১৬ অক্টোবর ২০২৬, ১৫:৫৮

হোচিমিনের শাস্তির দাবি বিএনপিপন্থী নার্স সংগঠনের

হোচিমিন ইসলাম (বামে) ও ন্যাবের লোগো  © টিডিসি সম্পাদিত

সাবেক প্রধান উপদেষ্টা ও নোবেলজয়ী অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে বিরূপ মন্তব্য করায় ট্রান্সজেন্ডার অধিকারকর্মী ও রাজধানীর জাতীয় নিউরোসায়েন্সেস হাসপাতালের সিনিয়র স্টাফ নার্স হোচিমিন ইসলামের শাস্তির দাবি জানিয়েছে বিএনপিপন্থী নার্সদের সংগঠন নার্সেস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ন্যাব)। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) সংগঠনটির এক বিবৃতিতে এই দাবি জানানো হয়েছে।

বিবৃতিতে বলা হয়েছে, ‘গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সদ্য সাবেক প্রধান উপদেষ্টা ও নোবেলজয়ী অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে নার্স হোচেমিন ইসলামের প্রকাশিত বক্তব্যকে কেন্দ্র করে আমরা গভীর উদ্বেগ প্রকাশ করছি। অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বাংলাদেশের একজন আন্তর্জাতিকভাবে স্বীকৃত ব্যক্তিত্ব ও নোবেলজয়ী। তার মতো একজন সম্মানিত ব্যক্তিকে নিয়ে প্রকাশিত বক্তব্যের ভাষা, প্রেক্ষাপট ও শালীনতা নিয়ে প্রশ্ন ওঠা স্বাভাবিক। একজন নার্স হিসেবে পেশাগত দায়িত্ব পালনের পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমে দায়িত্বশীল, সংযত ও শালীন আচরণ প্রত্যাশিত।’

এতে আরও বলা হয়, ‘আমরা মনে করি, মতপ্রকাশের স্বাধীনতা যেমন গণতান্ত্রিক অধিকার, তেমনি সেই অধিকারের চর্চায় শালীনতা, দায়িত্বশীলতা ও পারস্পরিক সম্মান বজায় রাখাও জরুরি। অতএব, প্রকাশিত বক্তব্যের সত্যতা, প্রেক্ষাপট ও প্রযোজ্য বিধিবিধান যাচাই করে বিষয়টি নিরপেক্ষভাবে তদন্তের জন্য নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তরের প্রতি আহ্বান জানাচ্ছি। তদন্তে পেশাগত আচরণবিধি বা প্রচলিত বিধিবিধানের লঙ্ঘন প্রমাণিত হলে বিধি অনুযায়ী প্রয়োজনীয় প্রশাসনিক ব্যবস্থা গ্রহণের দাবি জানাচ্ছি।’

ন্যাবের বিবৃতিতে বলা হয়েছে, ‘আমাদের এই দাবি কোনো ব্যক্তির প্রতি বিদ্বেষ বা প্রতিহিংসা থেকে নয়; বরং পেশাগত শৃঙ্খলা, সামাজিক দায়বদ্ধতা ও রাষ্ট্রের সম্মানিত ব্যক্তিদের প্রতি শালীন আচরণ নিশ্চিত করার প্রত্যাশা থেকে।’