বিএমইউর ল্যাবরেটরি সার্ভিস সেন্টারকে ‘সেন্টার অব এক্সিলেন্স’ করার উদ্যোগ
বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) ল্যাবরেটরি সার্ভিস সেন্টারকে আন্তর্জাতিক মানের ‘সেন্টার অব এক্সিলেন্স’ হিসেবে গড়ে তুলতে কার্যকর উদ্যোগ নিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। এর অংশ হিসেবে ল্যাব অ্যাক্রিডিটেশন কার্যক্রম দ্রুত সম্পন্নের লক্ষ্যে একটি গুরুত্বপূর্ণ সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ বৃহস্পতিবার (৫ নভেম্বর) সুপার স্পেশালাইজড হাসপাতালের পরিচালকের দপ্তরে ল্যাবরেটরি সার্ভিস পরিচালনা কমিটির সিদ্ধান্ত মোতাবেক এই সভা অনুষ্ঠিত হয়। সভায় উপস্থিত থেকে দিকনির্দেশনা প্রদান করেন বিএমইউর উপাচার্য অধ্যাপক ডা. এফ এম সিদ্দিকী। সভায় বিশ্ববিদ্যালয়ের বেসিক সাইন্স ও প্যাক্লিনিক্যাল অনুষদের ডিন এবং ল্যাবরেটরি সার্ভিস পরিচালনা কমিটির সভাপতি অধ্যাপক ডা. সাইফ উল্লাহ মুন্সী এবং ডেন্টাল অনুষদের ডিন অধ্যাপক ডা. সাখাওয়াত হোসেন সায়ন্থ উপস্থিত ছিলেন।
সভায় কোর অ্যাক্রিডিটেশন কমিটি গঠন, সকল বিভাগের ফোকাল পারসন মনোনয়ন, বিভাগভিত্তিক গ্যাপ অ্যানালাইসিস সম্পন্ন করে প্রতিবেদন জমা, বিভাগীয় ল্যাবরেটরি ব্যবস্থাপনার কাঠামো প্রস্তুতকরণ, প্রয়োজনীয় প্রশিক্ষণ প্রদান, সমন্বিত অ্যাক্রিডিটেশন রোডম্যাপের খসড়া প্রণয়ন এবং বিভাগভিত্তিক অগ্রগতি প্রতিবেদন উপস্থাপনসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে বিস্তারিত আলোচনা হয়।
এ ছাড়া সভায় সংশ্লিষ্ট কমিটির সভাপতি বায়োকেমিস্ট্রি অ্যান্ড মলিকুলার বায়োলজি বিভাগের অধ্যাপক ডা. নাসরীন চৌধুরী, সদস্য প্যাথলজি বিভাগের অধ্যাপক ডা. শবনম আখতার, মাইক্রোবায়োলজি বিভাগের সহযোগী অধ্যাপক ডা. শাহেদা আনোয়ার, ল্যাবরেটরি মেডিসিন বিভাগের সহযোগী অধ্যাপক ডা. নাছরিন জাহান, হেমাটোলজি বিভাগের সহযোগী অধ্যাপক ডা. ফারজানা রহমান এবং সদস্য সচিব ভাইরোলজি বিভাগের সহকারী অধ্যাপক ডা. তাহমিনা আক্তার উপস্থিত ছিলেন।