‘ডেঙ্গু বেয়াদবগুলা অবস্থান বদলেছে—এখন ময়লা পানিতেও ডিম পাড়ে, রাতেও কামড়ায়’
ডেঙ্গু (এডিস) মশা আগে পরিষ্কার পানিতে ডিম পাড়লেও এখন ময়লা পানিতেও ডিম পাড়ছে বলে মন্তব্য করেছেন ঢাকা বিভাগের অতিরিক্ত বিভাগীয় কমিশনার ও স্থানীয় সরকার বিভাগের পরিচালক মো. আজমুল হক। একই সাথে এডিস মশাকে বেয়াদব আখ্যা দিয়ে তিনি বলেছেন, আগে শুধু দিনে কামড়ালেও এখন রাতেও কামড়াচ্ছে।
আজ রবিবার (২৭ সেপ্টেম্বর) বিকালে গোপালগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে ‘দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান-২০২৬’ উপলক্ষে তিন মাসব্যাপী বিশেষ কর্মসূচি ও মশক নিধন কার্যক্রমে অংশ নিয়ে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
ডেঙ্গুর প্রকোপকে জাতীয় দুর্যোগ আখ্যা দিয়ে আজমুল হক বলেন, ডেঙ্গু এখন সারাদেশে ছড়িয়ে পড়েছে। আপনারা জানেন ডেঙ্গু মশা আগে পরিষ্কার পানি ছাড়া ডিম পাড়ত না। এই বেয়াদবগুলা এখন ময়লা পানিতেও ডিম পাড়ছে। তার মানে তারা তাদের অবস্থান বদলিয়েছে। এই ডেঙ্গু আগে সকাল-সন্ধ্যা ছাড়া কামড়াত না। এখন এরা রাতের বেলাও কামড়াচ্ছে।
তিনি বলেন, অতএব আমাদেরকে এলার্ট হতে হবে। আমরা যদি মনে করি, সকালে-সন্ধ্যায় জানালা বন্ধ রাখব, তাহলে আর হবে না। এভাবে ভাবার কোনো কারণ নাই। রাতেও ডেঙ্গু কামড়াচ্ছে।
গোপালগঞ্জ জেলা পরিষদের উদ্যোগে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মো. আজমুল হক। পরে তিনি অতিথিদের সঙ্গে নিয়ে গোপালগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতাল এলাকায় জঙ্গল ও আবর্জনা পরিষ্কারের কর্যক্রমে অংশ নেন।
কর্মসূচিতে গোপালগঞ্জ জেলা পরিষদ প্রশাসক শরীফ রফিক উজ্জামান, গোপালগঞ্জ মেডিকেল কলেজের অধ্যক্ষ ডা. অমল চন্দ্র পাল, সহকারী পরিচালক ডা. নিয়াজ মাহমুদ, সিভিল সার্জন ডা. আবু সাঈদ মোহাম্মাদ ফারুক, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা অমিত দেবনাথ, জেলা প্রশাসনের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শোভন সরকার, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) রুলী বিশ্বাস, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা কৌশিক আহম্মেদসহ জেলা পরিষদ, জেলা প্রশাসন, গোপালগঞ্জ পৌরসভা ও মেডিকেল কলেজের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।
এদিন অর্ধশতাধিক শ্রমিককে সঙ্গে নিয়ে প্রধান অতিথি ও জেলা পরিষদ প্রশাসক গোপালগঞ্জ মেডিকেল কলেজ, গোপালগঞ্জ নার্সিং ইনস্টিটিউট, মেডিকেল কলেজ নার্সিং ইনস্টিটিউট ও জেলা পরিষদ প্রাঙ্গণ পরিষ্কার-পরিচ্ছন্ন করেন।