৩০ সেপ্টেম্বর ২০২৬, ২০:২১

বিশ্ব হার্ট দিবসে বিএমইউতে হৃদরোগ সচেতনতামূলক কর্মসূচি

হার্ট দিবস উপলক্ষে র‌্যালি  © সংগৃহীত

বিশ্ব হার্ট দিবস-২০২৬ উপলক্ষে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএমইউ) সচেতনতামূলক র‍‍্যালি ও বৈজ্ঞানিক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের কার্ডিওলজি বিভাগের উদ্যোগে এসব কর্মসূচি আয়োজিত হয়।

দিবসটি উপলক্ষে সকালে বিএমইউ ক্যাম্পাসে একটি বর্ণাঢ্য সচেতনতামূলক র‍‍্যালির আয়োজন করা হয়। র‍্যালিটির উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ডা. মো. আবুল কালাম আজাদ। এতে কার্ডিওলজি বিভাগের শিক্ষক, চিকিৎসক ও নার্সসহ সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীরা অংশ নেন।

র‍‍্যালি শেষে বিএমইউ সুপার স্পেশালাইজড হাসপাতালে একটি বৈজ্ঞানিক সেমিনার অনুষ্ঠিত হয়। সেমিনারে হৃদরোগ প্রতিরোধ, ঝুঁকি হ্রাস, প্রাথমিক লক্ষণ শনাক্তকরণ এবং সময়মতো চিকিৎসার গুরুত্ব নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। এ বছর বিশ্ব হার্ট দিবসের প্রতিপাদ্য ছিল—‘Don’t Miss a Beat’, যার মাধ্যমে হৃদ্‌যন্ত্রের সুপ্ত লক্ষণ চেনা ও সময়মতো কার্যকর পদক্ষেপ নেওয়ার ওপর বিশেষ জোর দেওয়া হয়।

সেমিনারে বিএমইউর উপ-উপাচার্য (গবেষণা ও উন্নয়ন) অধ্যাপক ডা. মো. মুজিবুর রহমান হাওলাদার জানান, বাংলাদেশে বর্তমানে মৃত্যুর প্রধান কারণ হিসেবে শীর্ষে রয়েছে হার্ট অ্যাটাক ও হৃদরোগজনিত জটিলতা, যেখানে আক্রান্তদের মৃত্যুর হার প্রায় ১৭.৪৩ শতাংশ। এই অকাল মৃত্যু ও হৃদরোগের ঝুঁকি কমাতে একটি শৃঙ্খলাবদ্ধ জীবনাচরণ গড়ে তোলা, দৈনিক স্বাস্থ্যকর খাদ্যাভ্যাস অনুশীলন, নিয়মিত শারীরিক ব্যায়াম এবং নির্দিষ্ট সময় পরপর স্বাস্থ্য পরীক্ষা করানো অত্যন্ত জরুরি।

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিএমইউর রেজিস্ট্রার অধ্যাপক ডা. মো. মোস্তফা কামাল, কার্ডিওলজি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা. এম এ মুকিত, অধ্যাপক ডা. মনজুর মাহমুদ, অধ্যাপক ডা. মো. মোকলেসুর রহমান, সহকারী অধ্যাপক ডা. এএনএম মনোয়ারুল কাদির এবং সহকারী অধ্যাপক ডা. মোহাম্মদ জাফর ইকবাল জামালি।