২৭ সেপ্টেম্বর ২০২৬, ১৯:৫২

চীনের উচ্চপর্যায়ের প্রতিনিধিদলের বিএমইউ পরিদর্শন

বিএমইউ ও চীনা প্রতিনিধিদলের বৈঠক  © সংগৃহীত

শিক্ষা, গবেষণা ও চিকিৎসাসেবার সমন্বিত কেন্দ্র হিসেবে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) ভূমিকা এবং সাম্প্রতিক চিকিৎসা অগ্রগতিকে কেন্দ্র করে ৩ দিনব্যাপী বিভিন্ন বৈজ্ঞানিক সভা ও কর্মশালার অংশ হিসেবে বিশ্ববিদ্যালয়টি পরিদর্শন করেছে চীনের উচ্চপর্যায়ের দুটি প্রতিনিধিদল। চীনের ইউনান প্রদেশের প্রাদেশিক সরকারের প্রতিনিধিদল ও কুনমিং বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিদল যৌথভাবে বিএমইউ পরিদর্শন করেন।

পরিদর্শনকালে দুই দেশের প্রতিনিধিদের মধ্যে একটি দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে চিকিৎসা শিক্ষা, গবেষণা, প্রশিক্ষণ, আধুনিক চিকিৎসা প্রযুক্তি এবং বিশেষায়িত স্বাস্থ্যসেবার বিভিন্ন ক্ষেত্রে পারস্পরিক সহযোগিতা আরও জোরদার করার ব্যাপারে উভয় পক্ষই আশাবাদ ব্যক্ত করেন।

দ্বিপাক্ষিক বৈঠকে চীনের কমিউনিস্ট পার্টির (সিপিসি) স্থায়ী কমিটির সদস্য ঝাও জুনমিন চীন-বাংলাদেশের দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ ও সহযোগিতাপূর্ণ সম্পর্কের কথা তুলে ধরেন। তিনি বলেন, স্বাস্থ্যসেবা, চিকিৎসা শিক্ষা, গবেষণা, চিকিৎসকদের প্রশিক্ষণ এবং আধুনিক চিকিৎসা প্রযুক্তির ক্ষেত্রে চীনের যে অর্জন ও অভিজ্ঞতা রয়েছে, তা বাংলাদেশের সঙ্গে বিনিময়ের ব্যাপক সুযোগ রয়েছে। ভবিষ্যতে এই সহযোগিতার ক্ষেত্র আরও বিস্তৃত হবে এবং এর মাধ্যমে উভয় দেশের জনগণ উপকৃত হবেন বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

কুনমিং বিশ্ববিদ্যালয়ের ভাইস প্রেসিডেন্ট ইউ কিয়াং তার বক্তব্যে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় ও কুনমিং বিশ্ববিদ্যালয়ের মধ্যে স্বাক্ষরিত সমঝোতা স্মারকের (এমওইউ) বিভিন্ন দিক তুলে ধরেন। তিনি উল্লেখ করেন, এই সমঝোতা স্মারক দুই প্রতিষ্ঠানের মধ্যে একাডেমিক ও প্রাতিষ্ঠানিক সহযোগিতার একটি গুরুত্বপূর্ণ ভিত্তি তৈরি করেছে। এর মাধ্যমে চিকিৎসা শিক্ষা, গবেষণা, প্রশিক্ষণ, শিক্ষক ও শিক্ষার্থী বিনিময় এবং বিভিন্ন একাডেমিক কার্যক্রমে পারস্পরিক সহযোগিতার সুযোগ সৃষ্টি হয়েছে। ভবিষ্যতে দুই বিশ্ববিদ্যালয়ের মধ্যে এই সহযোগিতার ক্ষেত্র ও পরিধি আরও বৃদ্ধি পাবে বলে তিনি আশা প্রকাশ করেন।

বিএমইউর উপ-উপাচার্য অধ্যাপক ডা. মো. আবুল কালাম আজাদ বাংলাদেশের উচ্চতর চিকিৎসা শিক্ষা, বিশেষায়িত চিকিৎসাসেবা, চিকিৎসক প্রশিক্ষণ ও গবেষণায় বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ভূমিকা তুলে ধরেন। একই সঙ্গে চীনের বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও চিকিৎসা প্রতিষ্ঠানের সঙ্গে পারস্পরিক জ্ঞান, অভিজ্ঞতা ও প্রযুক্তি বিনিময়ের মাধ্যমে বাংলাদেশের চিকিৎসা শিক্ষা ও স্বাস্থ্যসেবাকে আরও এগিয়ে নেওয়ার সুযোগ রয়েছে বলে তিনি উল্লেখ করেন।

