২৬ সেপ্টেম্বর ২০২৬, ২১:০১

মিরপুরে ক্লিনিকে হামলায় জামায়াত-আ.লীগের ইন্ধন আছে কিনা—তদন্ত দরকার: এমপি তুলি

ভগ্নস্তূপ ও এমপি সানজিদা ইসলাম তুলি  © টিডিসি সম্পাদিত

রাজধানীর মিরপুরে রাড্ডা এমসিএইচ-এফপি (মাতৃ-শিশু স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা) সেন্টারে হামলা ও ভাঙচুরের পেছনে জামায়াত কিংবা আওয়ামী লীগের কোনো ইন্ধন রয়েছে কিনা, তা নিরপেক্ষ তদন্তের মাধ্যমে খতিয়ে দেখার দাবি জানিয়েছেন সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য সানজিদা ইসলাম তুলি। কোনো অবস্থাতেই অপরাধীকে ছাড় বা অন্যায়কে প্রশ্রয় দেওয়া যাবে না বলেও উল্লেখ করেছেন তিনি।

আজ শনিবার (২৬ সেপ্টেম্বর) ধ্বংসস্তূপে পরিণত হওয়া রাড্ডা ক্লিনিক প্রাঙ্গণ পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে সানজিদা ইসলাম তুলি এসব কথা বলেন।

সংসদ সদস্য বলেন, অন্যায় তো অন্যায়ই। এটা আওয়ামী লীগ, জামায়াত কিংবা বিএনপি—যার নাম ব্যবহার করেই করা হোক না কেন, কোনো অন্যায়কারীকেই আশ্রয়-প্রশ্রয় দেওয়া যাবে না। এই সেবামূলক প্রতিষ্ঠানের ওপর হামলার ঘটনায় জামায়াত বা আওয়ামী লীগের কোনো পরোক্ষ ইন্ধন কাজ করছে কিনা, সুষ্ঠু তদন্তের মাধ্যমে তা জনসমক্ষে আনা হোক।

স্বাস্থ্যসেবা চালু রাখার বিষয়ে তিনি জানান, ভবনটি সম্পূর্ণ ভেঙে গুঁড়িয়ে দেওয়া হলেও মা ও শিশুদের টিকাদান যেন বন্ধ না হয়, সে ব্যবস্থা করা হচ্ছে। তিনি বলেন, মিরপুর-১ নম্বরের রুহানী টাওয়ারে আমাদের একটি কার্যালয় রয়েছে। শিশুদের নিয়মিত টিকাদান কার্যক্রম অব্যাহত রাখতে রাড্ডা ক্লিনিকের সংশ্লিষ্টদের আমরা ওই কার্যালয়ে সাময়িকভাবে সেবা পরিচালনার প্রস্তাব দিয়েছি।

উল্লেখ্য, গত বৃহস্পতিবার মধ্যরাতে মিরপুর-১ নম্বর সেকশনে অবস্থিত রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে হামলার ঘটনা ঘটে। পরদিন ক্লিনিকের নির্বাহী পরিচালক নাসরিন আখতার শাহ আলী থানায় মামলা দায়ের করেন। মামলায় হানিফ মিয়া (৫০) নামে স্থানীয় এক বিএনপি নেতাকে প্রধান আসামি করা হয়েছে। এ ছাড়া অজ্ঞাতপরিচয় আরও প্রায় ২৫০ জনকে আসামি করা হয়।

এ ঘটনায় শনিবার ৪ জনকে গ্রেপ্তার করেছে শাহ আলী থানা পুলিশ। পরে তাদের আদালতে নেওয়া হলে কারাগারে পাঠানোর আদেশ দেওয়া হয়। আজ শনিবার (২৬ সেপ্টেম্বর) শাহ আলী থানার ওসি জাহাঙ্গীর আলম গণমাধ্যমকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন। তবে এ ঘটনায় এখনও মামলার একমাত্র আসামি ও স্থানীয় বিএনপি নেতা হানিফ মিয়াকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। এ ছাড়া এ ঘটনায় সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ফেরদৌসী আহমেদ মিষ্টির নামও আলোচনায় এসেছে। তিনি ভাঙচুরকারী ‘সমমনা দোকানদার মালিক সমবায় সমিতি লিমিটেডে’র সদস্য।