দুর্নীতির অভিযোগে ওএসডি থেকে উপপরিচালক, সমালোচনার পর আবারও ওএসডি—৭ দিনের মাথায় পুনর্বহাল!
স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ মিটফোর্ড হাসপাতালের উপপরিচালক (চলতি দায়িত্ব) ডা. শাহরিয়া শায়লা জাহানকে ওএসডি করার ৭ দিনের মাথায় আদেশটি বাতিল করা হয়েছে। রবিবার (১ নভেম্বর) স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে এই তথ্য জানানো হয়। এর আগে ২৬ অক্টোবর এক আদেশে তাকে ওএসডি করা হয়েছিল।
১ অক্টোবর স্বাস্থ্য সেবা বিভাগের পার-২ শাখা থেকে জারি করা প্রজ্ঞাপনে সই করেন যুগ্মসচিব সাইফুল ইসলাম। এতে বলা হয়, গত ২৬ অক্টোবর জারি করা আদেশে ডা. শাহরিয়া শায়লা জাহানকে উপপরিচালক (চলতি দায়িত্ব) পদ থেকে স্বাস্থ্য অধিদপ্তরে ওএসডি হিসেবে বদলি ও পদায়নের সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। নতুন প্রজ্ঞাপনে ওই আদেশের তার ক্ষেত্রে প্রযোজ্য অংশ বাতিল করা হয়েছে।
উল্লেখ্য, গত ১ সেপ্টেম্বরের এক প্রজ্ঞাপনে মিটফোর্ড হাসপাতালের তৎকালীন উপ-পরিচালক ডা. হাবিবুর রহমানকে সরিয়ে দেওয়া হয়। তার স্থলাভিষিক্ত করা ডা. শাহরিয়া শায়লা জাহানকে, যার বিরুদ্ধে মেহেরপুর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে দায়িত্ব পালনকালে সাড়ে ছয় কোটি টাকার টেন্ডার দুর্নীতি ও প্রশাসনিক অনিয়মসহ বিভিন্ন অভিযোগ ছিল। এসব অভিযোগের পর জনআন্দোলনের পরিপ্রেক্ষিতে তাকে গত বছরের ১৬ নভেম্বর ওএসডি করা হয়েছিল। এসব অভিযোগের তদন্তের ফলাফল প্রকাশ না করেই রাজধানীর একটি গুরুত্বপূর্ণ হাসপাতালের প্রশাসনিক পদে ওই কর্মকর্তাকে পদায়ন করায় স্বচ্ছতা ও জবাবদিহি নিয়ে স্বাস্থ্যখাত সংশ্লিষ্টদের মধ্যে গুরুতর প্রশ্ন দেখা দেয়। তাকে মিটফোর্ডে পদায়নের সময় এ নিয়ে সমালোচনা করেন বিভিন্ন মহল।
খোঁজ নিয়ে জানা গেছে, ২০২৫ সালের ২৬ এপ্রিল এক রোগীর স্বজনদের সঙ্গে মেডিকেল অফিসার ডা. মাহাবুব রহমানের বাগবিতণ্ডার জেরে মহিলা ও শিশু ওয়ার্ডের রাউন্ড ও চিকিৎসা সেবা বন্ধের ঘোষণা দেওয়া হয়। এতে সরকারি হাসপাতালে সেবা না পেয়ে অনেক রোগী বিভিন্ন বেসরকারি ক্লিনিকে চিকিৎসা সেবা নিতে বাধ্য হন। ওই সময় সংবাদকর্মীরা কথা বলতে চাইলে ‘হাসপাতালের সব বিষয়ে সাংবাদিকদের নজর দেওয়ার দরকার নেই’ বলেও মন্তব্য করেন তিনি।
ওই সময় সাড়ে ছয় কোটি টাকার টেন্ডার দুর্নীতিতে জড়িত থাকার অভিযোগ ওঠে শাহরিয়া শায়লার বিরুদ্ধে। পরে তার বিরুদ্ধে স্থানীয়রা বিভিন্ন সময়ে আন্দোলন শুরু করেন। একই বছরের ১৪ অক্টোবর এক মানববন্ধনে স্থানীয়রা বলেন, এই হাসপাতাল বিভিন্ন অনিয়ম ও দুর্নীতিতে জড়িয়ে গেছে। একটি হাসপাতাল তৈরি হয় সর্বসাধারণের চিকিৎসা ও সেবা প্রদানের জন্য। কিন্তু বর্তমানে হাসপাতালে প্রবেশ থেকে শুরু করে প্রতিটি স্তরে টাকা দিয়ে ঢুকতে হয়। বর্তমান তত্ত্বাবধায়ক ঠিকমতো অফিস না করা, রোগীদের প্রতি অনীহা, উগ্র আচরণসহ নানা অভিযোগের কারণে দ্রুত তার অপসারণের দাবি জানানো হচ্ছে।
এসব ঘটনার পরিপ্রেক্ষিতে ১৬ নভেম্বর স্বাস্থ্য মন্ত্রণালয়ের এক আদেশে ডা. শাহরিয়া শায়লা জাহানকে স্বাস্থ্য অধিদপ্তরে ওএসডি করা হয়। তার স্থলাভিষিক্ত হন সাতক্ষীরার কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (ইউএইচএফপিও) ডা. বুলবুল কবির।