বৈঠকে ক্ষমতাসীন দল বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ও বিএমইউর ইউরোলজি বিভাগের অধ্যাপক ডা. মো. রফিকুল ইসলাম বাংলাদেশের চিকিৎসা শিক্ষা ও স্বাস্থ্যসেবায় বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ভূমিকা এবং দেশের সাম্প্রতিক চিকিৎসা অগ্রগতি নিয়ে একটি সংক্ষিপ্ত উপস্থাপনা দেন। এতে তিনি বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠার ইতিহাস এবং দেশের উচ্চতর চিকিৎসা শিক্ষা, বিশেষায়িত চিকিৎসাসেবা, বিশেষজ্ঞ চিকিৎসক প্রশিক্ষণ ও গবেষণায় বিশ্ববিদ্যালয়ের অবদান তুলে ধরেন।

অধ্যাপক রফিকুল ইসলাম বলেন, দেশের বিভিন্ন প্রান্ত থেকে জটিল ও কঠিন রোগের চিকিৎসার জন্য রোগীরা এখানে আসেন। একই সাথে পোস্টগ্রাজুয়েট চিকিৎসা শিক্ষা, বিশেষজ্ঞ চিকিৎসক প্রশিক্ষণ, ক্লিনিক্যাল গবেষণা এবং আধুনিক চিকিৎসা পদ্ধতির বিকাশে প্রতিষ্ঠানটি কাজ করে যাচ্ছে।

অধ্যাপক রফিকুল ইসলাম তার উপস্থাপনায় আরও জানান, জটিল ও বিশেষায়িত রোগের চিকিৎসা, অঙ্গ প্রতিস্থাপন, মিনিমালি ইনভেসিভ সার্জারি, আধুনিক রোগ নির্ণয় প্রযুক্তি এবং উন্নত চিকিৎসাসেবার ক্ষেত্রে বাংলাদেশের সক্ষমতা ক্রমাগত বৃদ্ধি পাচ্ছে। বিশেষ করে দেশে কিডনি প্রতিস্থাপনের সক্ষমতা ও পরিধি ধীরে ধীরে সম্প্রসারিত হচ্ছে। উন্নত সার্জিক্যাল পদ্ধতি, মাল্টিডিসিপ্লিনারি ট্রান্সপ্ল্যান্ট কেয়ার, আধুনিক ইমিউনোসাপ্রেশন এবং অপারেশন-পূর্ব ও পরবর্তী চিকিৎসাব্যবস্থার উন্নতির ফলে অর্গান ট্রান্সপ্ল্যান্টে নতুন সম্ভাবনা তৈরি হয়েছে। বিএমইউ-তেও কিডনি ট্রান্সপ্ল্যান্ট সেবার সম্প্রসারণ ও আধুনিকায়নে বিভিন্ন উদ্যোগ নেওয়া হয়েছে।

তিনি আরও বলেন, অর্গান ট্রান্সপ্ল্যান্টের পাশাপাশি ইউরোলজিতে মিনিমালি ইনভেসিভ প্রোসিডিউর, এন্ডোইউরোলজি, ল্যাপারোস্কোপিক সার্জারি এবং আধুনিক সার্জিক্যাল ইন্টারভেনশনের ব্যবহার বহুগুণ বেড়েছে। দক্ষ জনবল তৈরি, আন্তর্জাতিক প্রশিক্ষণ ও জ্ঞান বিনিময় এবং উন্নত প্রযুক্তির ব্যবহার বাংলাদেশের চিকিৎসাব্যবস্থাকে আরও এগিয়ে নিতে সাহায্য করছে। একই সাথে চিকিৎসা শিক্ষা, বিশেষজ্ঞ চিকিৎসক প্রশিক্ষণ, কিডনি ট্রান্সপ্ল্যান্ট, আধুনিক সার্জিক্যাল প্রযুক্তি ও উন্নত স্বাস্থ্যসেবার ক্ষেত্রে দুই দেশের প্রতিষ্ঠানগুলোর মধ্যে সহযোগিতা বিস্তারের সুযোগ রয়েছে।

বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ইউরোলজি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা. সাইফুল ইসলামের পরিচালনায় অনুষ্ঠিত এ বৈঠকে উভয় পক্ষই দ্বিপাক্ষিক সম্পর্ক ও স্বাস্থ্য খাতের যৌথ উন্নয়ন কর্মসূচি এগিয়ে নেওয়ার দৃঢ় আশাবাদ ব্যক্ত করেন।