ক্যান্সারসহ ৭ রোগে আক্রান্তদের আর্থিক সহায়তা নিয়ে নতুন নির্দেশনা মন্ত্রণালয়ের
ক্যান্সার, কিডনি রোগ, লিভার সিরোসিস, প্যারালাইসিস, হৃদরোগ, লিউকেমিয়া ও থ্যালাসেমিয়ায় আক্রান্ত রোগীদের আর্থিক সহায়তা পেতে নতুন করে আবেদন করতে হবে বলে জানিয়েছে সমাজকল্যাণ মন্ত্রণালয়। নির্দেশনা অনুযায়ী, ২০২৫-২৬ অর্থবছরে আবেদন করেও যারা অর্থ পাননি, তাদের অপেক্ষমাণ আবেদন নতুন অর্থবছরে স্বয়ংক্রিয়ভাবে স্থানান্তর করা হবে না।
সংশ্লিষ্ট রোগীদের নতুন নীতিমালার আলোকে পুনরায় আবেদন করতে হবে। গত ৫ অক্টোবর সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সামাজিক নিরাপত্তা-১ শাখা থেকে জারি করা এক নির্দেশনায় এ তথ্য জানানো হয়েছে।
নির্দেশনায় বলা হয়, ২০২৫-২৬ অর্থবছরে ক্যান্সারসহ উল্লিখিত সাত রোগে আক্রান্ত ব্যক্তিদের আর্থিক সহায়তা কার্যক্রমের আওতায় আইডিএসডিপি সফটওয়্যারে যেসব আবেদনের বিপরীতে অর্থ বিতরণ সম্ভব হয়নি, সেসব অপেক্ষমাণ আবেদন জেলা পর্যায় থেকে সংশ্লিষ্ট উপজেলা ইউনিটে স্থানান্তর করে সহায়তা প্রদানের প্রস্তাব করেছিল সমাজসেবা অধিদপ্তর।
আরও খবর: বগুড়া বিশ্ববিদ্যালয়ের যাত্রা শুরু হতে পারে ৯ বিভাগ নিয়ে, সম্ভাব্যতা যাচাই ইউজিসির
২০২৫-২৬ অর্থবছরের অপেক্ষমাণ আবেদনগুলো সংশ্লিষ্ট কর্মসূচি বাস্তবায়ন নীতিমালা, ২০১৯-এর আলোকে করা হয়েছিল। অন্যদিকে ২০২৬-২৭ অর্থবছরে অনুদানের পরিমাণ ও রোগের আওতা বৃদ্ধি করে ‘ক্যান্সার, কিডনি রোগ, লিভার সিরোসিস, প্যারালাইসিস, হৃদরোগ, লিউকেমিয়া ও থ্যালাসেমিয়ায় আক্রান্ত ব্যক্তিদের আর্থিক সহায়তা কার্যক্রম বাস্তবায়ন নীতিমালা, ২০২৬ (সংশোধিত)’ প্রণয়ন করা হয়েছে।
এ কারণে আগের অর্থবছরের অপেক্ষমাণ আবেদন স্থানান্তর না করে সংশ্লিষ্ট রোগীদের নতুন নীতিমালার আলোকে নতুন করে আবেদন আহবানের মাধ্যমে অনুদানের অর্থ প্রদানের প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সমাজসেবা অধিদপ্তরকে নির্দেশ দেওয়া হয়েছে।