২৭ অক্টোবর ২০২৬, ১৯:৫১

জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটের ‍নতুন পরিচালক ডা. ইব্রাহীম চৌধুরী

ডা. মুহাম্মদ ইব্রাহীম চৌধুরী  © টিডিসি সম্পাদিত

জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতালের (এনআইসিভিডি) পরিচালক হিসেবে প্রতিষ্ঠানটির কার্ডিওলজি বিভাগের অধ্যাপক (চলতি দায়িত্ব) ডা. মোহাম্মদ ইব্রাহীম চৌধুরীকে পদায়ন করেছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়। সদ্য সাবেক পরিচালক অধ্যাপক ডা. আব্দুল ওয়াদুদ চৌধুরী অবসরে যাওয়ার পর তার স্থলাভিষিক্ত হলেন ডা. ইব্রাহীম।

আজ মঙ্গলবার (২৭ অক্টোবর) স্বাস্থ্য সেবা বিভাগ এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করেছে। এতে সিনিয়র সহকারী সচিব (পার-১) সাদিয়া আফরিন সই করেছেন। প্রজ্ঞাপনে ডা. ইব্রাহীমকে আগামী ৫ কর্মদিবসের মধ্যে বর্তমান কর্মস্থলে যোগদান দিতে বলা হয়েছে।

নতুন পরিচালক অধ্যাপক ডা. মোহাম্মদ ইব্রাহীম চৌধুরী ঢাকা মেডিকেল কলেজের ৪৫তম ব্যাচের শিক্ষার্থী ছিলেন। তিনি কলেজটির ছাত্রসংসদের সাধারণ সম্পাদক (জিএস) ছিলেন। ১৭তম বিসিএসের মাধ্যমে স্বাস্থ্য ক্যাডারে যোগ দেন তিনি। কর্মজীবনের দীর্ঘ সময় চট্টগ্রামে কাটিয়েছেন এবং চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের হৃদরোগ বিভাগের প্রধান হিসেবে দায়িত্ব পালন করেছেন। পরে ঢাকায় বদলি করা হয়।

উল্লেখ্য, গত ২৫ অক্টোবর সরকারি চাকরিজীবনের দীর্ঘ অধ্যায় শেষ করেন অধ্যাপক ডা. আব্দুল ওয়াদুদ চৌধুরী। তিনি ২০২৪ সালের ৫ সেপ্টেম্বর থেকে এনআইসিভিডির পরিচালকের দায়িত্ব পালন করে আসছিলেন।

কর্মজীবনে তিনি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালসহ দেশের বিভিন্ন সরকারি স্বাস্থ্য প্রতিষ্ঠানে দায়িত্ব পালন করেছেন। ১৯৯৯ থেকে ২০০৫ সাল পর্যন্ত জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে সহকারী অধ্যাপক এবং ২০০৫ থেকে ২০০৯ সাল পর্যন্ত সহযোগী অধ্যাপক হিসেবে দায়িত্ব পালন করেন। পরে ২০১৩ সালে ঢাকা মেডিকেল কলেজে পূর্ণ অধ্যাপক হিসেবে নিযুক্ত হন।

১৯৬৫ সালের ২৫ অক্টোবর সিলেটে জন্ম নেওয়া অধ্যাপক ওয়াদুদ চৌধুরী ১৯৯০ সালে ঢাকা মেডিকেল কলেজ থেকে এমবিবিএস সম্পন্ন করেন। পরে ইন্টারনাল মেডিসিনে এফসিপিএস ও কার্ডিওলজিতে এমডি ডিগ্রি অর্জন করেন। তিনি বাংলাদেশ কার্ডিয়াক সোসাইটি ও বাংলাদেশ ইন্টারভেনশনাল কার্ডিওলজি সোসাইটির সহসভাপতি এবং ইউরোপিয়ান সোসাইটি অব কার্ডিওলজির সদস্য। এ ছাড়া তিনি আইপিডিআই ফাউন্ডেশনের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন।