হামে আরও ৯ জনের প্রাণহানি, মোট মৃত্যু ১১০০ ছুঁইছুঁই
দেশে গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গ নিয়ে আরও ৯ জনের মৃত্যু হয়েছে। এই সময়ে নতুন করে হামের উপসর্গ দেখা গেছে ১২২৮ জনের শরীরে। একই সাথে আগে উপসর্গ দেখা যাওয়া ব্যক্তিদের মধ্যে ল্যাব পরীক্ষায় ১১৩ জনের হাম নিশ্চিত হয়েছে। আজ রবিবার (২৭ সেপ্টেম্বর) বিকালে স্বাস্থ্য অধিদপ্তরের হাম-বিষয়ক নিয়মিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তি অনুযায়ী, এ নিয়ে গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত সারা দেশে হামের উপসর্গ নিয়ে মৃত্যু হয়েছে মোট ৯৯৫ জনের। হামে আক্রান্ত হয়ে আরও ১০১ জন প্রাণ হারিয়েছে। অর্থাৎ হাম ও হামের উপসর্গ নিয়ে এই সময়ে মোট মারা গেছে ১০৯৬ জন।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য বলছে, ১৫ মার্চ থেকে আজ পর্যন্ত মোট সন্দেহজনক হাম রোগীর সংখ্যা এক লাখ ৮৮ হাজার ৪১, আর নিশ্চিত হাম রোগীর সংখ্যা ২১ হাজার ২১২। এর মধ্যে হাসপাতালে ভর্তি হয়েছে মোট এক লাখ ৬৬ হাজার ৩১০ জন রোগী, যাদের মধ্যে এক লাখ ৫৯ হাজার ৫১৯ জন ছাড়পত্র পেয়ে ইতোমধ্যে বাড়ি ফিরেছে।