হাম ও ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ১৩ মৃত্যু
দেশে হামের উপসর্গ ও ডেঙ্গুর উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় ১৩ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে হামের উপসর্গে আটজন এবং ডেঙ্গুতে পাঁচজন মারা গেছেন। একই সময়ে হামের উপসর্গ নিয়ে ১ হাজার ১৪ জনের আক্রান্ত হওয়ার তথ্য পাওয়া গেছে। আর ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার ৮৯৮ জন। শনিবার (২৪ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের পৃথক প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তরের হামবিষয়ক প্রতিবেদনে বলা হয়, হামের উপসর্গে মারা যাওয়াদের মধ্যে তিনজন ঢাকা বিভাগের, দুজন করে সিলেট ও চট্টগ্রাম বিভাগের এবং একজন ময়মনসিংহ বিভাগের বাসিন্দা।
গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত দেশে হামের উপসর্গ নিয়ে ১ হাজার ১১৮ জনের মৃত্যু হয়েছে। এ সময়ে নিশ্চিত হামে মারা গেছেন ১০৪ জন। সব মিলিয়ে হামের উপসর্গ ও নিশ্চিত হাম নিয়ে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ২২২।
অন্যদিকে, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মারা যাওয়া পাঁচজনের মধ্যে দুজন পুরুষ ও তিনজন নারী। তাঁদের মধ্যে চট্টগ্রাম বিভাগের দুজন এবং ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন এলাকা, খুলনা ও ময়মনসিংহ বিভাগে একজন করে মারা গেছেন।
অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি বছরের জানুয়ারি থেকে এখন পর্যন্ত দেশে ডেঙ্গুতে মোট ৩৭৬ জনের মৃত্যু হয়েছে। এ সময়ে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ লাখ ২১ হাজার ৬৯৯ জন।