২৮ অক্টোবর ২০২৬, ১৫:৩৮

আইইডিসি‌আরে রুমে ঢুকে পরিচালককে মারধর, ড্যাবের কেন্দ্রীয় নেতার পদ স্থগিত

ড্যাবের সহ-আইন বিষয়ক সম্পাদক ডা. জাহিদ হাসান রিপক  © সংগৃহীত

আইইডিসি‌আরে রুমে ঢুকে পরিচালককে মারধর করার অভিযোগে ড্যাব নেতার পদ স্থগিত করা হয়েছে। তাকে আগামী ৪৮ ঘণ্টার মধ্যে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে।

আজ বুধবার (২৮ আগস্ট) দ্য ডেইলি ক্যাম্পাসকে বিষয়টি নিশ্চিত করেছেন ড্যাবের মহাসচিব ডা. জহিরুল ইসলাম শাকিল।

পদ স্থগিত হওয়া নেতা হলেন ড্যাবের সহ-আইন বিষয়ক সম্পাদক ডা. জাহিদ হাসান রিপক।

ঘটনার সত্যতা নিশ্চিত করে দ্য ডেইলি ক্যাম্পাসকে ড্যাব মহাসচিব ডা. জহিরুল বলেন, ‘আমরা তাকে শোকজ পাঠিয়েছি। আমরা অলরেডি সিদ্ধান্ত নিয়ে ফেলছি, তার প্রাথমিক সদস্যপদ স্থগিত করা হয়েছে এবং তাকে কারণ দর্শানোর জন্য ৪৮ ঘণ্টার সময় দিয়েছি। 

তিনি বলেন, ‘আপাতত ঘটনায় একজনেরই নাম এসেছে। তিনি একা ছিলেন, না কি সঙ্গে আরও কেউ ছিলেন আমরা সেটা তদন্ত করে দেখবো। আপাতত একজনের বিষয়টা সামনে আসছে, তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে।’

প্রসঙ্গত, আইইডিসিআরের পরিচালক অধ্যাপক কাজী আহমেদ জাকিকে তার কার্যালয়ে ঢুকে মারধরের অভিযোগ উঠেছে ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ড্যাব) কর্মীদের বিরুদ্ধে। বুধবার (২৮ অক্টোবর) বেলা ১১টার দিকে এ ঘটনা ঘটে।