এক হাজার সেট ‘কিউই’ ভ্যাকুয়াম এক্সট্রাকশন ডিভাইস দিল ইউএনএফপিএ
নিরাপদ মাতৃত্ব নিশ্চিতকরণ ও প্রসূতি সেবার মানোন্নয়নে এক হাজার সেট ‘কিউই’ (KIWI) ভ্যাকুয়াম এক্সট্রাকশন ডিভাইস হস্তান্তর করেছে জাতিসংঘ জনসংখ্যা তহবিল (ইউএনএফপিএ)। বৃহস্পতিবার (১ অক্টোবর) সচিবালয়ে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সভাকক্ষে এসব আধুনিক চিকিৎসা সরঞ্জাম হস্তান্তর করা হয়। স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বকুল এগুলো গ্রহণ করেন।
অনুষ্ঠানে স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বকুল ইউএনএফপিএকে ধন্যবাদ জানান। তিনি মাঠ পর্যায়ে প্রসূতিদের জটিলতামুক্ত ও নিরাপদ নরমাল ডেলিভারি নিশ্চিত করতে এবং অহেতুক সিজারিয়ান সেকশন কমিয়ে আনতে এই সরঞ্জামগুলো অত্যন্ত কার্যকর ভূমিকা রাখবে বলে মত প্রকাশ করেন। প্রসূতি ও নবজাতকের মৃত্যুহার হ্রাস এবং প্রত্যন্ত অঞ্চলের স্বাস্থ্যকেন্দ্রগুলোতে জরুরি প্রসূতি সেবার গুণগত মান বাড়াতে সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে বলেও উল্লেখ করেন তিনি।
হস্তান্তর অনুষ্ঠানে ইউএনএফপিএর প্রতিনিধি দল বাংলাদেশে মাতৃত্বকালীন স্বাস্থ্যসেবা জোরদারকরণে তাদের সার্বিক সহযোগিতা অব্যাহত রাখার প্রতিশ্রুতি ব্যক্ত করে। তারা জানান, ‘কিউই’ ভ্যাকুয়াম এক্সট্রাকশন প্রযুক্তিটি জটিল প্রসবের ক্ষেত্রে অস্ত্রোপচার ছাড়াই নিরাপদে ও দ্রুত প্রসব সম্পন্ন করতে সহায়তাকারী একটি আধুনিক ও কার্যকর ডিভাইস।
অনুষ্ঠানে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় এবং ইউএনএফপিএর ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।