০৭ অক্টোবর ২০২৬, ১৬:২৭

বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে বিশ্ব সেরিব্রাল পালসি দিবস পালিত

পেডিয়াট্রিক নিউরোলজি বিভাগে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়  © সংগৃহীত

বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে বিশ্ব সেরিব্রাল পালসি দিবস পালন করেছে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) পেডিয়াট্রিক নিউরোলজি বিভাগ। মঙ্গলবার (৬ অক্টোবর) ‘ইউনিক অ্যান্ড ইউনাইটেড’ প্রতিপাদ্যে দিবসটি পালন করা হয়। এ সময় সেরিব্রাল পালসিতে আক্রান্ত প্রতিটি ব্যক্তির স্বাতন্ত্র্যকে উদযাপনের পাশাপাশি ঐক্য, অন্তর্ভুক্তি, সহজপ্রাপ্যতা এবং সমান সুযোগ নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করে।

আয়োজকরা জানিয়েছেন, দিনব্যাপী কর্মসূচির মধ্যে ছিল মেডিকেল ক্যাম্প এবং সেরিব্রাল পালসির রোগ নির্ণয় ও ব্যবস্থাপনা বিষয়ক কন্টিনিউয়িং মেডিকেল এডুকেশন (সিএমই) সেশন। সেশনে বক্তব্য ও উপস্থাপনা করেন পেডিয়াট্রিক নিউরোলজি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা. সৈয়দা তাবাসসুম আলম এবং চাইল্ড ডেভেলপমেন্টাল থেরাপিস্ট সালমা পারভিন ও উবায়দিল্লাহ পাঠান।

অনুষ্ঠানে প্রাথমিক পর্যায়ে সেরিব্রাল পালসি শনাক্তকরণ, সময়মতো চিকিৎসা ও পুনর্বাসন, সমন্বিত বহুমাত্রিক (মাল্টিডিসিপ্লিনারি) সেবা, অন্তর্ভুক্তি এবং ক্ষমতায়নের গুরুত্ব তুলে ধরা হয়। সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে সেরিব্রাল পালসিতে আক্রান্ত প্রতিটি শিশুকে তার সর্বোচ্চ সম্ভাবনা অর্জনের সুযোগ করে দেওয়াই ছিল এ আয়োজনের মূল লক্ষ্য।

এ সময় পেডিয়াট্রিক নিউরোলজি বিভাগের শিক্ষক, পেডিয়াট্রিক্স সংশ্লিষ্ট বিভাগের শিক্ষক, মেডিকেল অফিসার, ডেভেলপমেন্টাল থেরাপিস্ট, সাইকোলজিস্ট, রেসিডেন্ট চিকিৎসক এবং নিউরোডেভেলপমেন্টাল ডিজঅর্ডারস (এনডিডি) সার্টিফিকেট কোর্সের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।