইনুল ইসলাম শুভ। তিনি নিজেকে নিহত চিকিৎসকের স্বামী হিসেবে পরিচয় দিয়েছেন।
ডা. মাইনুল ইসলাম শুভ জানান, গতকাল শুক্রবার তারা দুজন ঢাকা থেকে কুয়াকাটায় বেড়াতে আসেন এবং ওশান ভিউ হোটেলে রাতযাপন করেন। শনিবার বিকেলে একটি ইঞ্জিনচালিত ভ্যানে করে মিশ্রীপাড়া বৌদ্ধবিহার দেখতে যাচ্ছিলেন তাঁরা। পথে একটি বিড়াল ভ্যানটির চাকার নিচে পড়লে চালক নিয়ন্ত্রণ হারান। এতে ভ্যানটি উল্টে যায় এবং তাঁরা দুজনসহ আরও দুই পর্যটক ছিটকে পড়েন।
তিনি আরও জানান, দুর্ঘটনার সময় তার স্ত্রীর মাথা ভ্যানের নিচে চাপা পড়ে গুরুতর আহত হয়। পরে রক্তাক্ত অবস্থায় তাকে উদ্ধার করে কলাপাড়া হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। তার স্ত্রী ৪২তম বিসিএস পরীক্ষায় উত্তীর্ণ হয়ে স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালে কর্মরত ছিলেন। অন্যদিকে, তিনি নিজে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে কর্মরত রয়েছেন।
কলাপাড়া থানার ওসি (ভারপ্রাপ্ত) ইলিয়াস তালুকদার বলেন, খবর পেয়ে আমরা হাসপাতালে এসেছি। নিহতের সফরসঙ্গী স্বামী পরিচয় দিয়েছেন। আমরা সে বিষয়টি খতিয়ে দেখছি। পরবর্তীতে আইনিব্যবস্থা গ্রহণ করা হবে।