৩১ অক্টোবর ২০২৬, ১৬:০৬

জানুয়ারিতে চালু হচ্ছে বাংলাদেশ ইনস্টিটিউট অব হেলথ ম্যানেজমেন্ট

বক্তব্য রাখছেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত  © সংগৃহীত

দীর্ঘদিন অবহেলিত ও পড়ে থাকা সাভারের বাংলাদেশ ইনস্টিটিউট অব হেলথ ম্যানেজমেন্ট (বিআইএইচএম) আগামী ১ জানুয়ারি আনুষ্ঠানিকভাবে কার্যক্রম শুরু করতে যাচ্ছে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত। তিনি বলেন, আগামী ৩১ ডিসেম্বরের মধ্যে সব সংস্কার কাজ শেষ করে এটি পুরোপুরি প্রস্তুত করা হবে এবং পহেলা জানুয়ারি থেকে এখানে চিকিৎসকদের প্রশাসনিক প্রশিক্ষণের ব্যবস্থা করা হবে।

আজ শনিবার (৩১ অক্টোবর) দুপুরে সাভারের বাংলাদেশ ইনস্টিটিউট অব হেলথ ম্যানেজমেন্ট অবকাঠামো পরিদর্শন শেষে এ কথা জানান স্বাস্থ্য প্রতিমন্ত্রী।

এর আগে সেখানে স্থানীয় জনপ্রতিনিধি, রাজনীতিবিদ, স্বাস্থ্য সচিব, ড্যাব মহাসচিব ও গণপূর্তের প্রকৌশলীসহ সরকারি কর্মকর্তাদের নিয়ে এক বৈঠকে বসেন প্রতিমন্ত্রী। বৈঠকে সিদ্ধান্ত হয়—আগামী দুই সপ্তাহের মধ্যে স্বাস্থ্য মন্ত্রণালয়, স্বাস্থ্য অধিদপ্তর ও গণপূর্তের যৌথ টিম সরেজমিন পরিদর্শন করে নষ্ট বা চুরি যাওয়া সরঞ্জামের ইনভেন্টরি তৈরি করবে এবং গণপূর্ত বিভাগ আগামী এক-দুই দিনের মধ্যেই কর্মকর্তাদের বসার জায়গা ও সাব-স্টেশন চালুকরণের ব্যবস্থা নেবে।

পরে স্বাস্থ্য প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত পহেলা জানুয়ারি এই প্রতিষ্ঠানের উদ্বোধনের ঘোষণা দিয়ে বলেন, বিগত সরকারের আমলে অব্যবস্থাপনা ও অবহেলায় পড়ে থাকা এই প্রতিষ্ঠানকে দেশের চিকিৎসকদের দক্ষ প্রশাসক হিসেবে গড়ে তোলার একটি জাতীয় প্রশিক্ষণ কেন্দ্র হিসেবে রূপ দেওয়া হবে।

স্বাস্থ্য প্রতিমন্ত্রী আরও বলেন, ফ্যাসিস্ট সরকারের আমলে জনগণের অর্থ অপচয় করে ও দুর্নীতির হাতিয়ার তৈরি করে পুরো বাংলাদেশের স্বাস্থ্য ব্যবস্থাকে ধ্বংস করে ফেলা হয়েছে।

জনগণের ভোটে দায়িত্ব নেওয়ার পর বর্তমান সরকার এই ভেঙে পড়া স্বাস্থ্য ব্যবস্থা পেয়েছে উল্লেখ করে প্রতিমন্ত্রী জানান, প্রধানমন্ত্রী তারেক রহমান গত বছরের ২৫ ডিসেম্বর কোটি কোটি মানুষের ভালোবাসায় সিক্ত হয়ে দেশে ফিরে স্পষ্ট ঘোষণা দিয়েছিলেন—‘উই হ্যাভ আ প্ল্যান’। সেই পরিকল্পনার অংশ হিসেবেই বিধ্বস্ত বাংলাদেশকে পুনর্গঠন এবং স্বাস্থ্য ব্যবস্থাকে নতুন করে সাজিয়ে জনগণের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়ার কাজ চলছে।

ড. মুহিত আরও যোগ করেন, বর্তমান সরকার আর জনসভার রাজনীতি করবে না; বরং জনসেবার রাজনীতি করবে এবং জনগণের সাথে সম্পৃক্ত হয়ে সমস্ত দুর্নীতি ও অনাচার প্রতিহত করে এই দেশকে গড়ে তুলবে।

পরিদর্শনকালে স্থানীয় সংসদ সদস্য দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন, স্বাস্থ্য মন্ত্রণালয়ের সচিব ড. আ. ন. ম. বজলুর রশীদ, বিএনপিপন্থী চিকিৎসকদের সংগঠন ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ড্যাব) মহাসচিব ডা. জহিরুল ইসলাম শাকিল, স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (পরিকল্পনা ও উন্নয়ন) অধ্যাপক ডা. ফোয়ারা তাসমিম পামি এবং অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. মো. জাহিদ রায়হান প্রমুখ উপস্থিত ছিলেন।