আইইডিসিআর পরিচালকের কক্ষে ঢুকে মারধর, ড্যাবের কর্মীদের বিরুদ্ধে অভিযোগ
রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটের (আইইডিসিআর) পরিচালক অধ্যাপক কাজী আহমেদ জাকিকে তার কার্যালয়ে ঢুকে মারধর করার অভিযোগ উঠেছে ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ড্যাব) কর্মীদের বিরুদ্ধে।
বুধবার (২৮ অক্টোবর) বেলা ১১টার দিকে পরিচালকের কক্ষের ভেতরে এ ঘটনা ঘটে। অধ্যাপক কাজী আহমেদ জাকি অভিযোগ করেছেন, ড্যাবের কর্মীরা মব সৃষ্টি করে তার ওপর হামলা চালিয়েছেন।ভিডিও ফুটেজে দেখা যায়, পরিচালক নিজের কক্ষে কয়েকজনের সঙ্গে বৈঠক করছিলেন। এ সময় আট থেকে নয়জন ব্যক্তি কক্ষে ঢুকে তাকে চেয়ার থেকে টেনে তোলেন এবং মারধর শুরু করেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে ড্যাবের সভাপতি অধ্যাপক হারুন আল রশিদ বলেন, ওর (কাজী আহমেদ) ও তো কিছু দোষ আছে। এই সরকারের সময় কাজী আহমেদ কী করে মীরজাদী সেব্রিনা ফ্লোরার সঙ্গে তার (কাজী আহমেদ) নিজের অফিসে বৈঠক করে?
মীরজাদী সেব্রিনা ফ্লোরা জুলাই গণ-অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের সময় স্বাস্থ্য অধিদপ্তর, ঔষধ প্রশাসন অধিদপ্তর ও আইইডিসিআরের পরিচালক ছিলেন। করোনাকালে সংবাদমাধ্যমে ব্রিফিংয়ের মাধ্যমে তিনি পরিচিতি পান। পরে তিনি স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালকের দায়িত্ব পালন করেন।
আইইডিসিআরের সাবেক প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ও জনস্বাস্থ্যবিদ মুশতাক হোসেন বলেন, পরিচালকের নিজের কক্ষে তাকে মারধরের ঘটনা তদন্ত করতে হবে এবং দোষী ব্যক্তিদের শাস্তি দিতে হবে।