২৮ অক্টোবর ২০২৬, ২০:১১

আইইডিসিআরের পরিচালককে মারধর-হেনস্তা, সেই ড্যাব নেতা বহিষ্কার

ডা. জাহিদ হাসান রিপক  © টিডিসি সম্পাদিত

সরকারের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটে (আইইডিসিআর) পরিচালক অধ্যাপক ডা. কাজী আহমেদ জাকির কার্যালয়ে প্রবেশ করে মারধর ও হেনস্তার ঘটনায় বিএনপিপন্থী চিকিৎসকদের সংগঠন ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ড্যাব) কেন্দ্রীয় সহ-আইন বিষয়ক সম্পাদক ডা. জাহিদ হাসান রিপককে বহিষ্কার করেছে সংগঠনটি। একই সঙ্গে অধিকতর তদন্তের জন্য তিন সদস্যের একটি কমিটিও গঠন করা হয়েছে।

ড্যাবের সিনিয়র সহ-সভাপতি অধ্যাপক ডা. মো. আবুল কেনানকে আহ্বায়ক করে গঠিত তদন্ত কমিটির অপর সদস্যরা হলেন— সিনিয়র যুগ্ম মহাসচিব অধ্যাপক ডা. একেএম খালেকুজ্জামান দিপু ও দপ্তর সম্পাদক (যুগ্ম মহাসচিব পদমর্যাদা) ডা. এরফান আহমেদ সোহেল।

আজ বুধবার (২৮ অক্টোবর) দপ্তর সম্পাদক ডা. এরফান আহমেদ সোহেল এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানান। সংগঠনটির মহাসচিব ডা. জহিরুল ইসলাম শাকিল দ্য ডেইলি ক্যাম্পাসকে এই বিজ্ঞপ্তির সত্যতা নিশ্চিত করেছেন। এর আগে দুপুরে ডা. জাহিদ হাসান রিপকের প্রাথমিক সদস্য পদ স্থগিত এবং কারণ দর্শানোর (শোকজ) নোটিশের কথা জানানো হয়েছিল।

ড্যাবের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আজ সকালে আইইডিসিআরের পরিচালকের কক্ষে সংঘটিত অপ্রীতিকর ঘটনায় ডা. জাহিদ হাসানের সংশ্লিষ্টতার অভিযোগ উঠেছে। প্রাথমিক তদন্তে ঘটনার সত্যতার প্রমাণ পাওয়ায় ডা. জাহিদ হাসানকে ড্যাব থেকে বহিষ্কার করা হয়েছে এবং ঘটনার অধিকতর তদন্তের জন্য ৩ সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

এতে আরও বলা হয়, এক যৌথ বিবৃতিতে ড্যাবের সভাপতি অধ্যাপক ডা. হারুন আল রশীদ ও মহাসচিব ডা. মো. জহিরুল ইসলাম শাকিল বলেন, আমরা আইইডিসিআরের পরিচালকের ওপর হামলার তীব্র নিন্দা জানাই। ড্যাব কোন বিশৃঙ্খলা বা অস্থিতিশীল পরিস্থিতিকে সমর্থন করে না। সাংগঠনিক শৃঙ্খলা, নীতি, আদর্শ ও শান্তিপূর্ণ পরিবেশ রক্ষায় ড্যাব সর্বদা দৃঢ়প্রতিজ্ঞ। একইসাথে, কোন ব্যক্তির অসাংগঠনিক কাজের দায় ড্যাবের ওপর বর্তায় না এবং ড্যাব কোন ব্যক্তির সংগঠন পরিপন্থী কর্মকাণ্ড বরদাস্ত করবে না।

এ বিষয়ে জানতে চাইলে ড্যাব মহাসচিব ডা. জহিরুল ইসলাম শাকিল দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, আমরা ঘটনা জানার পর তদন্তের স্বার্থে ডা. জাহিদ হাসানের প্রাথমিক সদস্য পদ স্থগিত করে তাকে শোকজ করেছিলাম। পরে ঘটনার কয়েকটি ভিডিও আমাদের হাতে আসে। এর পরিপ্রেক্ষিতে আলোচনার মাধ্যমে তাকে বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। 

মারধর ও হেনস্তায় জড়িত অন্যদের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, এ নিয়ে আরও তদন্ত হবে। আমরা তদন্ত কমিটি গঠন করেছি। কমিটি ঘটনার প্রকৃত কারণসহ বিস্তারিত প্রতিবেদন দিলে আমরা ব্যবস্থা নিতে পারব।

উল্লেখ্য, বুধবার বেলা ১১টার দিকে মহাখালীতে আইইডিসিআরের পরিচালকের কার্যালয়ে তাকে মারধর করেন বিএনপি সমর্থিত চিকিৎসকদের সংগঠন ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ড্যাব) একদল নেতাকর্মী। এতে নেতৃত্ব দেন ড্যাবের কেন্দ্রীয় সহ-আইন বিষয়ক সম্পাদক ডা. জাহিদ হাসান রিপক। এ ঘটনায় ইতোমধ্যে তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেছে স্বাস্থ্য মন্ত্রণালয়ও।

মন্ত্রণালয়ের কমিটিতে আহ্বায়ক করা হয়েছে স্বাস্থ্য সেবা বিভাগের অতিরিক্ত সচিব (বাজেট) আরিফ আহমদকে। এতে সদস্য সচিব হিসেবে আছেন স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. জাহিদ রায়হান। কমিটির অপর সদস্য হলেন উপসচিব ইমতিয়াজ হোসেন।