২৬ সেপ্টেম্বর ২০২৬, ১৬:৩২

ডেঙ্গু প্রতিরোধে প্রতি শনিবার ‘ক্লিনিং ডে’ পালন করবে ডিএসসিসি

শনিবার কর্মসূচির উদ্বোধন করেন ডিএসসিসি প্রশাসক  © সংগৃহীত

ডেঙ্গু রোগের বিস্তার রোধে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) ৭৫টি ওয়ার্ডে আজ শনিবার (২৬ সেপ্টেম্বর) থেকে শুরু হয়েছে বিশেষ পরিচ্ছন্নতা ও মশক নিধন অভিযান। ‘সাপ্তাহিক ক্লিনিং ডে’ নামে এ কর্মসূচি আগামী তিন মাস প্রতি শনিবার পালন করা হবে। আজ সকালে রাজধানীর মতিঝিল এজিবি কলোনি এলাকায় ‘ক্লিনিং ডে’ কর্মসূচির উদ্বোধন করেন ডিএসসিসি প্রশাসক মো. আবদুস সালাম।

উদ্বোধনী বক্তব্যে ডিএসসিসি প্রশাসক মো. আবদুস সালাম বলেন, সিটি কর্পোরেশন সপ্তাহে ৭ দিনই পরিচ্ছন্নতা কার্যক্রম অব্যাহত রাখবে, আর নাগরিক সমাজ ও অন্যান্য সামাজিক প্রতিষ্ঠান প্রতি শনিবার ডেঙ্গু প্রতিরোধে ভূমিকা রাখবে। সমাজের সর্বস্তরের মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ নিশ্চিত করা গেলেই ডেঙ্গু সম্পূর্ণ প্রতিরোধ করা সম্ভব।

এ সময় সরকারি আবাসিক এলাকায় নিরবচ্ছিন্ন পরিচ্ছন্নতা বজায় রাখার উদ্দেশ্যে তিনি গণপূর্ত অধিদপ্তরের দৃষ্টি আকর্ষণ করেন। পাশাপাশি সামাজিক দায়বদ্ধতা থেকে ডেঙ্গু প্রতিরোধে এগিয়ে আসতে সরকারি ও বিরোধী দলসহ সকল রাজনৈতিক দলের প্রতি আহ্বান জানান।

এর আগে গতকাল শুক্রবার (২৫ সেপ্টেম্বর) ডিএসসিসির মুখপাত্র রাসেল রহমান ক্লিনিং ডে পালনের তথ্য জানিয়েছিলেন। ওই সময় তিনি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনায় দেশব্যাপী তিন মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধ কর্মসূচির অংশ হিসেবে ডিএসসিসির আঞ্চলিক নির্বাহী কর্মকর্তাদের নেতৃত্বে প্রতি শনিবার এ অভিযান পরিচালনা করা হবে।

ডিএসসিসির ‘বর্ষা পূর্ব জরিপ ২০২৬’-এর তথ্য অনুযায়ী, এডিস মশার লার্ভার ৩৫ দশমিক ২৩ শতাংশ পাওয়া গেছে বহুতল ভবনে। এ ছাড়া স্বতন্ত্র বাড়িতে ২৭ দশমিক ৭৬ শতাংশ, নির্মাণাধীন ভবনে ১৭ দশমিক ৪৪ শতাংশ এবং সেমিপাকা বাড়িতে ১৪ দশমিক ৫৯ শতাংশ লার্ভা পাওয়া গেছে।

প্রজননক্ষেত্রের ধরন বিশ্লেষণে দেখা গেছে, প্লাস্টিকের ড্রামে ৮ দশমিক ৮৯ শতাংশ, মেঝেতে জমে থাকা পানিতে ১২ দশমিক ২৬ শতাংশ এবং বালতির পানিতে ১০ দশমিক ৩৪ শতাংশ লার্ভা শনাক্ত হয়েছে।

ডিএসসিসি জানিয়েছে, কর্মসূচি পালনকালে ৭৫টি ওয়ার্ডের আবাসিক এলাকা, সড়ক, ড্রেন, ছাদ ও নির্মাণাধীন ভবনে লার্ভিসাইডিং ও অ্যাডাল্টিসাইডিং করা হবে। একই সঙ্গে জমে থাকা পানি, পরিত্যক্ত ডাবের খোসা, প্লাস্টিকের পাত্র, টায়ারসহ অন্যান্য বর্জ্য অপসারণ করা হবে।

এ ছাড়া ৭৫টি ওয়ার্ডে সচেতনতামূলক র‌্যালি এবং ঘরে ঘরে লিফলেট বিতরণ করা হবে। ডিএসসিসির প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মো. আবদুস সালাম ওয়ার্ড পর্যায়ের ‘ক্লিনিং ডে’ কার্যক্রম সরেজমিনে পরিদর্শন করবেন।

ডেঙ্গু প্রতিরোধে নিজ নিজ বাসাবাড়ি, কর্মস্থল ও আশপাশের পরিবেশ পরিষ্কার রাখা এবং কোথাও পানি জমতে না দেওয়ার জন্য নগরবাসীর প্রতি আহ্বান জানিয়েছে ডিএসসিসি। একই সঙ্গে কোথাও যেন তিন দিনের বেশি পানি জমে না থাকে, সে বিষয়ে সচেতনতা তৈরিতে গণমাধ্যমের সহযোগিতা চেয়েছে সংস্থাটি।